গত শনিবার দুপুরে জয়া আহসানের বাবা বিশিষ্ট মুক্তিযোদ্ধা আবু সাঈদ মাসউদ মারা গেছেন। কলকাতায় শুটিং অসমাপ্ত রেখেই দেশে ফিরেছেন জয়া। ‘কলকাতা থেকে কাল (রোববার) ঢাকায় এসেছি। বাবার মৃত্যুর খবর পাওয়ার পর ঢাকায় ফেরার জন্য অস্থির হয়ে গিয়েছিলাম। মা আমার সঙ্গেই ছিলেন। ছোট ভাই অদিত লন্ডনে পড়াশোনা করছে। ঢাকার বাসায় শুধু ছোট বোন কান্তা। বাবাকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি, মৃত্যুর পর সব সামলানো—কান্তা একাই করেছে।’ বললেন জয়া।এনটিভিতে আজ প্রচারিত হবে অনিমেষ আইচ পরিচালিত, জয়া আহসান অভিনীত ধারাবাহিক নাটক ‘পথ গেছে বেঁকে’।আপনি কোথায়?গোপালগঞ্জ থেকে ঢাকায় ফিরছি। আমাদের গ্রামের নাম রাতৈল। সেখানে আমার দাদার কবরের পাশে বাবাকে দাফন করা হয়েছে। বাবা অনেক দিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। আমি কলকাতায় যাওয়ার আগে বাবা হাসপাতাল থেকে বাসায় ফেরেন। তখন তাঁর সঙ্গে কথা হয়েছে। আজ বাবা নেই, তাঁকে খুব মনে পড়ছে।কলকাতায় কাজের কী খবর?ভালো। ৬ ফেব্রুয়ারি আমি কলকাতায়যাই। ওখানে আবর্ত নামে একটি ছবিতে কাজ করছি। ছবিটির পরিচালক অরিন্দম শীল। আমার বেশির ভাগ কাজই শেষ হয়েছে। যতটুকু বাকি আছে, তা আর কয়েক দিন করলেই শেষ হয়ে যাবে। বাবার মৃত্যুর খবরটা শোনার পর ওরা সব কাজ স্থগিত করে দেয়। আমাকে কীভাবে দেশে পাঠাবে, তা নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়ে। কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশন থেকেও অনেক সহযোগিতা করেছে।‘আবর্ত’ ছবিতে আপনার সঙ্গে কোন শিল্পীরা অভিনয় করছেন?অনেকে—টোটা রায় চৌধুরী, আবির চ্যাটার্জি, কৌশিক গাঙ্গুলি, লকেট চ্যাটার্জি, রেশমী ঘোষ, বিপ্লব চট্টোপাধ্যায়। শুটিং করেছি কলকাতাতেই।ভারতের বাংলা ছবিতে এবারই প্রথম অভিনয় করছেন। কেমন লাগছে?পেশাদারিটা ওদের মধ্যে অনেক বেশি। আর অরিন্দম শীল নিজেও একজন বড় মাপের অভিনেতা। তিনি পরিচালনার কাজটা এত চমৎকারভাবে পরিকল্পনা অনুযায়ী করছেন যে এতটুকু সময় নষ্ট হচ্ছে না।