বামদের হটাতে এক মঞ্চে মনমোহন-প্রণব-মমতা
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এই প্রথম এক মঞ্চে দেখা গেল প্রধানমন্ত্রী মনমোহন সিং, প্রবীণ কংগ্রেস নেতা ও ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস নেত্রী ও ভারতের রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। গতকাল শনিবার কলকাতার দমদম বিমানবন্দরের অদূরে জেলখানা ময়দানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ব্রাত্য বসুর নির্বাচনী প্রচারে এসে এই তিন নেতা একযোগে পশ্চিমবঙ্গ থেকে বাম শাসনের অবসান ঘটিয়ে কংগ্রেস-তৃণমূলের জোট সরকার গড়ার ডাক দিলেন।গতকাল বিকেল চারটার আগেই একই গাড়িতে সভাস্থলে আসেন প্রণব মুখোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর বিকেল চারটার দিকে আসেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। প্রধানমন্ত্রীর ডান পাশে বসে ছিলেন প্রণব আর বাঁ পাশে মমতা।প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, বাম জোট পশ্চিমবঙ্গ শাসনে ব্যর্থ হয়েছে। রাজ্যে আজ আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। ৩৪ বছর এ রাজ্য শাসন করছে বাম জোট। এবার সময় এসেছে পরিবর্তনের। কংগ্রেস-তৃণমূল জোটের প্রার্থীদের বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানিয়ে জনতার উদ্দেশে মনমোহন সিং বলেন, ‘কংগ্রেস-তৃণমূল জোটকে এবার আপনাদের সেবার সুযোগ দিন। কংগ্রেস-তৃণমূল জোটই রাজ্যে পরিবর্তন ও শান্তি আনতে পারবে, দূর করতে পারবে বামফ্রন্টের অপশাসন। কংগ্রেস-তৃণমূলের এই জোট সরকারই এ রাজ্যকে দেখাতে পারবে নতুন দিশা।’ তিনি বলেন, কংগ্রেস-তৃণমূল জোট ক্ষমতায় এলে প্রথম কাজ হবে রাজ্যে শান্তি প্রতিষ্ঠা করা। প্রধানমন্ত্রী ক্ষোভের সঙ্গে বলেন, এই রাজ্যে শিল্পের উন্নতি হয়নি। রাজ্যের শিক্ষার হার নৈরাশ্যজনক। পশ্চিমবঙ্গ এখন মণিপুর-নাগাল্যান্ডের চেয়েও পিছিয়ে। রাজ্যে সংখ্যালঘুদেরও কোনো উন্নয়ন হয়নি। কেন্দ্রীয় সরকার এই রাজ্যের জন্য প্রচুর অর্থ বরাদ্দ করলেও তা খরচ করতে পারেনি রাজ্য সরকার। সব দিকে এই রাজ্যে বাম সরকার ব্যর্থ হয়েছে। প্রণব মুখোপাধ্যায় বলেন, ‘৩৪ বছর ধরে বাম অপশাসনের যে জগদ্দল পাথর রাজ্যকে চেপে ধরে আছে, এখন সেই পাথরকে সরিয়ে দেওয়ার সময় এসেছে। এই নতুন বাংলা বছরে আমরা সেই পাথর সরিয়ে রাজ্যে নতুন দিন আনব। মমতার নেতৃত্বে আমরা নতুন সরকার গড়ব।’মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এবার দেউলিয়া বামফ্রন্ট সরকারকে হটানোর সময় এসেছে। মানুষ পরিবর্তন চাইছে। আর এক মুহূর্তও তারা এই বাম সরকারকে গদিতে রাখতে চায় না। রাজ্যব্যাপী পরিবর্তনের ঝড় উঠেছে। সভাতেই মমতা স্লোগান তোলেন, ‘এই রাজ্যে আর নেই দরকার, বাম সরকার।’সভায় আরও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের দায়িত্বে থাকা কংগ্রেসের কেন্দ্রীয় নেতা শাকিল আহমেদ, পশ্চিমবঙ্গ কংগ্রেসের সভাপতি মানস ভূঁইয়া প্রমুখ। এর আগে গতকাল দুপুরে প্রধানমন্ত্রী বর্ধমান জেলার কাটোয়ায় আরেকটি নির্বাচনী জনসভায় ভাষণ দেন।