বাবার পাশে মালিয়া-সাশা
দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর বিজয়মঞ্চে বারাক ওবামার পাশে দুই মেয়ে মালিয়া ও সাশার উপস্থিতি এবার সবার নজর কেড়েছে। বাবার পাশে তারা যেন ছিল অফুরান প্রাণের উচ্ছ্বাস।প্রথম দফা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণার সময় বারাক ওবামার দুই মেয়ে মালিয়া ও সাশাকে বাবার পাশে খুব একটা দেখা যায়নি। এবারও তাদের তেমন একটা দেখা যায়নি। তবে গতকাল ওবামার বিজয় ভাষণের মঞ্চে হাজির হয়ে আলোচনার কেন্দ্রে এসেছে তারা। আজ বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে বলা হয়, নির্বাচনের দিন অনেক শিশুর স্কুল বন্ধ ছিল। তবে মালিয়া ও সাশাকে ওই দিন স্কুলে যেতে হয়েছে। ক্লাস শেষে নানির সঙ্গে ওয়াশিংটন থেকে তারা উড়ে গেছে শিকাগোতে। এরপর শিকাগোর বাড়িতে পরিবারের সবাই রাতের খাবার খেয়েছে। ওবামার বিজয় নিশ্চিত হওয়ার পর বিজয়মঞ্চে বাবার সঙ্গে যোগ দেয় তারা। এ সময় মা মিশেল ওবামাও ছিলেন মঞ্চে। দায়িত্বশীল বাবা ওবামা দুই মেয়ের সঙ্গে উষ্ণ আলিঙ্গন করেন। সবার সামনে ওবামা ঘোষণা করেন, তাঁর দুই বুদ্ধিমতী মেয়ে একেবারে মায়ের মতো হয়েছে। পরক্ষণে মজা করতেও ছাড়েননি ওবামা। দুই মেয়ের উদ্দেশে তিনি বললেন, ‘হোয়াইট হাউসে একটি কুকুরই যথেষ্ট।’সঙ্গে সঙ্গে উপস্থিত জনতার তুমুল হর্ষধ্বনি। মালিয়া ও সাশার গর্ব তখন কে দেখে! দ্বিতীয় দফায় তাদের বাবা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এ উপলক্ষ উদযাপনের মঞ্চে বাবার সাফল্যে তারাও রোমাঞ্চিত। তা ছাড়া, এটা তাদের জন্য একটা অভিজ্ঞতাও বটে। কারণ, রাজনীতির মঞ্চে মালিয়া ও সাশার উপস্থিতি নেই বললেই চলে। এর আগে গত ২৮ অক্টোবর মালিয়া ও সাশাকে প্রকাশ্যে দেখা গিয়েছিল। বাবার সঙ্গে ওয়াশিংটন ডিসির একটি গির্জায় গিয়েছিল তারা।বেশ কিছুদিন আগে ওবামা এক সাক্ষাত্কারে তাঁর দুই মেয়ে সম্পর্কে জানিয়েছিলেন, ১১ বছর বয়সী সাশা ডেটিংয়ে মোটেও আগ্রহী নয়। আর ১৪ বছর বয়সী মালিয়ার এখনো কোনো ছেলেবন্ধু নেই। এতে ওবামা রীতিমতো বিস্মিত।