বামপন্থী নেতা আবদুল্লাহ সরকার আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট বামপন্থী নেতা, মুক্তিযোদ্ধা ও সাবেক সাংসদ আবদুল্লাহ সরকার আজ মঙ্গলবার সকালে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। আবদুল্লাহর পরিবারের বরাত দিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জানান, রাজধানীর শাহজাদপুরে নিজের বাসায় তিনি মারা গেছেন। অনেক দিন ধরে তিনি অসুস্থ ছিলেন। নাগরিক ঐক্যের নেতা মাহমুদুর রহমান মান্না বাসসকে জানান, আবদুল্লাহ সরকারের লাশ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য আগামীকাল বুধবার সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। পরে তাঁকে চাঁদপুরের হাইমচরে গ্রামের বাড়িতে দাফন করা হবে।আবদুল্লাহ সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার মো. আবদুল হামিদ ও ডেপুটি স্পিকার শওকত আলী গভীর শোক প্রকাশ করেছেন।