বাম দলগুলোর হরতালেও তরল গ্যাস নিক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ি ভাঙচুর বা জ্বালাও-পোড়াও না হলেও বাম দলগুলোর গতকাল বুধবারের শান্তিপূর্ণ হরতালে পুলিশ ছিল মারমুখী। রাজধানীতে তরল গ্যাস (পিপার স্প্রে) আর জলকামানের রঙিন পানি ছিটিয়ে হরতালকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ।পুলিশের এই ভূমিকার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করে তাঁর পদত্যাগ দাবি করেছে হরতাল আহ্বানকারী বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এবং গণতান্ত্রিক বাম মোর্চা।জ্বালানি তেলের দাম কমানো এবং বিদ্যুতের দাম না বাড়ানোর দাবিতে সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই হরতাল সফল হয়েছে বলে বাম দলগুলো দাবি করেছে। হরতাল চলাকালে রাজধানীতে প্রচুর রিকশা চললেও সকালে বাস চলাচল অনেক কম ছিল। ব্যক্তিগত গাড়ি বের করেননি লোকজন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল বাড়তে থাকে। ঢাকা থেকে সকালে দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। তবে ট্রেন চলাচল ছিল স্বাভাবিক। ঢাকার বাইরে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট ও বরিশালে ঢিলেঢালা হরতাল পালিত হয়েছে।ভোর ছয়টায় হরতাল শুরুর পরপরই রাজধানীর পুরানা পল্টন, শাহবাগ ও মিরপুর এলাকায় খণ্ড খণ্ড মিছিল শুরু করে সিপিবি-বাসদ ও বাম মোর্চা। সকাল সাড়ে ছয়টার দিকে মতিঝিল এলাকা থেকে বাম মোর্চার একটি মিছিল পুরানা পল্টন মোড়ে এলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে পুলিশ তরল গ্যাস ছুড়ে ও লাঠিপেটা করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির মোশরেফা মিশুসহ ৫০ জনের অধিক নেতা-কর্মী আহত হন বলে বাম মোর্চা অভিযোগ করেছে।এরপর সিপিবি ও বাসদের নেতা-কর্মীরা মিছিল নিয়ে পল্টন এলাকায় এলে পুলিশ তরল গ্যাস ও জলকামান ব্যবহার করে তাঁদেরও সরিয়ে দেয়। এতে বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামানসহ অর্ধশত নেতা-কর্মী আহত হন। হরতাল শেষ হওয়ার আগে বেলা সাড়ে ১১টায় পল্টনে মুক্তি ভবনের সামনের সমাবেশে হঠাৎ সাদা পোশাকের পুলিশের এক সদস্য তরল গ্যাস নিক্ষেপ করতে থাকেন। এ সময় সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে এই পুলিশ সদস্যের বিচার করা না হলে আমরা কঠোর আন্দোলনে যাব।’ তাঁর এই বক্তব্যের পরপরই জলকামান থেকে সমাবেশে রঙিন পানি ছোড়ে পুলিশ। সঙ্গে তরল গ্যাস নিক্ষেপ। একপর্যায়ে লাঠিপেটা শুরু করে পুলিশ। এতে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি এস এম শুভসহ অন্তত ২০ জন আহত হন।হরতাল শেষে দুপুর ১২টায় সিপিবি কার্যালয়ে আয়োজিত সিপিবি-বাসদের যৌথ সংবাদ সম্মেলনে মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, কোনো দলীয় রাজনৈতিক দাবিতে নয়, সাধারণ মানুষের কথা বলতেই এই হরতাল। আর সে কারণে লোকজন গাড়ি বের করেননি। তিনি বলেন, ‘উন্নত দেশে পিপার স্প্রে ব্যবহার বন্ধ হয়ে গেছে। কারণ এগুলো শ্বাস-প্রশ্বাস ও হূৎপিণ্ডের ব্যাপক ক্ষতি করে। কিন্তু বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী এই অস্ত্র ব্যবহার করছেন। সরকার হয়তো অ্যানালগ অস্ত্রের বদলে ডিজিটাল অস্ত্র ব্যবহার করছে। আমরা মনে করি, আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই বাম নেতা-কর্মীদের ওপর হামলা হয়েছে। কাজেই স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে।’বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, ‘মরিচের গুঁড়া দিয়ে চোখ বন্ধ করতে চাইলেও জনগণের চোখ আসলে খুলছে।’ তিনি সিপিবি ও বাসদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। সিপিবি-বাসদের কর্মসূচি: আজ বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ মিছিল, ২৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি সারা দেশে গণবিক্ষোভ, ৪ ফেব্রুয়ারি প্রেসক্লাবে সমাবেশ ও ১৬ ফেব্রুয়ারি ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে। এর মধ্যে যদি বিদ্যুতের দাম বাড়ানো হয়, তাহলে তৎক্ষণাৎ কর্মসূচি দেওয়া হবে। বাম মোর্চার কর্মসূচি: হরতাল শেষে তোপখানা রোডে জোটের কার্যালয়ের সামনে সমাবেশে করে বাম মোর্চা। সমাবেশে মোর্চার প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি হরতালে পুলিশের নির্যাতনের প্রতিবাদে আজ বৃহস্পতিবার দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ ও কেন্দ্রীয়ভাবে বেলা তিনটায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন।এদিকে বাম দলগুলোর হরতালের কোনো নৈতিক ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। তিনি গতকাল সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ‘আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। এ জন্য হরতাল দেওয়ার কোনো যৌক্তিকতা নেই।’ তরল গ্যাস নিক্ষেপ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আগে থেকে কোনো ব্যক্তির জ্বরা না থাকলে পিপার স্প্রেতে কারও মৃত্যুর সম্ভাবনা নেই।’নারায়ণগঞ্জে হামলা: প্রথম আলোর নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, সকাল সাড়ে ছয়টায় শহরের বিভিন্ন স্থানে হরতালের সমর্থনে খণ্ড খণ্ড মিছিল বের করে সিপিবি-বাসদ ও বাম মোর্চা। এ সময় শহরের চাষাঢ়ায় পিকেটাররা কয়েকটি বাসে ইটপাটকেল নিক্ষেপ করেন। সকাল সাতটায় সিপিবির নেতা মন্টু ঘোষের নেতৃত্বে পিকেটাররা বাস টার্মিনালে গিয়ে বাস চলাচল বন্ধ রাখার অনুরোধ করেন। এ নিয়ে বাগিবতণ্ডার এক পর্যায়ে তাঁদের ওপর পরিবহনশ্রমিকেরা হামলা চালান। এতে মন্টু ঘোষসহ নয়জন আহত হন।বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সিপিব-বাসদ অভিযোগ করে, বাসমালিকদের নির্দেশে সন্ত্রাসীরা তাঁদের শান্তিপূর্ণ হরতালের কর্মসূচিতে হামলা করেছে। তাঁরা হামলকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন।