রাজধানীর দক্ষিণখানের পূর্ব আজমপুর থেকে ২৪ লাখ টাকার জাল মুদ্রা ও মুদ্রা তৈরির সরঞ্জামসহ মোমিনুর রশীদ (২৫) ও শাহীন মিয়াসহ (২৬) চারজনকে গত বছরের ৬ অক্টোবর গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর আগে একই অভিযোগে মোমিনুর তিনবার ও শাহীন চারবার গ্রেপ্তার হয়েছিলেন। কিন্তু প্রতিবারই গ্রেপ্তারের কিছুদিন পরই তাঁরা জামিনে মুক্তি পেয়ে ফিরে গেছেন পুরোনো পেশায়।চলতি বছরের ২২ আগস্ট পল্টন থেকে বিপুল পরিমাণ জাল নোটসহ গ্রেপ্তার হওয়া ইব্রাহিম হাওলাদার (৩৫) আগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। ২২ আগস্ট ইব্রাহিমের সঙ্গে দুজন নারীও গ্রেপ্তার হন। ওই দুজনের স্বামী মো. পলাশ ২০১১ সালে ৫২ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার হয়েছিলেন। পলাশ জামিনে বের হয়ে দুই স্ত্রীকে নিয়ে আবার একই কারবার শুরু করেন। সম্প্রতি তিনি আবার ধরা পড়েছেন।জাল নোটের আরেক কারবারি হুমায়ুন কবীর ২০০৬ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত মোট তিনবার গ্রেপ্তার হন। তিনিও এখন জামিনে মুক্ত। আরেক চক্রের সদস্য মো. হেলাল, মো. রাব্বি একাধিকবার গ্রেপ্তার হন এবং তাঁরাও জামিনে বের হয়ে জাল নোটের কারবারে আবার সক্রিয় রয়েছেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের জানুয়ারি থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত ঢাকায় জাল নোট তৈরির নয়টি কারখানার সন্ধান পায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় প্রায় ২০ কোটি টাকার দেশি-বিদেশি জাল মুদ্রা ও মুদ্রা তৈরির সরঞ্জাম উদ্ধার এবং অন্তত ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলাও করা হয়। কিন্তু পরবর্তী সময়ে তাঁদের ৮০ শতাংশই জামিনে বেরিয়ে এসেছেন এবং আবার একই অপরাধে জড়িয়েছেন।পুলিশ কর্মকর্তাদের দাবি, এভাবে আসামিরা বারবার জামিনে বেরিয়ে আসায় জাল নোটের ব্যবসা বন্ধ করা যাচ্ছে না। তাঁদের আশঙ্কা, জামিনে মুক্ত ও ধরাছোঁয়ার বাইরে থাকা জাল নোটের কারবারিরা পবিত্র ঈদুল আজহার আগে আবারও সক্রিয় হয়ে উঠতে পারে।অবশ্য পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার প্রথম আলোকে বলেন, এ অপরাধীদের নিয়ন্ত্রণ করতে পুলিশ আপ্রাণ চেষ্টা করছে। তবে এসব অপরাধী তৎপরতা অব্যাহত রাখায় জাল নোটের কারবার পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্য অনুযায়ী, রাজধানীতে জাল নোটের কারবারের সঙ্গে সাত-আটটি চক্র জড়িত। প্রতিটি চক্রে থাকে নারীসহ কয়েকজন সদস্য। বাসা ভাড়া নিয়ে সপরিবারে বসবাসের আড়ালে চলে এ অবৈধ কারবার। জাল মুদ্রা তৈরির পর তা পাইকারি বিক্রেতাদের হাত হয়ে খুচরা বিক্রেতা পর্যায়ে যায়। কোনো কোনো জাল নোট প্রস্তুতকারী নিজেই পাইকার হিসেবেও বাজারজাত করে থাকে। দুই ঈদ সামনে রেখে এই চক্রগুলো বেশি সক্রিয় হয়।টাকা জালকারী চক্রের বিরুদ্ধে বিভিন্ন অভিযানে নেতৃত্ব দেওয়া ও ডিবি থেকে সদ্য বদলি হওয়া অতিরিক্ত উপকমিশনার মশিউর রহমান প্রথম আলোকে বলেন, জাল মুদ্রা থেকে উপার্জিত অর্থ মাদক, অবৈধ অস্ত্র কেনাবেচা, এমনকি জঙ্গি তৎপরতায়ও ব্যবহূত হচ্ছে বলে তাঁরা তথ্য-প্রমাণ পেয়েছেন। তাঁর মতে, জাল নোটের কারবারিদের বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে শাস্তির বিধান করা উচিত।ডিবির আরেক কর্মকর্তা বলেন, জাল টাকা চক্রের সদস্যদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়। কিন্তু নানা কৌশলে তাঁরা জামিন নেন। বেশির ভাগ ক্ষেত্রে তাঁরা উচ্চ আদালত থেকে জামিন পান।এ বিষয়ে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলোকে বলেন, ‘আমরা আপ্রাণ চেষ্টা চালিয়েও এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের জামিন ঠেকাতে পারছি না।’কমিটির সুপারিশ: বাংলাদেশ ব্যাংকের জাল নোট প্রচলন প্রতিরোধ কেন্দ্রীয় কমিটি জাল টাকা তৈরি ও বাজারজাতের সঙ্গে জড়িত ব্যক্তিদের কঠোর শাস্তি নিশ্চিত করতে ২০১১ সালের নভেম্বরে আইন মন্ত্রণালয়ে বেশ কিছু প্রস্তাব পাঠায়। এতে জাল মুদ্রা তৈরির সরঞ্জাম বা বড় চালানসহ গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে করা মামলাকে ‘জামিন অযোগ্য’ হিসেবে বিবেচনা এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালে এসব মামলার বিচারের ব্যবস্থা করার সুপারিশ করা হয়েছিল। এ ছাড়া জাল নোটের ব্যবসায় জড়িত ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমেও শাস্তি দেওয়ার প্রস্তাব ছিল। ওই প্রস্তাবে কিছু ত্রুটি থাকায় তা কমিটির কাছে ফেরত আসে। কমিটির দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেন, জাল টাকা তৈরি এবং এ কারবারে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান ছিল। কিন্তু ১৯৮৭ সালে তা রহিত করে যাবজ্জীবন করা হয়। কমিটি চেয়েছিল, সর্বোচ্চ শাস্তি আবার মৃত্যুদণ্ড করা হোক। কিন্তু আন্তর্জাতিক ও মানবাধিকার পরিস্থিতি বিবেচনায় তা করা যাচ্ছে না। এ ছাড়া আগের পাঠানো প্রস্তাবে আইনি ভাষার যথাযথ প্রয়োগ হয়নি। তাই সবকিছু বিবেচনায় নতুন করে প্রস্তাব তৈরি করা হচ্ছে।কমিটির সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দাশগুপ্ত অসীম প্রথম আলোকে বলেন, চূড়ান্ত করে মাস খানেকের মধ্যে আইন মন্ত্রণালয়ে আবার এ-সংক্রান্ত প্রস্তাব পাঠানো হবে।