বাবার কথা ও সুরে গাইলেন সেরাকণ্ঠের ঝিলিক
২০০৮ সালের ‘চ্যানেল আই-সেরাকণ্ঠ’ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ঝিলিকের বাবা এম এ জলিল নিজেও একজন কণ্ঠশিল্পী। গান গাওয়ার পাশাপাশি মাঝেমধ্যে কথা-সুরও করেন তিনি। এবার প্রথমবারের মতো তাঁর কথা-সুর ও সংগীতে একটি গানে কণ্ঠ দিলেন মেয়ে ঝিলিক। আলমগীর রতন পরিচালিত এক ঘণ্টার নাটক ‘অতঃপর ভালোবাসা’র শিরোনাম সংগীত হিসেবে থাকবে গানটি। এটাই নাটকে ঝিলিকের গাওয়া প্রথম শিরোনাম সংগীত। এম এ জলিল বলেন, ‘আমার মেয়ে আমার কথা-সুর ও সংগীতে গেয়েছে! বাবা হিসেবে এটা আমার জন্য অনেক ভালো লাগার একটা বিষয়।’ ঝিলিক বলেন, ‘জ্ঞান হওয়ার পর থেকেই বাবার কণ্ঠে গান শুনে আসছি। আমার গানের প্রধান শিক্ষকও তিনি। তাঁর তৈরি করা গানে কণ্ঠ দেওয়ার ইচ্ছাটাও অনেক দিনের। এটা আমার সংগীত জীবনের স্মরণীয় ঘটনাগুলোর একটি।’ জানা গেছে, কিছুদিনের মধ্যে এটিএন বাংলায় নাটকটি প্রচার হবে। এতে অভিনয় করেছেন মীম, জয়, হাসান ইমাম, লায়লা হাসান ও প্রবীর মিত্র প্রমুখ।ঝিলিকের প্রথম একক অ্যালবামের নাম ‘আমার কি দোষ’। প্রকাশিত হয়েছিল ২০০৯ সালে। বর্তমানে ঝিলিক দ্বিতীয় এককের কাজ শুরু করেছেন। এরই মধ্যে পাঁচটি গানের রেকডিং শেষ হয়েছে বলে জানান তিনি।