বায়রা জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: মোশাররফ
জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন ‘বায়রা’ জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে বলে দাবি করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।আজ সোমবার বেলা তিনটায় মন্ত্রণালয় আয়োজিত বায়রার ধর্মঘটের পরিপ্রেক্ষিতে এক সংবাদ সম্মেলনে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বায়রার এ ধরনের ধর্মঘট করার কোনো নৈতিক ও আইনি অধিকার নেই। আর এ ধর্মঘটে জনশক্তি রপ্তানি খাতে কোনো প্রভাব পড়বে না বলে দাবি করেন তিনি।প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, ‘বায়রা যে দাবি করে তারা বিদেশে লোক পাঠায়, এটি সত্য নয়। বায়রা হচ্ছে রিক্রুটিং এজেন্টদের (নিয়োগকারী সংস্থা) একটি সংগঠন। রিক্রুটিং এজেন্টগুলো আমাদের প্রতিনিধি। কাজেই আমরা যেভাবে বলব, প্রতিনিধিদের সেভাবেই চলতে হবে।’মন্ত্রী বলেন, ‘মালয়েশিয়ায় অতিরিক্ত খরচে লোক পাঠাতে না পেরে তারা এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে। ২০০৭-০৮ সালে মালয়েশিয়ায় বায়রার সদস্যদের প্রতারণার কারণে ২০০৯ সালের মার্চে এই বাজার বন্ধ হয়ে যায়। এরপর বাজার খুলতে মালয়েশিয়া সরকারিভাবে লোক পাঠানোর শর্ত দেয়। এ কারণেই আমরা সরকারিভাবে লোক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি।’ খন্দকার মোশাররফ বলেন, ‘বায়রা দাবি করেছে, আমরা মালয়েশিয়ায় লোক পাঠাতে ব্যর্থ হয়েছি। এটি ডাহা মিথ্যা কথা। জি-টু-জি (সরকার থেকে সরকার) যেহেতু দুই দেশের জন্যই নতুন, কাজেই এই প্রক্রিয়া শেষ করতে সময় লাগছে। এ কারণে মার্চের ২৭ তারিখ লোক পাঠানোর কথা বলেছিলাম, সেটি হয়নি। আমরা আশা করছি, চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকে মালয়েশিয়ায় লোক যাওয়া শুরু হবে। এই দু-তিন সপ্তাহ পিছিয়ে যাওয়া এমন কিছু না।’ সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক সেলিম রেজাসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।