বায়রার দুই নেতাই বিএমইটিতে হামলা করেছেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার সভাপতি ও মহাসচিবের নেতৃত্বেই জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে (বিএমইটি) হামলা ও ভাঙচুর হয়েছে বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানের মহাপরিচালক বেগম শামছুন্নাহার।আজ বৃহস্পতিবার প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে সাংবাদিকদের কাছে বেগম শামছুন্নাহার এ দাবি করেন। মহাপরিচালকের বক্তব্যের আগে প্রবাসীকল্যাণ ও শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন হংকংয়ে নারীশ্রমিক পাঠানোর বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় বায়রার মামলার বিষয়ে বক্তব্য জানতে চাইলে তিনি আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, এ বিষয়ে বিএমইটির মহাপরিচালক কথা বলবেন। মন্ত্রী চলে যাওয়ার পর বিএমইটির মহাপরিচালক বলেন, ‘বায়রার নেতারা বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বিএমইটিতে এসে কর্মচারীদের মারধর করেছেন। তাঁরা পাসপোর্ট ছিনিয়ে নিয়ে গেছেন। এ সময় তাঁরা বহির্গমন শাখার কর্মকর্তাদেরও হুমকি দেন।’সরকারিভাবে জনশক্তি রপ্তানি নিয়ে মন্ত্রী ও বায়রার মধ্যে তীব্র বিরোধ চলছে। এরই পরিপ্রেক্ষিতে সোমবার থেকে জনশক্তি রপ্তানি বন্ধ করে দেয় বায়রা। এরপর বুধবার বায়রার সভাপতি ও মহাসচিবের বিরুদ্ধে রমনা থানায় একটি মামলা করেন বিএমইটির সহকারী পরিচালক আবুল কালাম আজাদ। মামলায় আসামিদের বিরুদ্ধে খুনের চেষ্টা, আঘাত করা, চুরি, অনধিকার প্রবেশসহ দণ্ডবিধির সাতটি ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার বিবরণে বলা হয়েছে, আসামিরা বহির্গমন ছাড়পত্র নিতে আসা ব্যক্তিদের বিএমইটি ভবনে ঢুকতে বাধা দিয়েছেন। সরকারি কর্মকর্তাদের কর্তব্যকাজে বাধার সৃষ্টি করেছেন।বায়রার মহাসচিব আলী হায়দার চৌধুরী প্রথম আলো ডটকমকে বলেন, ‘এটি পুরোপুরি সাজানো ঘটনা। আমি বা আমার সভাপতি কেউই বুধবার বিএমইটিতে যাইনি।’বায়রার নেতাদের এমন বক্তব্যের বিষয়ে শামছুন্নাহার বেগম বলেন, তাঁদের নেতৃত্বেই হামলা হয়েছে। হামলার সময় বায়রার সভাপতি ও মহাসচিবকে দেখেছেন কি না, জানতে চাইলে শামছুন্নাহার বলেন, ‘আমি দেখিনি, তবে আমার কর্মকর্তা-কর্মচারীরা দেখেছেন।’বায়রার সঙ্গে বর্তমানে যে দ্বন্দ্ব চলছে, এতে জনশক্তি রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়বে কি না, জানতে চাইলে মহাপরিচালক বলেন, ‘কোনো প্রভাব পড়বে না।’