বাবার কবরে শায়িত জহির, কাল কুলখানি
বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের গভীর শ্রদ্ধা নিয়ে বনানীতে বাবা এম আসিরের কবরে চিরনিদ্রায় শায়িত হলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এম জহির। এর আগে আজ শুক্রবার দুপুর ১২টার দিকে থাই এয়ারওয়েজের একটি বিমানে ড. জহিরের মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। আজ বেলা একটার দিকে এম জহিরের কফিন নেওয়া হয় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। সেখানেই তিনি কাটিয়েছেন প্রায় ৫১ বছর। বাদ জুমা কফিন সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের ভেতরে নেওয়া হয়। এ সময় রাজনীতিবিদ, বিচারপতি, আইনজীবী ও সর্বস্তরের নাগরিক তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানান।মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, বাংলাদেশ বার কাউন্সিল, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বেলা তিনটার দিকে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে এম জহিরের একমাত্র সন্তান শামস মুনীর পবিত্র রমজান মাসে কষ্ট করে জানাজায় শরিক হওয়ার জন্য উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানান। বাবা কোনো ভুল করে থাকলে ক্ষমা চান তিনি। জানাজায় সাবেক প্রধান বিচারপতি কে এম হাসান, তাফাজ্জাল ইসলাম, মোহাম্মদ ফজলুল করিম ও এ বি এম খায়রুল হক, আপিল বিভাগের সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান, বিচারপতি এম এ মতিন অংশ নেন। বিচারপতিদের মধ্যে আরও ছিলেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, মো. আবদুল ওয়াহহাব মিঞা, সৈয়দ মাহমুদ হোসেন, হাসান ফয়েজ সিদ্দিকী, এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী প্রমুখ। এতে হাইকোর্ট বিভাগের বিচারপতিরাও অংশ নেন। রাজনীতিবিদদের মধ্যে তোফায়েল আহমেদ, মওদুদ আহমদ, আবদুল মতিন খসরু, মাহবুব উল আলম হানিফ, পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ প্রমুখ জানাজায় অংশ নেন। আইনজীবীদের মধ্যে ছিলেন ড. কামাল হোসেন, এম আমীর-উল ইসলাম, মাহমুদুল ইসলাম, রোকনউদ্দিন মাহমুদ, খন্দকার মাহবুব হোসেন, এ এফ হাসান আরিফ, ফিদা এম কামাল, রফিকুল ইসলাম মিয়া, এ জে মোহাম্মদ আলী প্রমুখ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকও জানাজায় অংশ নেন। সোয়া তিনটার দিকে সুপ্রিম কোর্ট থেকে এম জহিরের মরদেহ ধানমন্ডির বাসভবনে নেওয়া হয়। বাদ আসর ধানমন্ডির সাত নম্বরে বায়তুল আমান জামে মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সেখান থেকে মরদেহ বনানী কবরস্থানে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যা সাড়ে ছয়টায় তাঁকে সমাহিত করা হয় বাবা এম আসিরের কবরে (৬৬৭ নম্বর)।ড. জহিরের ভাই মোহাম্মদ জমির প্রথম আলো ডটকমকে বলেন, কাল শনিবার বাদ আসর মরহুমের ধানমন্ডির বাসভবনে (বাড়ি ৫০, সড়ক ১১/এ) কুলখানি অনুষ্ঠিত হবে। থাইল্যান্ডের ব্যাংকক জেনারেল হাসপাতালে গতকাল বৃহস্পতিবার চিকিত্সাধীন অবস্থায় মারা যান কোম্পানি আইন বিশেষজ্ঞ এম জহির (৭৪)।কারও মুখ চেয়ে কথা বলতেন না ড. জহিরসুপ্রিম কোর্ট চত্বরে ড. কামাল হোসেন সাংবাদিকদের বলেন, ‘ড. জহির খুব নীতিমান মানুষ ছিলেন। আমাদের পেশাজীবীদের মর্যাদা রক্ষা করে গেছেন আজীবন। তিনি আমাদের মাঝে একটা আদর্শ হিসেবে ছিলেন। তাঁর অভাব সবাই অনুভব করব, বিশেষ করে যখন চেষ্টা করছি, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করার, আইনের শাসনকে দেশে বজায় রাখার—এসব বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন।’ সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক বলেন, ‘১৯৬৬ সালে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখন ড. জহির আমাদের ইসলামিক জুরিসপ্রুডেন্স পড়াতেন। তিনি ছিলেন এভারগ্রিন।’ স্মৃতিচারণা করে বিচারপতি খায়রুল হক বলেন, ‘মাস খানেক আগে তাঁর সঙ্গে আমার কথা হয়। অসুস্থতার খবরে আমি তাঁকে ফোন দিয়েছিলাম। ফোন পেয়ে তিনি আমাকে বললেন, “আমি অসুস্থ হয়ে পড়েছি, প্রতিমাসে একবার করে ব্যাংককে যেতে হয়। আমার জন্য দোয়া করো, আর তুমি এসো।” কিন্তু সেই যাওয়া আর হয়ে ওঠেনি। আমি খুবই দুঃখিত ও মর্মাহত। কোম্পানি আইনে ড. জহির ছিলেন অভিজ্ঞ। সাংবিধানিক বিষয়ে অত্যন্ত সত্ভাবে ও সোজাসাপটা কথা বলতেন। কারও মুখ চেয়ে কথা বলতেন না। এটা ছিল আইনজীবী হিসেবে তাঁর বড় ক্রেডিট।’ আওয়ামী লীগের নেতা তোফায়েল আহমেদ বলেন, ‘সততা ও নিষ্ঠা নিয়ে তিনি সব সময় কাজ করতেন। এ কারণে দলমত-নির্বিশেষ সবার কাছে তিনি গ্রহণযোগ্যতা পেয়েছিলেন। বিভিন্ন সময় বিপদে-আপদে আমরা যখন তার সঙ্গে পরামর্শ করেছি, সব সময়ই তাঁর মধ্যে আন্তরিকতা দেখেছি। যেকোনো ক্ষেত্রে তিনি দ্বিধাহীন চিত্তে মতামত দিতেন।’