চট্টগ্রাম শিক্ষা বোর্ডে জালিয়াতি
বারবার তদন্তে প্রমাণ মিললেও শাস্তি হয় না, তাই সক্রিয় চক্র
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে একটি চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন পরীক্ষার উত্তরপত্র ও সনদ জালিয়াতি করছে বলে অভিযোগ রয়েছে। শিক্ষা বোর্ডের শিক্ষা শাখা, কম্পিউটার ও সার্টিং শাখার কয়েকজন কর্মচারী এই চক্রের সঙ্গে জড়িত। ২০১১ সালের এসএসসি পরীক্ষার উত্তরপত্র পরিবর্তনের অভিযোগে গত বুধবার এই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা সবাই বোর্ডের কর্মচারী।জানা গেছে, উত্তরপত্রে নম্বর পরিবর্তন ও সনদ জালিয়াতির অভিযোগে ইতিপূর্বে গঠিত কয়েকটি তদন্ত কমিটি এই চক্রের সদস্যদের দোষী সাব্যস্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল। কিন্তু এসব সুপারিশ কখনো বাস্তবায়িত হয়নি। এ কারণেই চক্রটি বারবার একই ধরনের অপরাধ করে যাচ্ছে।পুলিশ সূত্র জানায়, এবারের এসএসসি পরীক্ষার উত্তরপত্র পরিবর্তনের সঙ্গে এই তিনজন কর্মচারীই জড়িত। তাঁদের মধ্যে মহসিন পাটোয়ারীর বিরুদ্ধে আগেও জালিয়াতির প্রমাণ মিলেছে। তিনি বোর্ডের কম্পিউটার শাখার দৈনিকভিত্তিক নিম্নমান সহকারী। তিনিই এই চক্রের মূল হোতা। একই ঘটনায় গ্রেপ্তার হওয়া অন্য দুজন হলেন কম্পিউটার কর্মচারী আশানুর মোল্লা ও স্ক্যানিং অপারেটর ফখরুজ্জামান ভূঁইয়া। তাঁরা দুই শিক্ষার্থীর নৈর্ব্যক্তিকের মূল উত্তরপত্র সরিয়ে তাতে নতুন করে দুটি উত্তরপত্র সেঁটে দেন। শিক্ষা বোর্ড সূত্র জানায়, ২০০৩ সালে মহসিন পাটোয়ারীর বিরুদ্ধে উচ্চমাধ্যমিক পরীক্ষার ছয় বিষয়ের উত্তরপত্র জালিয়াতির অভিযোগের প্রমাণ পায় তদন্ত কমিটি। এ ঘটনায় উৎপল বিশ্বাস নামের আরেক কর্মচারীও জড়িত ছিলেন। ওই ঘটনায় গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির প্রধান ছিলেন সিটি করপোরেশনের তৎকালীন প্রধান শিক্ষা কর্মকর্তা এ টি এম সালেহ জহুর। আরেক সদস্য এখন পটিয়া কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবুল হোছাইন।আবুল হোছাইন প্রথম আলোকে বলেন, ‘উত্তরপত্র জালিয়াতির ঘটনায় তখন মহসিন ও উৎপল বিশ্বাসের জড়িত থাকার অকাট্য প্রমাণ পাওয়া গেছে। আমরা তাঁদের চাকরি-বিধি অনুযায়ী শাস্তির সুপারিশ করেছিলাম। তাঁদের খুঁটির জোর শক্ত থাকায় সুপারিশ বাস্তবায়িত হয়নি। এ কারণে বারবার এই ধরনের জালিয়াতির ঘটনা ঘটছে।’বোর্ড সূত্র জানায়, গত বছরের শেষ দিকে মহসিনের বিরুদ্ধে সাইফুল আনসারি নামের এক শিক্ষার্থীর মূল সনদে জন্মতারিখ পরিবর্তন করে দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এক যুগ পেরিয়ে গেলেও কমিটি প্রতিবেদন দেয়নি। সাইফুল ১৯৯৮ সালে এসএসসি পাস করেন।জানা গেছে, বোর্ড থেকে ইস্যু করা সনদে সাইফুল আনসারির জন্মতারিখ ছিল ৮ জুন, ১৯৮১। পরে সাইফুল তাঁর জন্মতারিখ সংশোধনের আবেদন করেন। তবে গত বছরের ৩০ জুন অনুষ্ঠিত বোর্ডের নাম ও বয়স সংশোধনী কমিটির সভায় তাঁর এই আবেদন খারিজ হয়ে যায়। পরে দেখা যায়, ওই ছাত্রের জন্মতারিখ অবৈধভাবে সংশোধন করে একটি সনদ ইস্যু করা হয়। তাতে নতুন জন্মতারিখ লেখা হয় ৮ জুন, ১৯৮২। নাম প্রকাশ না করার শর্তে তদন্ত কমিটির এক সদস্য প্রথম আলোকে বলেন, ‘মহসিনকে ধরে এই কাজটি করেছেন সাইফুল আনসারি। এর প্রমাণ আমরা পেয়েছি। কয়েক দিনের মধ্যে প্রতিবেদন দেব।’ বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল হুদা সনদ ও উত্তরপত্রে দুর্নীতির বিষয়টি স্বীকার করে বলেন, ‘মহসিনসহ কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে আগেও নানা অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। কিন্তু তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমি চাই দুর্নীতিমুক্ত বোর্ড। তাই উত্তরপত্র জালিয়াতির ঘটনায় সম্প্রতি আমি তাঁদের পুলিশে সোপর্দ করেছি।’