বাবাকে দাফন করতে এসে নিজেই লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবার লাশ দাফন করতে সুদূর আবুধাবি থেকে বাংলাদেশে ছুটে এসেছেন মোহাম্মদ আলী (২২)। কিন্তু বাড়িতে আর পৌঁছাতে পারলেন না তিনি। সড়ক দুর্ঘটনায় নিহত হয়ে বাবার সহযাত্রী হতে হয়েছে তাঁকে। গতকাল রোববার বিকেলে নোয়াখালী-কুমিল্লা সড়কের সোনাইমুড়ী উপজেলার নাওতলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন মোহাম্মদ আলী ও চাচাতো বোনের মেয়ে ফায়েজা আক্তার (৪)। আহত হন তাঁদের পরিবারের আরও চারজন।দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। এঁরা হলেন মোহাম্মদ আলীর বড় ভাই সাহাব উদ্দিন (২৫), চাচাতো বোন ঝর্ণা বেগম (২৫), ঝর্ণার মেয়ে সালিয়া আক্তার (৩)। তাঁদের সবার বাড়ি সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের দেবীসিংপুর গ্রামে। এঁরা সবাই মোহাম্মদ আলীর বাবা নুরুন্নবীর লাশ দাফনের জন্য ঢাকা থেকে গ্রামের বাড়ি ফিরছিলেন।পুলিশ জানায়, বিকেল সোয়া পাঁচটার দিকে সোনাইমুড়ীর নাওতলা এলাকায় ঢাকা থেকে নোয়াখালী অভিমুখী একটি প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আল বারাকা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাইভেটকারের যাত্রী আবুধাবি প্রবাসী মোহাম্মদ আলী নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে মারা যায় শিশু ফায়েজা।জানা গেছে, মোহাম্মদ আলীর বাবা নুরুন্নবী গত শনিবার সন্ধ্যা সাতটার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। বাবার মৃত্যুর খবর পেয়ে তিনি গতকাল সকালে আবুধাবি থেকে ঢাকায় আসেন। পরে ঢাকায় বসবাসরত চাচাতো বোন, ভাগ্নি ও বড় ভাইকে নিয়ে গ্রামের বাড়িতে আসার পথে ওই দুর্ঘটনার কবলে পড়েন।সোনাইমুড়ী থানার উপপরিদর্শক (এসআই) আমজাদ হোসেন প্রথম আলোকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি।