বামপন্থীদের এক মঞ্চে আনার চার উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ ও বিএনপির নেতৃত্বাধীন দুই জোটের বাইরে একটি বিকল্প জোট গঠন করতে বামপন্থী রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। বামপন্থী দলগুলোর চারটি পক্ষ একই লক্ষ্যে পৃথকভাবে তৎপরতা চালাচ্ছে।দলীয় সূত্রগুলো জানায়, এর মধ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সবচেয়ে বেশি সক্রিয়। দলটি অন্য বাম দলগুলোর সঙ্গে মতবিনিময় শুরু করেছে। পাশাপাশি ১০টি বাম দল নিয়ে গঠিত গণতান্ত্রিক বাম মোর্চাও একই লক্ষ্যে তৎপর রয়েছে। আবার ‘বাম মঞ্চ’ গঠনের পৃথক চেষ্টা করছেন গণফোরামের নেতা পঙ্কজ ভট্টাচার্যও। এ ছাড়া বদরুদ্দীন উমরের নেতৃত্বাধীন জাতীয় মুক্তি কাউন্সিল, নয়া গণতান্ত্রিক গণমোর্চা ও জাতীয় গণতান্ত্রিক গণমুক্তি মিলে ঐক্যবদ্ধ বাম বিকল্প জোট গঠনের ডাক দিয়েছে। দলগুলোর নেতাদের দাবি, চারটি পক্ষ পৃথকভাবে একই রকম উদ্যোগ নিলেও এ নিয়ে পারস্পরিক কোনো টানাপোড়েন নেই।সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম প্রথম আলোকে বলেন, ‘দুই জোটের মেরুকরণের বাইরে আমরা একটি পৃথক বাম গণতান্ত্রিক বলয় গড়ে তোলার চেষ্টা করছি।’ তাঁর মতে, দেশের বর্তমান রাজনৈতিক সংকটে বাম গণতান্ত্রিক শক্তির বৃহত্তর ঐক্যের কোনো বিকল্প নেই।বামপন্থী একাধিক নেতা অভিযোগ করেন, চার দলের বিরুদ্ধে যেসব কথা বলে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট ক্ষমতায় গেছে, সেই একই কাজ এখন তারাও করছে। আওয়ামী লীগ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে মুক্তিযুদ্ধের নীতি ও আদর্শের বিপরীতে ধর্মাশ্রয়ী রাজনীতির পক্ষে অবস্থান নিয়েছে। দেশ পরিচালনায়ও তারা ব্যর্থ হয়েছে। এমতাবস্থায় বড় দুই জোটের বাইরে বামপন্থীদের এক মঞ্চে এনে একটি কার্যকর বিকল্প জোট গঠনের তাড়া অনুভব করছেন বাম নেতারা।গণতান্ত্রিক বাম মোর্চার নেতা ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি প্রথম আলোকে বলেন, ‘বড় দুই জোটের প্রতি মানুষ চরম বিরক্ত। এ অবস্থায় বাম বলয়কে ছদ্মবেশে আওয়ামী লীগের সহায়ক শক্তি হিসেবে কেউ দেখতে চায় না।’সিপিবি সূত্র জানায়, দ্বিদলীয় মেরুকরণের বাইরে বাম দলগুলোকে এক মঞ্চে আনার লক্ষ্যে সিপিবি ইতিমধ্যে বাম চিন্তাশীল ব্যক্তিদের সঙ্গে বৈঠক, আটটি বাম দলের সঙ্গে যৌথ সভা ও কয়েক শ উপজেলায় সভা-সমাবেশ করেছে। সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স প্রথম আলোকে বলেন, সিপিবির এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে—১৯৯৪ সালে গঠিত বাম গণতান্ত্রিক ফ্রন্ট ও পরবর্তী সময়ে গঠিত ১১ দলকে স্বরূপে ফিরিয়ে আনা এবং রাজনীতিতে মৌলিক ভূমিকা রাখা। তিনি বলেন, তেল-গ্যাসসহ জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে বাম শক্তির ঐক্য দৃশ্যমান। রাজনৈতিক আন্দোলনে এই শক্তিকে ঐক্যবদ্ধ করা বামপন্থী দলগুলোর সামনে একটা বড় চ্যালেঞ্জ। এটা বিবেচনায় রেখেই সিপিবি মাঠে নেমেছে।সিপিবির সূত্র জানায়, এই উদ্যোগে মহাজোটের বাম শরিকদেরও তারা সম্পৃক্ত করতে চায়। কারণ মহাজোটের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের সাম্যবাদী দল (এম এল), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), গণতান্ত্রিক মজদুর পার্টি, গণতন্ত্রী পার্টি, ন্যাপ (মোজাফফর) ও কমিউনিস্ট কেন্দ্র সংবিধান সংশোধনসহ সরকারের অনেক নীতির সঙ্গে দ্বিমত ব্যক্ত করেছে।মহাজোটের শরিকদের বাইরে বামদের বড় জোট হচ্ছে ‘গণতান্ত্রিক বাম মোর্চা’। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (খালেকুজ্জামান), গণসংহতি আন্দোলন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, জাতীয় গণফ্রন্ট, বাংলাদেশের কমিউনিস্ট লীগ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (পুনর্গঠিত), বাসদ (মাহবুবুল হক), বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলন ও সিপিবি (এমএল) এই জোটের শরিক।বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, জোট-মহাজোটের নীতিহীন ক্ষমতাকেন্দ্রিক চর্চা দেশের মানুষের মধ্যে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। এর বিরুদ্ধে দেশপ্রেমিক মানুষের বৃহত্তর ঐক্য গড়ে ওঠা দরকার।