বার কাউন্সিল নির্বাচন অনুষ্ঠানে বাধা থাকছে না
ভোটার তালিকা সংশোধনের শর্তে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার বিচারপতি। হাইকোর্ট ওই নির্বাচনের ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন। আজ সোমবার দুপুরে চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ আদেশ দেন।এর ফলে পূর্বনির্ধারিত সময় ২৮ মে নির্বাচন অনুষ্ঠানে বাধা থাকছে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এ ব্যাপারে অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান মাহবুবে আলম বলেন, নির্বাচন স্থগিতে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার বিচারপতি। তবে নির্বাচনের ১৫ দিন আগে ভোটার তালিকা সংশোধন করতে বলেছেন আদালত। এর আগে ২৬ এপ্রিল বার কাউন্সিল নির্বাচনের কার্যক্রম চার সপ্তাহের জন্য স্থগিত করেন হাইকোর্ট। একই সঙ্গে ঘোষিত তফসিলের অধীনে ত্রুটিপূর্ণ ভোটার তালিকার ভিত্তিতে নির্বাচনী প্রক্রিয়া কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।হাইকোর্টের ওই আদেশের ওপর স্থগিতাদেশ চেয়ে বাংলাদেশ বার কাউন্সিলের করা আবেদনের ওপর আজ শুনানি হয়। আবেদনের পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ও রিট আবেদনকারীদের পক্ষে এ জে মোহাম্মদ আলী মামলা পরিচালনা করেন।পরে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান প্রথম আলো ডটকমকে বলেন, ভোটের ১৫ দিন আগে ভোটার তালিকা সংশোধনের শর্তে চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন। ফলে নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা নেই। ৩ মে বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন আদালত।বার কাউন্সিলের ভোটার তালিকা ত্রুটিপূর্ণ—এমন অভিযোগে মোহাম্মদ সালেহ উদ্দিনসহ সুপ্রিম কোর্টের চার আইনজীবী রিট আবেদনটি করেন।