বাম দলগুলোর ব্যতিক্রমী হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজছে ঢোল, গিটার। চার রাস্তার মাঝে গোল হয়ে বসে গলা ছেড়ে গান গাইছেন কয়েকজন তরুণ-তরুণী। এক পাশে থেমে থেমে চলছে বক্তৃতা।বাম দলগুলোর ডাকা হরতালে গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ের দৃশ্য ছিল এমনই। হরতালের কেন্দ্রস্থল পল্টন মোড়েও বক্তৃতার পাশাপাশি গণসংগীত পরিবেশিত হয়েছে। সারা দেশেই পুলিশের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে ব্যতিক্রমী এ হরতাল। জামায়াতে ইসলামীসহ সাম্প্রদায়িক ধর্মভিত্তিক দল নিষিদ্ধ করা, দ্রুত যুদ্ধাপরাধীদের বিচার, আশুলিয়ায় তৈরি পোশাক কারখানায় আগুন লাগার ঘটনায় মালিকসহ দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তি এবং জনজীবনের সংকট নিরসনের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) হরতালের ডাক দেয়। এ ছাড়া গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদসহ সাত দফা দাবিতে গণতান্ত্রিক বাম মোর্চাও হরতালের ডাক দেয়। তাদের দাবির মধ্যে রয়েছে: তাজরীন পোশাক কারখানায় শ্রমিক হত্যাকাণ্ডের বিচার, যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করা, রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করা, অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া বাড়িভাড়া নিয়ন্ত্রণ, দুর্নীতি ও লুটপাটের বিচার, সীমান্ত হত্যা বন্ধ এবং সুন্দরবন ধ্বংসের ‘রামপাল বিদ্যুৎকেন্দ্র প্রকল্প’ বাতিল করা।হরতালের মূল কেন্দ্রস্থল ছিল পল্টন মোড়। এখানেই সিপিবি, বাসদ ও বাম মোর্চার কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। পল্টন মোড়ের দুই পাশে পৃথক মাইকে দুই জোটের নেতারা দিনভর বক্তব্য দেন। শাহবাগ মোড় ও সংলগ্ন এলাকায় ছিলেন প্রগতিশীল ছাত্রজোটের নেতা-কর্মীরা। পল্টন, প্রেসক্লাব, জিরো পয়েন্ট, দৈনিক বাংলা, বিজয়নগর, শাহবাগ, পরীবাগ এলাকায় দুপুর পর্যন্ত হরতালের সমর্থনে খণ্ড খণ্ড মিছিল হয়েছে। এ ছাড়া মিরপুর, মোহাম্মদপুর, শ্যামলী, জিগাতলা, কামরাঙ্গীরচর বেড়িবাঁধ, মালিবাগ, সদরঘাট, যাত্রাবাড়ী, সায়েদাবাদ ও তেজগাঁও এলাকায় হরতালের সমর্থনে মিছিল হয়েছে। মিছিলকারীদের হাতে ছিল জাতীয় পতাকা, প্ল্যাকার্ড ও দলীয় প্রতীকসংবলিত পতাকা।সকাল থেকেই পল্টন আর শাহবাগমুখী সড়কগুলো বন্ধ করে দেয় পুলিশ। রাজধানীর বাংলামোটর, রূপসী বাংলা (সাবেক শেরাটন) মোড়, মৎস্য ভবন মোড়, প্রেসক্লাবের সামনে, বিজয়নগর, জিরো পয়েন্ট, দৈনিক বাংলা এলাকায় পুলিশ রাস্তার ওপর বাঁশ ফেলে, গাড়ি রেখে প্রতিবন্ধকতা তৈরি করে। দুপুর পৌনে ১২টার দিকে বাংলামোটর মোড়ে দেখা যায়, কারওয়ান বাজার থেকে শাহবাগমুখী সড়কের ওপরে বাঁশ ফেলে রেখেছে পুলিশ। দুজন ট্রাফিক সদস্য ও একজন সার্জেন্ট যানবাহনগুলোকে নিউ ইস্কাটন রোডের দিকে ঘুরিয়ে দিচ্ছিলেন। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়গামী অ্যাম্বুলেন্সও ঘুরিয়ে দেওয়া হয়। বাংলামোটর মোড়ে শাহবাগগামী এক চিকিৎসককে রিকশা থেকে নামিয়ে দেয় পুলিশ। ওই চিকিৎসক বলেন, পুলিশ যানবাহনগুলোকে নিউ ইস্কাটন রোডের দিকে ঘুরিয়ে দিচ্ছিল। কিন্তু তিনি যাবেন বারডেম হাসপাতালে। বিষয়টি বুঝিয়ে বলার পরও পুলিশ তাঁকে রিকশা থেকে নামিয়ে দিয়েছে। পুলিশের ভূমিকা দেখে তাঁর মতো অনেকেরই মনে হয়েছে, এই হরতালের প্রতি সরকার বা পুলিশের সমর্থন ছিল।স্বরাষ্ট্রমন্ত্রীর ধন্যবাদ: সারা দেশে শান্তিপূর্ণ হরতাল হওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর সিপিবি ও বাসদকে ধন্যবাদ জানিয়েছেন। গতকাল সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, রমনায় ইউবিএল ক্রসিংয়ে একটি লেগুনার কাচ ভাঙা ছাড়া সারা দেশে কোথাও বিশৃঙ্খলা হয়নি। এ জন্য তাদের কোথাও বাধা না দিয়ে পুলিশ বরং সহযোগিতা করেছে। বিশৃঙ্খল ও ধ্বংসাত্মক হরতাল পালনকারীদের এ হরতাল থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দেন মন্ত্রী।পল্টন এলাকায় দায়িত্বরত পুলিশের সহকারী কমিশনার নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, শান্তিপূর্ণ হওয়ায় পুলিশ হরতালের সমাবেশে কোনো বাধা দিচ্ছে না।দুপুরের পর বাস চলেছে: গতকাল সকালের দিকে রাজধানীর রাস্তায় তেমন বাস দেখা না গেলেও দুপুরের পর বাস চলাচল করেছে। অন্য হরতালে বিআরটিসির বাস চললেও গতকাল দুপুর পর্যন্ত চলেনি। নগরজুড়ে কিছু রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও হিউম্যান হলার চলাচল করেছে। তবে অন্যান্য হরতালের তুলনায় গতকাল রাস্তায় মানুষ ছিল বেশি। এ কারণে বাসস্টপগুলোতে দিনভর ছিল বিপুল মানুষের ভিড়।একটি বহুজাতিক বেসরকারি সংস্থার কর্মকর্তা কাজী মকবুল হোসেন বলেন, সকালে বাসা থেকে বেরিয়ে দেখেন, রাস্তা ফাঁকা। রিকশা-বাস কিছুই নেই। শেষে উত্তরা থেকে কিছুটা হেঁটে, কিছুটা রিকশায় বিমানবন্দর পর্যন্ত এসে একটি হিউম্যান হলারে আগারগাঁও পর্যন্ত এসেছেন।একাধিক বাসকর্মী জানিয়েছেন, সরকার-সমর্থক শ্রমিক ও মালিকেরা গাড়ি বের করতে বাধা দিয়েছেন। স্থানীয় থানার পুলিশও গাড়ি বের করতে নিষেধ করেছে।ঢাকা সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ বলেন, সাধারণ পরিবহনমালিকেরা যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ডাকা হরতালের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন। এ কারণে তাঁরা স্বতঃস্ফূর্তভাবেই গাড়ি চালানো বন্ধ রেখেছেন। সমিতির পক্ষ থেকেও কাউকে গাড়ি বের করতে জোর করা হয়নি।প্রথম আলোর প্রতিনিধিরা জানান, সারা দেশে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে। যানবাহন-দোকানপাট বন্ধ ছিল। হরতাল পালনকারীদের সহযোগিতা করেছে পুলিশ। জামায়াত-শিবিরের কর্মী-সমর্থকেরা হরতালকারীদের ওপর যাতে হামলা করতে না পারে, সে জন্য কোথাও কোথাও সতর্ক পাহারায় ছিল পুলিশ।সংবাদ সম্মেলন: হরতাল শেষে বিকেলে পুরানা পল্টনে সিপিবির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হরতাল সফল হয়েছে বলে দাবি করেন সংগঠনটির সভপতি মুজাহিদুল ইসলাম সেলিম। এ সময় বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামানসহ দুই দলের নেতারা উপস্থিত ছিলেন। হরতাল সফল করায় পরিবহন ও পোশাকশ্রমিকদেরও ধন্যবাদ জানানো হয়। তিনি বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ, ছাত্রলীগ, মৌলবাদী দল, র‌্যাব ও পুলিশ বাধা দিলেও হরতাল সফল হয়েছে। র‌্যাব-পুলিশের হামলায় ১৫ জন আহত হয়েছেন এবং ২০ জনকে আটক করা হয়েছে বলে দাবি করেন তিনি।সংবাদ সম্মেলনে এই দুই দলের পক্ষ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হয়। এর মধ্যে রয়েছে: ২৮ ডিসেম্বর বেলা তিনটায় প্রেসক্লাবের সামনে মিছিল-সমাবেশ, ১ জানুয়ারি সাম্রাজ্যবাদবিরোধী দিবস পালন, এ ছাড়া যুদ্ধাপরাধের বিচার, জামায়াতসহ ধর্মভিত্তিক দলগুলোর রাজনীতি নিষিদ্ধ, তেল-গ্যাসের দাম কমানোসহ বিভিন্ন দাবিতে ৩ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত জাগরণ কর্মসূচি। ওই পাঁচ দিনে দেশের বিভিন্ন জায়গায় ২৬টি জনসভা, ৫১টি সমাবেশ ও পথসভা করা হবে।গণতান্ত্রিক বাম মোর্চার সংবাদ বিজ্ঞপ্তিতে শান্তিপূর্ণভাবে হরতাল সফল করার জন্য জনগণকে অভিনন্দন জানানো হয়েছে।