বায়রার ধর্মঘট স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা) তাদের ধর্মঘট আপাতত স্থগিত করেছে। বিদেশগামী কর্মীদের ভয়াবহ দুর্ভোগের কারণে আজ বৃহস্পতিবার দুপুরে বায়রার কার্যনির্বাহী কমিটি এ সিদ্ধান্ত নেয়।বায়রার মহাসচিব আলী হায়দার চৌধুরী প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমরা ধর্মঘট প্রত্যাহার করিনি। কয়েক দিন ধরে বিদেশ গমনে ইচ্ছুক ব্যক্তিরা যে ভয়াবহ দুর্ভোগে পড়েছেন, সে কথা ভেবে কয়েক দিনের জন্য ধর্মঘট স্থগিত করলাম। তবে আমরা ধর্মঘট প্রত্যাহার করিনি। সরকার আলোচনায় বসলেই কেবল আমরা তা করব।’৭ এপ্রিল এক সংবাদ সম্মেলনে ধর্মঘটের সিদ্ধান্ত নেয় বায়রা। ৮ এপ্রিল থেকে জনশক্তি রপ্তানিসংক্রান্ত সব ধরনের সেবা প্রদান কার্যক্রম থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেয় সংস্থাটি। সরকারিভাবে লোক পাঠানোর নামে বাজার স্থবির করা হচ্ছে, এমন অভিযোগে বায়রা এ সিদ্ধান্ত নেয়। এতে কার্যত তারা আর জনশক্তি রপ্তানি কার্যক্রমে অংশ নিচ্ছে না। তবে সরকার বলছে, এতে জনশক্তি রপ্তানিতে কোনো সমস্যা হবে না।