গত ১৩ বছরে একাধিকবার চেষ্টা সত্ত্বেও জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা যায়নি। একজনকে সভাপতি বা আহ্বায়ক করলে অন্য পক্ষের নেতা-কর্মীরা চরম বিরোধিতা করেন। মূলত দুই পক্ষের অন্তর্দ্বন্দ্ব, পাল্টাপাল্টি মিছিল-ধাওয়া, একই কর্মসূচিতে দুই পক্ষের পৃথক সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া—এভাবে চলছে কিশোরগঞ্জ জেলা বিএনপির কার্যক্রম।১৯৯৮ সালে তৎকালীন সাংসদ মুজিবুর রহমান মঞ্জুকে জেলা বিএনপির আহ্বায়ক করে ১০১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কিন্তু নেতা-কর্মীদের বিরোধিতায় তিনি জেলা শহরে তেমন সভা করতে পারেননি। একপর্যায়ে বেশ কিছু সভা হয় ভৈরব উপজেলায়। ওই কমিটি ছয় বছরেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি।২০০৪ সালে কেন্দ্রীয় কমিটি আবারও মুজিবুরকে জেলা বিএনপির আহ্বায়ক করলে একই অবস্থার সৃষ্টি হয়। এ অবস্থায় বিগত তত্ত্বাবধায়ক সরকার গঠনের আগে কেন্দ্রীয় কমিটি সাবেক শিক্ষামন্ত্রী এম ওসমান ফারুককে সভাপতি ও আ ঈ ম ওয়ালী উল্লাহ রাব্বানীকে সাধারণ সম্পাদক করে দুই সদস্যের কমিটির নাম ঘোষণা করা হয়। কিন্তু শুরু থেকেই সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে নেতা-কর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন। সংঘর্ষে লিপ্ত হন একাধিকবার।২০০৯ সালের জুলাইয়ের শেষ দিকে বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক পত্রে কৃষক শ্রমিক জনতা লীগের সাবেক সাধারণ সম্পাদক, বিএনপির নেতা এম ওসমান ফারুক-সমর্থিত আইনজীবী ফজলুর রহমানকে আহ্বায়ক এবং আ ঈ ম ওয়ালী উল্লাহ রাব্বানীকে প্রথম যুগ্ম আহ্বায়ক করে নয় সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করা হয়।কিন্তু ‘বহিরাগত’ ফজলুরকে আহ্বায়ক করায় ওয়ালী উল্লাহর পক্ষের নেতা-কর্মীরা ‘ফজলুবিরোধী’ আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন। এ ক্ষেত্রে ওয়ালী উল্লাহ জেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান ভূঁইয়ার সহযোগিতা নেন। ২০১০ সালের নভেম্বরে জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য সম্মেলন ও কাউন্সিল করতে প্রথমে কিশোরগঞ্জ পাবলিক লাইব্রেরি ব্যবহারের অনুমতি চেয়ে প্রশাসনের কাছে আবেদন করেন ফজলুর। জানতে পেরে একই স্থানে সমাবেশের আবেদন করেন বিএনপির নেতা হাবিবুর। প্রশাসন দুই পক্ষের আবেদন বাতিল করে। এমনি করে ফজলুর একে একে ২৪টি স্থান ব্যবহারের আবেদন করেন। তাঁর দেখাদেখি হাবিবুরও ওই ২৪টি স্থানে সমাবেশের আবেদন করেন এবং জেলা প্রশাসন দুই পক্ষের আবেদন বাতিল করে।পরে ২০ নভেম্বর ফজলুরের সমর্থকেরা গাইটাল আন্তজেলা বাসস্ট্যান্ড-সংলগ্ন ব্যক্তিমালিকানাধীন একটি জমিতে সম্মেলন করেন। এতে বিএনপির কেন্দ্রীয় কমিটির তৎকালীন যুগ্ম মহাসচিব আবদুল্লাহ আল নোমান উপস্থিত ছিলেন। সম্মেলনে ফজলুরকে সভাপতি ও মাসুদ হিলালীকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়।একই দিন ওয়ালী উল্লাহর নেতৃত্বে ফজলুবিরোধী নেতা-কর্মীরা স্থানীয় ইসলামিয়া সুপার মার্কেট প্রাঙ্গণে পাল্টা কাউন্সিল করে হাবিবুর রহমান ভূঁইয়াকে সভাপতি ও মাসুদ ইকবালকে সাধারণ সম্পাদক করে ৬২ সদস্যবিশিষ্ট পাল্টা জেলা কমিটি ঘোষণা করেন।সম্মেলনের পর উভয় কমিটির তালিকা কেন্দ্রের কাছে জমা দেওয়া হয়। তবে কোনো কমিটিকে অনুমোদন দেয়নি কেন্দ্র। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আলাপ করে কেন্দ্রীয় কমিটি ফজলুর রহমানকে আহ্বায়ক, ওয়ালী উল্লাহ রাব্বানীকে প্রথম যুগ্ম আহ্বায়ক করে আগের আহ্বায়ক কমিটিই বহাল রাখেন। এরপর ফজলুরকে জেলায় অবাঞ্ছিত ঘোষণা করে দল থেকে বহিষ্কারের দাবিতে অর্ধশতাধিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ওয়ালী উল্লাহ ও হাবিবুর-সমর্থিত নেতা-কর্মীরা।পূর্ণাঙ্গ কমিটির ব্যাপারে জানতে চাইলে বিএনপির নেতা ওয়ালী উল্লাহ রাব্বানী বলেন, ‘কমিটি করার দায়িত্ব কেন্দ্রের। এ ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই। তবে ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের নিয়ে যেন নতুন কমিটি করা হয়।’বিএনপির নেতা হাবিবুর রহমান ভূঁইয়া জানান, ‘ফজলুর রহমান বর্তমান সরকারের লোক। তিনি জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাসী নন। রাজনৈতিক জীবনে তিনি বহুবার দল বদল করেছেন। একজন সচেতন দলীয় কর্মী হিসেবে তাঁর নেতৃত্ব আমিসহ দলের সিংহভাগ নেতা-কর্মী মেনে নেব না।’ ফজলুর রহমান বলেন, ‘ঘরের কথা সাংবাদিকদের বলতে চাই না।’