বায়রার সভাপতি ও মহাসচিবের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিসের (বায়রা) সভাপতি ও মহাসচিব উচ্চ আদালত থেকে আজ মঙ্গলবার জামিন পেয়েছেন। বায়রার মহাসচিব আলী হায়দার চৌধুরী প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমরা আজ দুপুরে আদালত থেকে জামিন নিয়েছি।’ সরকারের পক্ষ থেকে আলোচনা হলে বায়রা ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে পারে বলে তিনি জানান।১০ এপ্রিল তাঁদের বিরুদ্ধে হত্যার চেষ্টা ও সরকারি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) একজন কর্মকর্তা মামলা করেছিলেন। ৭ এপ্রিল সংবাদ সম্মেলন করে বায়রা ধর্মঘটের সিদ্ধান্ত নেয়। ৮ এপ্রিল তারা ধর্মঘট শুরু করে। এ ঘটনার এক দিন পর মামলা হয়। সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বায়রার সভাপতি ও মহাসচিব জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে গিয়ে ভাঙচুর চালিয়েছেন ও সেখানকার কর্মকর্তাদের হুমকি দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে বিএমইটির সহকারী পরিচালক আবুল কালাম আজাদ মামলা করেন। এ ঘটনার পরদিন (১১ এপ্রিল) বায়রার একটি সংবাদ সম্মেলন করার কথা থাকলেও তারা তা স্থগিত করে। ৮ এপ্রিল থেকে জনশক্তি রপ্তানিসংক্রান্ত সব ধরনের সেবা প্রদান কার্যক্রম থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেয় বায়রা। সরকারিভাবে লোক পাঠানোর নামে বাজার স্থবির করা হচ্ছে—এমন অভিযোগে বায়রা এ সিদ্ধান্ত নেয়। এতে কার্যত তারা আর জনশক্তি রপ্তানি কার্যক্রমে অংশ নিচ্ছে না। এর আগে গত বছরের ১৯ সেপ্টেম্বর বায়রা একই রকম ঘোষণা দেয়। শেষ পর্যন্ত তারা অবস্থান থেকে সরে আসে। সরকার তাদের ব্যবস্থাপনায় লোক পাঠাতে পারলে তারা স্বাগত জানাবে বলে জানায়।