বারবার পুড়ে ছাই, প্রতিকার নাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কার্ড নম্বর ৪৭৩৭সহকারী অপারেটরনাম রুপালিনামের মতোই সাদামাটা ছিল তাঁর চাওয়া-পাওয়া। রুপালির বড্ড শখ ছিল এক টুকরা সোনায় গড়া কানের দুলের। কিন্তু অভাবের সংসারে তিন বেলা খাবার জুটানোই ছিল কষ্টকর। তাই কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর রুপালি স্বামীর হাত ধরে ছয় মাস আগে পাড়ি জমান ঢাকায়। একমাত্র ছেলে রুবেল থাকে নানির কাছে। আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরীন ফ্যাশনস লিমিটেডে রুপালি চাকরি নেন ২০১২ সালের ১ এপ্রিলে। প্রতিদিনের মতো ২৪ নভেম্বর সকালেই ঘুম ভাঙে তাঁর। নিজের হাতে রান্না করে স্বামীকে খাইয়ে দেন। অফিসে বেরোনোর আগে তাঁর কানের পুঁতির দুল ধরে দুষ্টুমি করেন স্বামী কছিম উদ্দিন। তখন রুপালি বলেন, ‘এই মাসের বেতন পেলে আরও কিছু টাকা জমাব। আর তুমি (স্বামী) আমারে কিছু টাকা দিবা। এরপর আমার সোনার কানের দুল বানাতে দিব।’ সকালে দুজনে যাঁর যাঁর অফিসে চলে যান। দুপুরে খাওয়ার সময় বাসায় এসে স্বামীর জন্য ভাত বেড়ে রাখেন রুপালি। অপেক্ষা করেন। কছিম বাসায় আসার পর রুপালি অফিসে ছোটেন। আর যেতে যেতেই বলেন, ‘রাতে তুমি তো আগে আসবা, তাহলে কাঁচাবাজার করে ফিরো। আমি এসে রান্না করব।’ এই ছিল রুপালির সঙ্গে তাঁর স্বামীর শেষ কথা। এরপর সন্ধ্যা সাতটায় তৈরি পোশাক কারখানায় আগুনের খবর শুনে ছুটে আসেন কছিম। রুপালির মুঠোফোনও বন্ধ। সারা রাত অপেক্ষা করেন। জীবিত ব্যক্তিরা ফিরে আসেন স্বজনের কাছে। রুপালির খোঁজ নেই। একে একে লাশ নামাতে থাকেন উদ্ধারকর্মীরা। স্থানীয় স্কুলমাঠে লাশের স্তূপ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করেও রুপালিকে শনাক্ত করতে পারেননি তাঁর স্বামী। একই অফিসে কাজ করতেন কছিমের ছোট বোন ববিতা। তাঁর লাশেরও সন্ধান মেলেনি। স্ত্রী-বোনকে হারিয়ে চোখ দুটো স্থির হয়ে গেছে কছিমের।২৪ নভেম্বর সন্ধ্যা সাতটা থেকে লাগা আগুনে পুড়ে গেছে এমন আরও অনেকে। নিশ্চিন্তপুর এখন তাই অনিশ্চয়তার পুরে পরিণত হয়েছে। ক্ষুধার তাড়নায় নিম্ন আয়ের এসব মানুষ ছুটে আসেন ঢাকায়, নিজের জীবিকার পাশাপাশি একটু ভালো থাকার আশায়। দেশের অর্থনীতির অন্যতম মাধ্যম এই তৈরি পোশাক কারখানার অধিকাংশই নারী শ্রমিক।আগুন লাগার পরও মায়ের সঙ্গে ঘণ্টা খানেকের মধ্যে দু-তিনবার যোগাযোগ করেন শাহ আলী। জ্বলন্ত আগুনের মধ্যে ছেলে, মা কি আর বসে থাকতে পারেন! তাই ছেলেকে বাঁচাতে দৌড়ান মা রেবেকা বেগম। কিন্তু আগুনের কাছে ঘেঁষাই দুষ্কর। মা আবার ফোন করেন শাহ আলীকে। তখন শাহ আলীর আকুতি, ‘মা, আমি কোন তলায় আছি জানি না। আমাকে বাঁচাও মা। আমি বাঁচতে চাই মা।’ মা আর ঠিক থাকতে পারেন না। স্বামীহীন সংসারে একমাত্র সন্তানের চোখের সামনে জ্বলে যাওয়ার কথা বলতে বলতেই মূর্ছা যান তিনি।সেই রাতে ভয়াবহ আগুনের হাত থেকে বেঁচে আসেন নওগাঁর মেয়ে রিপা আক্তার। কীভাবে কেটেছে আটকে পড়া মুহূর্তগুলো, বললেন রিপা, ‘সন্ধ্যা সাতটার ঠিক আগ মুহূর্তে হঠাৎ আগুনের অ্যালার্ম বেজে উঠল। টের পেয়ে আমরা কাজ ফেলে নিচে নামতে লাগলাম। তিনতলায় আসার পর একজন আমাদের জানালেন ভয়ের কিছু নেই। তা শুনে অনেকেই ওপরে উঠতে লাগল। সিঁড়ির পাশে এসে আমি জানালা দিয়ে নিচে তাকালাম। দেখি অনেকেই নেমে দৌড়াচ্ছে। একজন আমাকে নেমে আসার ইশারা দিল। আমি আবার চারতলায় আমার স্বামীকে নিতে এলাম। কিন্তু ততক্ষণে আগুন তিনতলায় এসে গেছে। অন্ধকারে কিছুই দেখা যায় না। শুধু চিৎকার আর হুড়োহুড়ি। এর মধ্যেও একজন নারী আর একজন ছেলে মুঠোফোনের লাইট জ্বালিয়ে অন্যদের সাহায্য করছে। আমি টানলেও তারা আসতে চাইল না। এরপর কয়েকজনে মিলে চারতলার একটা জানালা ভেঙে ফেলল। আমার স্বামী আমার হাত ধরে লাফ দিল। পাশের বিল্ডিংয়ের তিনতলার ছাদে এসে পড়লাম। কীভাবে বাঁচলাম আর কিছু জানি না।’ঘটনার পর সকালে কারখানার ভেতরে ঢুকে দেখা যায়, প্রতিটি জানালার কাছেই অসংখ্য নারী-পুরুষের স্যান্ডেল। তিনতলার একপাশে আগুনে জ্বলে যাওয়া এক টুকরা হাতের সন্ধান মেলে। কবজির ওপর থেকে আলাদা হওয়া হাতের ভেতরে তখনো একটি প্লাস্টিকের চুড়ি গলে লেগে আছে। বোঝা যায়, হাতটি কোনো নারীর।পাঁচতলায় আয়রন রুমে তখনো কয়েক ছড়া পাকা কলা আর কেক-শিঙাড়া পড়ে আছে। কাগজের একটি শপিং ব্যাগে টিফিন বাটি, আইডি কার্ড আর একটা ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম পড়ে আছে ফ্লোরে।নরসিংদীর জরিনা বেগম তাজরীন ফ্যাশনসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতেন। বেশ কর্মঠ ছিলেন। প্রতিবেশীরা জানান, কখনো তাঁদের সঙ্গে ঝগড়া হয়নি তাঁর। বিকেলে এসে মাছ কিনে এনে কেটে ধুয়ে রেখে গেছেন। রাতে এসে রান্না করবেন স্বামী আর সন্তানদের জন্য। কিন্তু আর ফেরা হয়নি তাঁর। আগুনে পুড়ে মারা গেছেন তিনি। লাশ শনাক্ত করে তাঁর পরিবার নিয়ে গেছে।আগুন লাগার পর থেকে মালিক কেন উধাও?শিরিন আক্তারসভাপতি, বাংলাদেশ জাতীয় শ্রমিক জোটবাংলাদেশে গার্মেন্ট সেক্টরে এটাই সবচেয়ে বেশি ও বড় মৃত্যুর ঘটনা। বিভিন্ন সময়ে আমরা যেসব সুপারিশ দিই, তা সম্পূর্ণভাবে কর্তৃপক্ষ মানে না। তা ছাড়া শ্রম আইন মেনে চলার ঘটনাও বিরল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ফ্যাক্টরিতে আগুন লাগার পর থেকে মালিক কেন উধাও? তাহলে কি এর সঙ্গে অন্য কোনো ঘটনা আছে? এই প্রশ্নের উত্তর আমরা চাই। আমরা এই মালিকের সম্পূর্ণ তথ্য জানতে চাই। তাঁর সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততা আছে কি না, অথবা তাঁর ব্যাংক হিসাবও দেখাতে হবে।’ অন্য সব ঘটনার মতো এবারের ঘটনাকেও নিছক দুর্ঘটনা বলে উড়িয়ে দিতে দেওয়া হবে না দায়ী ব্যক্তিদের কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে। প্রতিটি স্থানেই শ্রমিকদের প্রতিনিধিত্ব প্রতিষ্ঠা করা সবচেয়ে জরুরি। তা ছাড়া কারখানাগুলোতে গ্রাম থেকে আসা বেশির ভাগ নারী কাজ করেন, যাঁরা শহরের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেন না। তাই তাঁদের অবশ্যই প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলতে হবে। তাঁদের কাজ করার জন্য একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করে দিতে হবে।শ্রম আইন মানা হয়নিনাজমা আক্তার সভাপতি সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনএখানে কোনো ধরনের শ্রম আইনের নিয়ম মানা হয়নি। কীভাবে হাজার হাজার মানুষের নিরাপত্তা ছাড়াই এই ফ্যাক্টরি এত দিন চলেছে, তা আমি বুঝতে পারছি না। জরুরি মুহূর্তে একজন শ্রমিক যে সিঁড়ি দিয়ে নেমে আসবেন, তা পারছেন না। কারণ, গেটে তালা দেওয়া। তাহলে কীভাবে বাঁচবে জীবনগুলো? প্রশ্নগুলোর যথাযথ জবাব দিতেই হবে।বিজিএমইএর বক্তব্য২৬ নভেম্বর ঢাকার বিজিএমইএর সভাকক্ষে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে বিজিএমইএর বক্তব্য তুলে ধরেন সংগঠনটির সভাপতি মো. সফিউল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘তাজরীন ফ্যাশনস লিমিটেডে অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা শোকাভিভূত, মর্মাহত, স্তম্ভিত। শ্রমিকেরাই এই শিল্পের প্রাণ। তাঁদের নিরলস প্রচেষ্টার ফলেই আজ পোশাকশিল্প ২০ বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হয়েছে। তৈরি পোশাকশিল্প একটি শ্রমঘনশিল্প। এখানে অগ্নিদুর্ঘটনা কোনো উদ্যোক্তারই কাম্য নয়। আমরা মনে করি, অগ্নিনিরাপত্তা প্রত্যেকেরই অধিকার। সে লক্ষ্যে আমরা নানা পদক্ষেপ হাতে নিয়েছি। আমরা খতিয়ে দেখতে চাই, এর পেছনে কোনো নাশকতা আছে কিনা। এ ছাড়া আমাদের দুর্বলতাও খতিয়ে দেখতে চাই। তাই আমাদের চার সদস্যের তদন্ত দল কাজ করছে। সরকার ও ব্র্যান্ডগুলোর সহায়তায় আগামীতে আমরা বৃহৎ পরিসরে অগ্নিনিরাপত্তা নিয়ে কাজ করব। নিয়মিত কারখানা পরিদর্শন করব।’তাজরীন ফ্যাশনসের মালিকের প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মো. সফিউল ইসলাম বলেন, ‘তার সঙ্গে আমাদের যোগাযোগ আছে। এতগুলো লোকের সঙ্গে তারও বিপুল অঙ্কের টাকার ক্ষতি হয়েছে। সে মানসিক চাপে আছে। তবে তার প্রতিনিধিরা নিহত শ্রমিকসহ হাসপাতালে আহতদের নিয়মিত খোঁজ নিচ্ছে।’