বাবার মতো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাপ কা বেটা—কাজে বাবার সঙ্গে ছেলের মিল খুঁজে এই শব্দযুগল মানুষকে প্রায়ই বলতে শোনা যায়। ছেলে পরিবারের আর কার মতো হলো, সেটা খুঁজে মানুষ প্রায়ই বলে—অনেকটা মায়ের মতো, আসলে এটা রক্তের ধারা। চেহারা প্রসঙ্গে সেই একই রকম উদাহরণ। কখনো কাউকে শুনতে হয়—ছেলেটা মায়ের সোনালি চুল যেমন পেয়েছে, তেমনই পেয়েছে বাবার কাজল চোখ! শুধু ছেলেরাই নয়, বাবার ঝান্ডা উঁচিয়ে ধরতে পারে মেয়েরাও। মেয়ে বাবার পতাকা বয়ে নিয়ে যাচ্ছে—এমন উদাহরণ বিশ্বে অনেক আছে। এই যেমন অ্যাঞ্জেলিনা জোলির কথাই ধরুন না। বাবা জন ভয়টের অভিনয়শিল্পের পুরোটাই যেন নিজের মধ্যে সঞ্চারিত করতে পেরেছেন এই আমেরিকান অভিনেত্রী। পালোমা পিকাসোর হিসাবটা অবশ্য ভিন্ন। বাবা পাবলো পিকাসোর মতো তুলি হাতে তুলে নেননি, তবে বাবার প্রতিভার পুরোটাই পেয়েছেন। নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন বিশ্বের অন্যতম সেরা ফ্যাশন ডিজাইনার হিসেবে। বাবার মতো মেয়ে—ফুটবলেও এমন উদাহরণ আছে অনেক। ইসাবেল লেন হার্লোভসেনধমনিতে খেলোয়াড়ের রক্ত নিয়ে জন্ম নরওয়ের মহিলা ফুটবল তারকা ইসাবেল লেন হার্লোভসেনের। ইসাবেলের বাবা কাই এরিক হার্লোভসেন ছিলেন বরুসিয়া মনচেনগ্লাডবাখের তারকা খেলোয়াড়। ১৯৮২ থেকে ১৯৯০ পর্যন্ত খেলেছেন এই ক্লাবে। নরওয়ের হয়ে খেলেছেন ৩৪ ম্যাচ। হার্লোভসেনের ক্লাব ক্যারিয়ারে মনে রাখার মতো ব্যাপার ছিল ১৯৮৪ সালের জার্মান কাপের ফাইনাল খেলা। বায়ার্ন মিউনিখের বিপক্ষে সেই ম্যাচটি গড়িয়েছিল টাইব্রেকারে। পরে অবশ্য হেরে গিয়েছিল হার্লোভসেনের দল। এই কাই হার্লোভসেনের যোগ্য মেয়েই ইসাবেল হার্লোভসেন। রক্তে যে তাঁর ফুটবল, সেটা বুঝিয়ে দিচ্ছিলেন ছোটবেলা থেকেই। পড়াশোনা বা অন্য যেকোনো কিছুর চেয়ে ফুটবলেই বেশি আগ্রহ ছিল ছোট্ট ইসাবেলের। বাবাও বুঝে গিয়েছিলেন মেয়ের ভবিষ্যৎ। ইসাবেলের ফুটবলের বাধা হয়ে দাঁড়াননি কখনো। মেয়েও বাবার নাম রেখে এগিয়ে যাচ্ছেন। আসলে ছাড়িয়ে যাচ্ছেন বাবাকেও। ১৬ বছর বয়সেই ডাক পেয়েছেন জাতীয় দলে। ২০০৫ সালে খেলেছেন মহিলা ইউরো চ্যাম্পিয়নশিপে। সেমিফাইনালে সুইডেনের বিপক্ষে জোড়া গোল করে বলতে গেলে একাই দলকে নিয়ে গিয়েছিলেন ফাইনালে। জেনিফার মারোজানবাবার মেয়ে, কথাটা খুব ভালো যায় জার্মানির স্ট্রাইকার জেনিফার মারোজানের সঙ্গে। তাঁর বাবা জানোস মারোজান জার্মানি পাড়ি জমিয়েছিলেন ভাগ্যান্বেষণে। বুদাপেস্টে জন্ম নেওয়া জেনিফারও পরিবারের সঙ্গে হাঙ্গেরি থেকে জার্মানিতে পাড়ি জমিয়েছেন ১৯৯৬ সালে। বাবা মারোজান নাম লিখিয়েছেন জার্মানির সারব্রুকেন দলে। হাঙ্গেরির জার্সি গায়ে ৪ ম্যাচ খেলা মারোজানের মেয়েও বড় হয়ে ওই একই ক্লাবে নাম লেখান। বাবার মেয়ে না মারোজান!এখন অবশ্য বাবাকেই ছাড়িয়ে যাচ্ছেন হাঙ্গেরি বংশোদ্ভূত এই জার্মান মহিলা ফুটবলার। নিউজিল্যান্ডে হয়ে যাওয়া ২০০৮-এর অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দারুণ ফুটবল খেলে মুগ্ধ করেছেন বিশ্বকে। ২০১০ সালে তো জার্মানির হয়ে জিতেছেন অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ। জার্মানির মূল মহিলা দলের হয়ে অবশ্য এখন পর্যন্ত দুটি ম্যাচই খেলেছেন। তবে ২৬ জুন থেকে ১৭ জুলাই অনুষ্ঠেয় মহিলা বিশ্বকাপে তিনি কী করেন, এটা দেখতেই তাকিয়ে আছে সবাই। ব্রিজেত্তে আর্মস্ট্রংশুধু বাবাই নয়, ব্রিজেত্তে আর্মস্ট্রংয়ের পুরো পরিবারটাই ফুটবল পরিবার। দাদা কেন আর্মস্ট্রং ইংল্যান্ড ও নিউজিল্যান্ড—দুই দলেই খেলেছেন। তাঁর বাবা রন আর্মস্ট্রং ও চাচা ব্রায়ান আর্মস্ট্রং খেলেছেন নিউজিল্যান্ড দলে। শরীরের প্রতিটি শিরায় যাঁর ফুটবল, তাঁর ভবিষ্যৎ অন্য কিছু হয় কী করে! তাই তো দাদা ও বাবা-চাচাদের পথ ধরে ফুটবলে পা রেখেছেন ব্রিজেত্তেও। মহিলা ফুটবলে নাম উচ্চারণ করা যায়, এমন একজন ডিফেন্ডার ব্রিজেত্তে। এখন দেখা যাক, নাম আর ফুটবল-রক্ত নিয়ে কতদূর যেতে পারেন ব্রিজেত্তে আর্মস্ট্রং।