বাবার লাশ আর দাফন করা হলো না মোহাম্মদ আলীর
বাবার লাশ দাফন করতে আবুধাবী থেকে ফেরা নোয়াখালীর সেনবাগের মোহাম্মদ আলী ওরফে চৌধুরী মিয়া (২২) নিজেই লাশ হলেন। তাঁর সঙ্গে নিহত হলেন চাচাতো বোনের মেয়ে ফায়েজা আক্তার (৪)।আজ রোববার বিকেলে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নোয়াখালী-কুমিল্লা সড়কের নাওতালায় বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ওই দুজনের মৃত্যু ঘটে। এ ঘটনায় একই পরিবারের চারজন আহত হয়েছে বলে জানা গেছে।পুলিশ সূত্রে জানা গেছে, বাবার মৃত্যু সংবাদ শুনে মোহাম্মদ আলী আজ সকালেই আবুধাবী থেকে ঢাকায় আসেন। পরে বাবার লাশ দাফন করতে পরিবারের সবাইকে নিয়ে একটি প্রাইভেট কারে করে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন। বিকেল সোয়া পাঁচটার দিকে প্রাইভেট কারটি সোনাইমুড়ী উপজেলার নাওতালায় পৌঁছলে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেট কারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোহাম্মদ আলী নিহত ও পাঁচজন গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথেই শিশু ফায়েজা আক্তার মারা যায়।সোনাইমুড়ী থানার উপপরিদর্শক (এসআই) আমজাদ হোসেন প্রথম আলোকে জানান, দুর্ঘটনা-কবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে এখনো এ ব্যাপারে কোনো মামলা হয়নি।