বাবুনগরীর জবানবন্দি জনগণকে বিশ্বাস করানো কঠিন: হেফাজত
সরকারের মন্ত্রী-সাংসদ এবং দায়িত্বশীল নেতারা হেফাজতের আন্দোলন সম্পর্কে এত দিন যেসব কথা বলেছেন এবং সরকারি প্রেসনোটে যে বক্তব্য ও ভাষা ব্যবহার করা হয়েছে, জুনায়েদ বাবুনগরীর জবানবন্দি তারই প্রতিচ্ছবি। জনগণকে এটা বিশ্বাস করানো কঠিন।আজ বুধবার এক যৌথ বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর কমিটির নেতারা এ কথা বলেন।ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হেফাজতের মহাসচিব জুনায়েদ বাবুনগরীর ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির বরাত দিয়ে আজ বিভিন্ন গণমাধ্যমের খবর প্রকাশ হয়। এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে কথাগুলো বলা হয়েছে।বিবৃতিতে দাবি করা হয়, হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী, মহাসচিব জুনায়েদ বাবুনগরীসহ শীর্ষ পর্যায়ের নেতারা শুরু থেকেই বলেছেন, ১৩ দফার বাইরে হেফাজতের কোনো রাজনৈতিক অভিলাষ নেই। বিএনপি, জামায়াতে ইসলামী বা ১৮-দলীয় জোটের কারও সঙ্গে এর কোনো সম্পৃক্ততা নেই। তাই, এ আন্দোলনে কোনো গোষ্ঠীর অর্থের জোগান বা লেনদেনের প্রশ্নই ওঠে না। নেতারা বলেন, ‘তদুপরি জুনায়েদ বাবুনগরীর মুখ দিয়ে যদি এ ধরনের কোনো তথ্য বের হয়েও থাকে, তাহলে তা সম্পূর্ণই জবরদস্তিমূলক জবানবন্দি বলেই আমরা মনে করি।’ বিবৃতিতে বলা হয়, জুনায়েদ বাবুনগরীকে রিমান্ডে নিয়ে নির্যাতন চালানোয় মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। এখন তাঁর চিকিত্সা প্রয়োজন। কিন্তু সরকারের শেখানো ও সাজানো স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায়ের জন্য তাঁর ওপর মারাত্মক চাপ প্রয়োগ করা হচ্ছে। এ অকল্পনীয় মানসিক যাতনা সহ্য করা তাঁর পক্ষে অসম্ভব হয়ে পড়ছে। বিবৃতিতে আরও বলা হয়, কোনো ধরনের জ্বালাও, পোড়াও, ভাঙচুর, অগ্নিসংযোগ, হত্যা ও সহিংসতার সঙ্গে হেফাজতের ন্যূনতম সম্পর্কও নেই। যাঁরা কোরআনের বাণী মানুষকে শোনায়, কোরআনের সম্মান রক্ষায় জীবন উত্সর্গ করে, তাদের বিরুদ্ধে কোরআন পোড়ানোর অভিযোগ নিষ্ঠুর পরিহাস। ক্ষমতার দাপটে নির্যাতন চালিয়ে কোনো সত্যকে চেপে রাখা যায় না। ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে কী ঘটেছিল, কত প্রাণহানি হয়েছিল, কার ভূমিকা কত পৈশাচিক ছিল, তা অচিরেই জনসম্মুখে উন্মোচিত হবে।