বাবার পাশেই সমাহিত হচ্ছেন হুইটনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্যপ্রয়াত মার্কিন পপতারকা হুইটনি হিউস্টনের শেষ ইচ্ছা অনুযায়ী বাবা জন হিউস্টনের পাশে সমাধিস্থ করা হচ্ছে তাঁকে। নিউ জার্সির ওয়েস্টফিল্ডের ফেয়ারভিউ কবরস্থানে ১৯ ফেব্রুয়ারি রোববার তাঁর মরদেহ সমাহিত করা হচ্ছে। বেভারলি হিলসের একটি হোটেলের স্নানঘর থেকে ১১ ফেব্রুয়ারি শনিবার হুইটনির মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। গত সোমবার বিমানে করে তাঁর মৃতদেহ নিউ জার্সিতে আনা হয়। পরে একটি সোনালি রঙের যানে করে মৃতদেহ শেষকৃত্যের জন্য নেওয়া হয়। ১৮ ফেব্রুয়ারি শনিবার হুইটনির পরিবারের সদস্য, বন্ধুবান্ধবসহ অন্তত দেড় হাজার লোকের উপস্থিতিতে শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়েছে। স্টিভ ওয়ান্ডার, কেভিন কসনার, ডিওন ওয়ারউইকসহ আরও অনেক তারকাই উপস্থিত হয়েছিলেন সেখানে। হুইটনি সব সময় চাইতেন বাবা জন হিউস্টনের পাশেই যেন তাঁকে সমাহিত করা হয়। তাঁর শেষ ইচ্ছার প্রতি সম্মান দেখিয়ে বাবার সমাধির পাশেই তাঁকে সমাহিত করা হবে বলে এক খবরে জানিয়েছে কন্ট্যাক্টমিউজিক। হুইটনি হিউস্টনের বাবা জন হিউস্টন ২০০৩ সালে হার্টের সমস্যায় মারা যান। শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হলেও এখন পর্যন্ত হুইটনির মৃত্যুর কারণ রহস্যাবৃতই রয়ে গেছে। ময়নাতদন্তের ফলাফলে অবশ্য তাঁর মৃত্যুর কারণ হিসেবে বলা হয়েছে, ফুসফুসে পানি জমে গিয়েছিল। তাঁর মৃত্যুরহস্য উদ্ধারে টক্সিকোলোজি পরীক্ষার ফলের জন্য অপেক্ষা করছেন বিশেষজ্ঞরা।