বাবুনগরী অসুস্থ, জামিনে মুক্ত
রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন হেফাজতে ইসলামের মহাসচিব মোহাম্মদ জুনায়েদ বাবুনগরীকে তিনটি মামলায় গতকাল বুধবার জামিন দিয়েছেন আদালত। এর কিছুক্ষণ পরই তাঁকে মুক্তি দেওয়া হয়।তবে উচ্চমাত্রায় ডায়াবেটিস, কিডনি ও পায়ের সমস্যার কারণে তিনি হাসপাতালেই আছেন। এখানে চার দিন ধরে তাঁর চিকিৎসা চলছে। গতকাল জামিন চেয়ে তাঁর আইনজীবী আবেদন করলে ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান জামিনে মুক্তির আদেশ দেন।এদিকে হেফাজতে ইসলাম ও ইসলামী ঐক্যজোট গতকাল পৃথক বিবৃতিতে অভিযোগ করেছে, গুরুতর অসুস্থ অবস্থায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এনে সরকার অপকর্মের দায় এড়াতে তড়িঘড়ি করে জুনায়েদ বাবুনগরীর জামিন নিতে বাধ্য করেছে।বাবুনগরীর আইনজীবী সানাউল্লাহ মিয়া গতকাল জামিন আবেদনের শুনানিতে আদালতকে বলেন, ইসলাম ও মহানবী (সা.)কে ‘কটূক্তি’ করার প্রতিবাদে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের সময় পুলিশ বিনা উসকানিতে পাখির মতো গুলি করে মানুষ খুন করে। এ ঘটনায় শত শত মানুষ আহত হয়। বাবুনগরীকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়। বর্তমানে তিনি বারডেম হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। এ অবস্থায় চিকিৎসার সুবিধার জন্য তাঁর জামিন হওয়া প্রয়োজন। শুনানি শেষে তিনটি মামলায় বাবুনগরীর জামিন মঞ্জুর করেন আদালত।৫ মে হেফাজতে ইসলামের অবরোধ কর্মসূচির দিন রাজধানীর মতিঝিল ও পল্টন এলাকায় সহিংসতার ঘটনায় ১৬টি মামলা করা হয়। এর মধ্যে তিনটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।পুলিশ সূত্র জানায়, গত মঙ্গলবার রাত থেকে শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল অতিদ্রুততার সঙ্গে বাবুনগরীকে জামিনে মুক্তির দেওয়ার ব্যবস্থা নেয় সরকার।বারডেম হাসপাতাল কর্তৃপক্ষ প্রথম আলোকে জানায়, জুনায়েদ বাবুনগরী উচ্চমাত্রায় ডায়াবেটিসে ভুগছেন। এ জন্য তাঁকে ডায়ালাইসিস করতে হয়েছে। এ ছাড়া তাঁর পায়ের পেছনের দিকে ফোঁড়ায় পুঁজ জমেছিল। গত মঙ্গলবার তা পরিষ্কার করে দেওয়া হয়েছে।হাসপাতালের চিকিৎসকেরা জানান, বাবুনগরীকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা বা নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখার খবর সঠিক নয়। বাড়তি সতর্কতা হিসেবে তাঁকে পোস্ট-অপারেটিভ রুমে (অস্ত্রোপচার-পরবর্তী যত্নের জন্য নির্ধারিত কক্ষ) রাখা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা নিয়ে চিন্তার কিছু নেই।৬ মে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির এলাকা থেকে বাবুনগরীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মতিঝিল থানার তিন মামলায় ২২ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত। একটি রিমান্ড শেষে ২১ মে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।বিবৃতি: হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী বলেন, জুনায়েদ বাবুনগরী কখনো প্রচলিত রাজনীতি ও সহিংসতার সঙ্গে জড়িত ছিলেন না। কারও অন্যায় আক্রোশ ও খামখেয়ালির কারণে তাঁর খারাপ কিছু ঘটলে, এর দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তিরা কোনোভাবেই এড়াতে পারবেন না। তিনি সরকারকে উদ্দেশ করে বলেন, ‘বাবুনগরীকে সুস্থভাবে আপনারা গ্রেপ্তার করেছেন, আজ তিনি মুমূর্ষু। বিদেশে নিয়ে তাঁর উন্নত চিকিৎসার ব্যবস্থা করা আপনাদেরই দায়িত্বে পড়ে।’গতকাল বিকেলে ঢাকায় জুনায়েদ বাবুনগরীর রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে সংগঠনের ঢাকা মহানগর কমিটির নেতারা অভিযোগ করেন, বাবুনগরীর জীবন নিয়ে সংশয় দেখা দেওয়ায় আইনজীবীদের ওপর চাপ প্রয়োগ করে তড়িঘড়ি জামিন নিতে বাধ্য করা হয়েছে।পৃথক বিবৃতিতে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী ও ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মো. রেজাউল করিম আশঙ্কাজনক অবস্থায় জুনায়েদ বাবুনগরীর হাসপাতালে চিকিৎসাধীন থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা বাবুনগরীকে সব মামলা থেকে নিঃশর্ত অব্যাহতি ও সরকারি খরচে তাঁর চিকিৎসার দাবি জানান।