বাবাকে ছাড়াতে আলীমের কাছে গেলেও তিনি কর্ণপাত করেননি
বিএনপির নেতা ও সাবেক প্রতিমন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ সোমবার সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১২তম সাক্ষী লাইলী বেগম (৬৪)। জবানবন্দিতে তিনি বলেছেন, একাত্তরে তাঁর বাবাকে ছাড়াতে তিনি, তাঁর ভাই, মামা ও জেঠা মিলে আলীমের শান্তি কমিটির কার্যালয়ে গিয়ে অনুনয়-বিনয় করলেও আলীম কর্ণপাত করেননি।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ লাইলি বেগমের সাক্ষ্য নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত। শরীরিক কারণে জামিনে থাকা আলীম এ সময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।জবানবন্দিতে লাইলী বেগম বলেন, একাত্তরের ২৩ জুলাই তাঁর বাবা তাঁকে বাড়িতে নিয়ে আসেন। পরের দিন রাতে রাজাকার, আলবদর ও পাকিস্তানি সেনারা তাঁর বাবাকে ধরে নিয়ে যায়। পরে তিনি তাঁর বড় জেঠা কাজী মফিজউদ্দিন, মামা মালেক সরদার এবং তিনি ও তাঁর ভাই শান্তি কমিটির অফিসে যান। সেখানে আলীমের কাছে অনুনয়-বিনয় করলেও তিনি তাতে কর্ণপাত করেননি।তাঁর বাবাকে ২৫ জুলাই কুটিবাড়ী ঘাটে নিয়ে যাওয়া হয়। পরদিন সন্ধ্যার দিকে তাঁরা জানতে পারেন, তাঁর বাবার সঙ্গে আরও একজন মারা গেছেন। তাঁদের কুটিবাড়ী ঘাটে একটি কবরে মাটিচাপা দেওয়া হয়।জবানবন্দির শেষপর্যায়ে সাক্ষী ট্রাইব্যুনালে থাকা আলীমকে শনাক্ত করেন এবং তাঁর বাবার হত্যার বিচার চান। জবানবন্দি শেষে লাইলী বেগমকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক। জেরা অসমাপ্ত অবস্থায় মামলার কার্যক্রম কাল মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।