জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে কাল বুধবার সারা দেশে ডাকা বামপন্থী দলগুলোর আধা বেলা হরতালে সমর্থন দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। বিএনপির সমন্বয়ক তরিকুল ইসলামের পক্ষে গণমাধ্যমকে আজ মঙ্গলবার রাতে এই সমর্থনের খবর জানান দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, ‘জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে বামপন্থী দলগুলো যে হরতাল ডেকেছে, তাতে আমরা সমর্থন দিচ্ছি।’এদিকে বিএনপির এই সমর্থনের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম রাতে প্রথম আলো ডটকমকে বলেন, ‘জনগণের দাবি নিয়ে এই হরতাল। এই হরতালে দেশবাসীর সবারই সমর্থন দেওয়া উচিত। তবে বিএনপি যদি সমর্থন দেওয়ার আগে নাকে খত দিয়ে বলত, তারা অতীতে এভাবে দাম বাড়িয়ে অন্যায় করেছে, ভবিষ্যতে সরকারে গেলে আর কোনো দিন জ্বালানি তেলের দাম বাড়াবে না, তাহলে তাদের সমর্থন ও আন্তরিকতা অনেক বিশ্বাসযোগ্য হতো।’একইভাবে বাম মোর্চার সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, ‘জনগণের অধিকার রক্ষার এই হরতালে আমরা দেশবাসীর সমর্থন চেয়েছি। যে কেউ সমর্থন দিতে পারে। কিন্তু বিএনপি সরকারই কুইক রেন্টালের এই নীতি গ্রহণ করেছিল। এ ক্ষেত্রে বিএনপি-আওয়ামী লীগ একই অবস্থানে।’ কাল বুধবার সারা দেশে সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল ডেকেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও গণতান্ত্রিক বাম মোর্চা।