বারবার আটকে যাচ্ছে পার্বত্য চুক্তি বাস্তবায়ন
কোনোভাবেই গতি পাচ্ছে না পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া। প্রশাসনের শীর্ষপর্যায়ে তা বারবার আটকে যাচ্ছে। কার্যবিধি (রুলস অব বিজনেস) অনুযায়ী সচিব পর্যায়ে নিষ্পত্তি হওয়ার মতো বিষয়গুলোও চিঠি চালাচালি, সভা, ব্যাখ্যা চাওয়া প্রভৃতি প্রশাসনিক ঘেরাটোপে ঘুরপাক খাচ্ছে।অথচ চুক্তি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সব মন্ত্রণালয়ের প্রতি সরকারের শীর্ষপর্যায়ের নির্দেশনা দেওয়া আছে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী একাধিক আলোচনা অনুষ্ঠানে ওই নির্দেশের কথা উল্লেখ করে বলেছেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়ন বর্তমান সরকার করবেই।বাস্তবে বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের সময় চুক্তি বাস্তায়নের বিষয়টি যে অবস্থায় ছিল, এখনো সেই অবস্থায় আছে। এমনকি, গত ২২ জানুয়ারি চুক্তি বাস্তবায়ন কমিটির সভার কতিপয় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের ধারায় ফিরেছে’ বলে সব মহলে যে আশা সৃষ্টি হয়েছিল, এখন তা হতাশায় পরিণত হচ্ছে। ওই সভার একটি সিদ্ধান্তও এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি। বরং বাস্তবায়নে যাতে সময় বেশি লাগে, শীর্ষ প্রশাসনিক পর্যায়ে সেভাবেই কাজ হচ্ছে।বিষয়টি সম্পর্কে জানতে চাইলে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নববিক্রম কিশোর ত্রিপুরা প্রথম আলোকে বলেন, চুক্তি বাস্তবায়ন একটি চলমান প্রক্রিয়া। সেই প্রক্রিয়া চালু আছে।চিঠির ফল নিয়ে প্রশ্ন: পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় থেকে চুক্তি বাস্তবায়নের একটি বিষয়ে উদ্যোগ নেওয়ার জন্য কয়েকটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যে চিঠি দেওয়া হয়েছে, তার কোনো ফল নেই বলে জানা গেছে। সরকারি সূত্রগুলো জানায়, পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ী স্থানীয় পর্যায়ের ৩৩টি বিভাগ ও বিষয়ের প্রশাসনিক দায়িত্ব তিন পার্বত্য জেলা পরিষদের কাছে হস্তান্তর করার কথা। এর আগে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ২১-২২টি বিষয় হস্তান্তর করা হয়েছে। বর্তমান সরকারের আমলে এখন পর্যন্ত একটি বিষয়ও হস্তান্তর করা হয়নি।মাস খানেক আগে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় অহস্তান্তরিত বিষয়গুলো দ্রুত হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করার অনুরোধ জানিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদের কাছে একটি অনানুষ্ঠানিক চিঠি দেয়। কিন্তু এখন পর্যন্ত একমাত্র মন্ত্রিপরিষদ সচিব ছাড়া আর কোনো সচিব ওই চিঠির জবাব পর্যন্ত দেননি।মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের কাছে লেখা সেই চিঠিতে বলেছেন, চুক্তি বাস্তবায়নের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কে তিনি সম্পূর্ণ সচেতন এবং এ ব্যাপারে সম্ভাব্য যেকোনো ক্ষেত্রে সহযোগিতা দিতে আগ্রহী। হস্তান্তরিত বিষয় ও হস্তান্তরের প্রক্রিয়া নিয়মিত পরিবীক্ষণ সম্পর্কে পরামর্শের জন্য সংশ্লিষ্ট সচিবদের সমন্বয়ে একটি কমিটি করা যেতে পারে বলে তিনি পরামর্শও দিয়েছেন।সংশ্লিষ্ট কয়েকটি মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, হস্তান্তরের বিষয়ে কোনো কাজ সেখানে হচ্ছে না।বাস্তবায়ন কমিটি প্রসঙ্গ: গত ২২ জানুয়ারি সংসদ ভবনে অনুষ্ঠিত পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটির সভায় ২০০১ সালের ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনটি চুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভায় বলা হয়েছিল, ‘সংসদের আসন্ন অধিবেশনেই (যে অধিবেশনটি শেষ হয়েছে) সংশোধনীটি পাস করে চুক্তির প্রধান বিষয় ভূমি সমস্যা নিরসনের কাজ শুরু করা হবে।’কিন্তু এখন পর্যন্ত এ ব্যাপারে কোনোই অগ্রগতি হয়নি। বাস্তবায়ন কমিটির ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী, সংসদে সংশোধনীটি উত্থাপন করার কথা ভূমি মন্ত্রণালয়ের। জানা গেছে, ওই মন্ত্রণালয় বাস্তবায়ন কমিটির সিদ্ধান্তগুলো নিয়ে সভা করে অন্তত তিনটি বিষয়ে ব্যাখ্যা চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ভূমি কমিশন আইন সংশোধনের বিষয়ে আলোচনা হচ্ছে প্রায় ১০ বছর ধরে। এর মধ্যে কোন কোন বিষয় সংশোধন করা হবে, সে সম্পর্কে ঐকমত্যও হয়েছে একাধিকবার। তার পরও আবার কেন যেন একই বিষয় নিয়ে বারবার সভা, আলোচনা প্রভৃতি চলছে।জেএসএসের কর্মসূচি: গত ১৬ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসংহতি সমিতির (জেএসএস) সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমাকে গণভবনে আমন্ত্রণ জানিয়ে এনে বৈঠক করেছিলেন। সেখানেও চুক্তির পূর্ণ বাস্তবায়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।এর ছয় দিন পর চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ২২ জানুয়ারির সভা হয়। ওই সভার পর কমিটির অন্যতম সদস্য প্রথম আলোকে বলেছিলেন, ‘এযাবৎকালের মধ্যে এই প্রথম সরকারের একটি ইতিবাচক উদ্যোগ দেখলাম। সভায় গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত হয়েছে। এখন চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া অগ্রসর হতে পারে।’কিন্তু এর পরবর্তী কার্যক্রমে হতাশ জেএসএস চুক্তি বাস্তবায়নে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে। এর অংশ হিসেবে আগামী মাসে জেএসএস রাঙামাটিতে মহাসমাবেশের কর্মসূচি নিয়েছে। এরপর পর্যায়ক্রমে বিক্ষোভ, অবরোধ, হরতাল প্রভৃতির মধ্য দিয়ে গণ-অন্দোলন গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। ফলে পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতির গুণগত পরিবর্তন ঘটতে যাচ্ছে।১৯৯৭ সালের ২ ডিসেম্বর সরকার ও জেএসএসের মধ্যে স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বায়ত্তশাসনকামী পাহাড়িদের সঙ্গে মধ্য সত্তরের দশক থেকে চলা এক রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটিয়েছিল। কিন্তু এখন পর্যন্ত চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়নে কোনো অগ্রগতি না হওয়ায় পার্বত্য জনগণ হতাশ ও ক্ষুব্ধ।