বাবাকে নির্যাতন করা হয় শিশুপুত্রের সামনে
বাবার সঙ্গে ফুটবল কিনতে বেরিয়েছিল সাত বছরের ইকবাল। ফুটবল কেনা হয়নি। দেখতে হয়েছে বাবার ওপর ভয়ংকর নির্যাতন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ইকবালের সামনে থেকেই ধরে নিয়ে যাওয়া হয় মজিবর রহমানকে। গতকাল শুক্রবার সকালে লাশ পাওয়া যায় তুরাগ নদে।নিহত মজিবরের মা আনোয়ারা বেগম জানান, গত বৃহস্পতিবার সকালে মজিবর স্ত্রী শামসুন্নাহার ও ছোট ছেলে ইকবালকে নিয়ে তুরাগের ওপারে মেলারটেকে শ্বশুরবাড়ি গিয়েছিলেন। সন্ধ্যায় ইকবালকে সঙ্গে নিয়ে মজিবর আসছিলেন নদীর এপারে, ছেলের ফুটবল কেনার বায়না মেটাতে। মেলারটেক ঘাটে এলেই তাঁকে ধরে নিয়ে যান পুলিশের লোকেরা।ইকবাল গতকাল পরিবারের সদস্যসহ এলাকাবাসীর সামনে সেদিনের ঘটনার বর্ণনা দেয়। আতঙ্কিত ইকবাল বলে, ‘ফুটবল কিনতে বাইরাইছি। ঘাটে আব্বুরে আইসা ধরছে ওরা। ছয়জন ছিল। আব্বুরে হ্যান্ডকাপ পরাইছে। এরপর আব্বুরে ঘুষাইছে, লাত্থাইছে, বুকের ওপর খ্যাচছে, পানিতে চুবাইছে। গলায় রশি বাইন্দা টানছে। বন্দুক দিয়াও মারছে। কইতাছিল ট্যাকা দে। আব্বু কয় ট্যাকা নাই। তারপর আব্বুরে নৌকায় উডাইছে। আব্বু পানিতে পইড়া গেছিল। আমি ভয়ে দৌড় দিয়া নানার বাড়ি গেছি। নানারে নিয়া আবার আইছি। নানায় কইল আব্বুরে পুলিশে ধরছে।’এরপর আর বাবার দেখা পায়নি ইকবাল। পরদিন বাবার লাশ পাওয়া গেছে সেই তুরাগে ভাসমান অবস্থায়। ইকবাল স্থানীয় বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। তিন ভাইয়ের মধ্যে সে সবার ছোট।ইকবালের এই বক্তব্য প্রসঙ্গে পুলিশের মিরপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপকমিশনার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, ‘সাত বছর হোক আর পাঁচ বছরই হোক, তার কথা বিশ্বাস করার কোনো কারণ নেই। তারা ছোট থেকেই ক্রাইমের সঙ্গে থাকতে থাকতে সেরকম হয়ে যায়। প্রাথমিকভাবে আমার বিষয়টিকে সত্য বলে মনে হয় না।’