পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে গতকাল রোববার বামপন্থীদের জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পণ্ড করে দিয়েছে। এতে গণতান্ত্রিক বাম মোর্চা এবং সিপিবি ও বাসদের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন। এ সময় আন্দোলনকারীরাও পুলিশকে লক্ষ করে ইটপাটকেল ছোড়ে। দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির তৎপরতার প্রতিবাদে বামপন্থীদের দুটি জোট গণতান্ত্রিক বাম মোর্চা এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) পৃথকভাবে এ ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে গণতান্ত্রিক বাম মোর্চার কর্মীরা জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মিছিল বের করেন। মিছিল নিয়ে জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও করতে গেলে প্রেসক্লাবের পূর্ব পাশে পুলিশ কাঁটাতারের ব্যারিকেড দিয়ে তাঁদের বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে কর্মীরা ব্যারিকেড ভেঙে সামনের দিকে এগোলে পুলিশ বেধড়ক লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। বাম মোর্চার কর্মীরাও পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক সাধারণ যাত্রী বাস থেকে নেমে দৌড়াদৌড়ি করতে থাকেন। পথচারীরাও কাঁদানে গ্যাসের ঝাঁজে আক্রান্ত হন। প্রায় এক ঘণ্টা তোপখানা রোডে যান চলাচল বন্ধ ছিল।বাম মোর্চার সমন্বয়ক জোনায়েদ সাকি সাংবাদিকদের বলেন, পুলিশের লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের শেলের আঘাতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, একই দলের বহ্নিশিখা জামালি, ছাত্র ফেডারেশন নেতা প্রবীর সাহা, সৈকত মল্লিকসহ মোর্চার ২০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। একই সময়ে প্রেসক্লাবের সামনে সিপিবি ও বাসদের সমাবেশ চলছিল। কিন্তু পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের কারণে সিপিবি-বাসদের সমাবেশও ছত্রভঙ্গ হয়ে যায়। পরে তারা আবার সংগঠিত হয়ে মিছিল নিয়ে পুরানা পল্টনে গিয়ে আবার সমাবেশ করে। সিপিবি ও বাসদের নেতারা জানিয়েছেন, পুলিশের লাঠিপেটায় তাঁদেরও বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন। দল দুটি পুলিশের হামলার প্রতিবাদে আজ সোমবার বিকেল চারটায় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে। সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম সাংবাদিকদের বলেন, দাবি পূরণ না হলে হরতালসহ অবরোধ কর্মসূচি দেবেন তাঁরা। তিনি বলেন, ১৮ ডিসেম্বর ‘ড্রেস রিহার্সাল’ করা হয়েছে।পরে সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স প্রথম আলোকে বলেন, বিদ্যুতের দাম বাড়ানোর জন্য আজ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে গণশুনানিতে অংশ নিয়ে প্রতিবাদ জানাবে সিপিবি-বাসদ। অপরদিকে বাম মোর্চার সমন্বয়ক জোনায়েদ সাকী বলেন, গতকালের প্রতিবাদে এবং বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পাঁয়তারা বন্ধের দাবিতে তাঁদের জোট আগামী ১ জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করবে। এর আগে মূল্যবৃদ্ধির পাঁয়তারা বন্ধ না হলে হরতালসহ বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।বামপন্থীদের কর্মসূচিতে লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপের বিষয়ে জানতে চাইলে পুলিশের রমনা বিভাগের সহকারী কমিশনার শিবলী নোমান প্রথম আলোকে বলেন, ‘আমরা তাঁদের শান্তিপূর্ণ কর্মসূচিতে সহযোগিতা করতে চেয়েছিলাম। কিন্তু তাঁরা ব্যারিকেড ভেঙে সচিবালয়ে ঢোকার চেষ্টা করেন। তাঁদের কর্মসূচি সহিংস হয়ে পড়ে। সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গার নিরাপত্তার স্বার্থেই তাঁদের ছত্রভঙ্গ করতে কয়েকটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করতে হয়।’ তিনি দাবি করেন, আন্দোলনকারীদের ইটপাটকেলে পুলিশের পাঁচ-ছয়জন সদস্য আহত হয়েছেন।