বারবার বাঁধ ভেঙে লোকালয় প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সাবোক আমলে দেখছি বান (বাঁধ) দেয় শীতো (শুকনা মৌসুমে), বানও আছিল উঁচা-লম্বা, অ্যার চাইয়্যা দেড়া (দেড় গুণ)। আর এহোন বান দেয় বাইস্যাকালোত পানির মাইধ্যে। আর বান তো দেয় না, মনো অয়, মাছ ধরোনের লাইগ্যা বান দিতো আছে। এই বান টিকবো ক্যামনে? হ্যার লাইগ্যাই তো বারবার বান ছুডি (ভেঙে) যায়। আর মরি আমরা, নেতারা তো ঠিকউ পকেট বরে (ভরে)। পানি উন্নোয়ান বোডের এই বাহত্রামি শ্যাষ না কল্লে আমগো শান্তি নাই।’ চলতি বছরে নির্মিত বাঁধই বারবার ভেঙে লোকালয় প্লাবিত হওয়ায় পানি উন্নয়ন বোর্ডকে দায়ী করে ভোলার ধনিয়া ইউনিয়নের তলাতুলি এলাকার সফি মাঝি (৫৫) ক্ষোভের সঙ্গে এসব কথা বলেছেন। শুধু তিনি নন, ভোলা সদর, দৌলতখান, বোরহানউদ্দিনসহ সব উপজেলার ভাঙনকবলিত পানিবন্দীরা একই ধরনের অভিযোগ করেন।খোঁজ নিয়ে জানা গেছে, জেলা প্রশাসক মিলনায়তনে গত সেপ্টেম্বরে আইনশৃঙ্খলা-বিষয়ক বৈঠকে এবং গত ১৩ অক্টোবর ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় একই ধরনের অভিযোগ তুলে ধরেন বক্তারা।কৃষি ও পানি উন্নয়ন বোর্ড অফিসের তথ্য অনুযায়ী, এ বছর ছয়বার অস্বাভাবিক জোয়ার ফসল ও লোকালয়ের মানুষের ক্ষতি করেছে। গত মার্চে হঠাৎ করে অস্বাভাবিক জোয়ারে ভোলা, দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলার ৪০ হাজার হেক্টর জমিতে লবণ পানি ওঠে। আগে কখনো এরকম হয়নি। এর পরে ২৫ জুলাই, ২৬ আগস্ট, ৭ সেপ্টেম্বর ও সর্বশেষ ৬ অক্টোবর ভারী বৃষ্টি হয় ও অস্বাভাবিক জোয়ার আসে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী এতে মোট ৭৪ কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে ১০ কিলোমিটার বাঁধ। বাকি ৬৪ কিলোমিটারের আংশিক ক্ষতি হয়েছে।সরেজমিনে দেখা যায়, যে ১০ কিলোমিটার বাঁধ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে, তা নির্মাণের কার্যাদেশ হয় গত বর্ষা মৌসুমের শুরুতে, অর্থাৎ মার্চ মাসের শেষে। আর বর্ষায় নির্মিত ওই বাঁধই বারবার উচ্চ জোয়ারে ভেঙে যাওয়ার ফলে লোকালয়, পুকুর, খামার ও ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। পুরোনো বাঁধ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়নি।সর্বশেষ গত ৬ অক্টোবর রাতে অস্বাভাবিক জোয়ার এবং টানা বর্ষায় কাচিয়া ইউনিয়নের কাঠির মাথা থেকে উত্তর-পূর্ব কাচিয়া বন্যানিয়ন্ত্রণ রিং বাঁধের চারটি স্থান ভেঙে যায়। পরের দিন ধনিয়া ও দৌলতখান উপজেলার ভবানীপুর ও সৈয়দপুর ইউনিয়নের রিং বাঁধ এবং বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ও বড় মানিকা ইউনিয়নের বাঁধ ভেঙে যায়।সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের বাঁধ ভেঙে ক্ষতির শিকার হয়েছেন, এমন কয়েক শ পানিবন্দী, ঘরহারা ব্যক্তি—খোরশেদ বেপারী (৫৫) মফিজুল হক, আলমগীর, ইব্রাহীম, মানছুরাসহ আরও অনেকে ২৮ অক্টোবর জানান, ‘গত বর্ষার প্রথমে ইউনিয়নের কাঠির মাথা থেকে ইলিশা ইউনিয়নের সীমানা পর্যন্ত এ বাঁধ নির্মাণ শুরু করে ঠিকাদার। বাঁধ নির্মাণের কাজ সম্পন্ন না হতেই জুলাই মাসে দুই স্থান ভেঙে গেলে এলাকার প্রায় আড়াই শ পরিবার ডুবে যায়। ওই বাঁধ আবার সংস্কার করা হলে আবারও তা ভেঙে যায়। সর্বশেষ ৬ অক্টোবর রাতে পানি ঢুকে পুরো কাচিয়া ইউনিয়ন ডুবে যায়। এলাকার মানুষ এখনো পানিবন্দী। কাচিয়ার পানিবন্দী ব্যক্তিরা জানান, বর্ষাকালে পানির মধ্যে সরু বাঁধ নির্মাণ করায় তা বারবার ভেঙে যাচ্ছে। এতে কাচিয়াবাসী মানবেতর জীবন কাটাচ্ছে। ওই বাঁধ শীতের শুরুতে এবং আগের মতো উচ্চতা ও প্রস্থ বাড়িয়ে নির্মাণ করা হলে এ অবস্থার সৃষ্টি হতো না। একই অভিযোগ করেন ধনিয়া, ভবানীপুর, সৈয়দপুর, পক্ষিয়া ও বড় মানিকার ক্ষতিগ্রস্ত ইউনিয়নবাসী। ওই সব ইউনিয়নেও এ বছর ছয়বার উচ্চ জোয়ার আঘাত হেনেছে। পানি উন্নয়ন বোর্ড সূত্র আরও জানায়, ২০০৯ সালে আইলার সময় ভোলার ৩৫৫ কিলোমিটার বন্যানিয়ন্ত্রণ বাঁধের প্রায় ১০ কিলোমিটার ভেসে যায়। এ সময় আরও ৩৪৫ কিলোমিটার বাঁধ কম-বেশি ক্ষতিগ্রস্ত হয়। ওই বাঁধ সংস্কারের জন্য কিছু খাদ্যশস্য বরাদ্দ হলেও বাঁধ পরিপূর্ণভাবে সংস্কার হয়নি। ফলে ওই বছরই বর্ষা মৌসুমে উচ্চ জোয়ার ও ঢেউয়ে কয়েকবার ভোলা, দৌলতখান ও বোরহানউদ্দিনসহ সাত উপজেলার বিভিন্ন স্থানের বাঁধ ভেঙে যায়। কিন্তু বরাদ্দ না আসায় ভোলার সাতটি উপজেলাই গত বর্ষা থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত অরক্ষিত ছিল।গত মে মাসের শেষ দিকে ক্ষতিগ্রস্ত বন্যানিয়ন্ত্রণ বাঁধের বিকল্প হিসেবে সাত উপজেলায় প্রায় ১০ কিলোমিটার রিং বাঁধ নির্মাণের কার্যাদেশ হয়। এতে বরাদ্দ হয় আট কোটি টাকা। ওই বাঁধ নির্মাণ হয় ভোলা সদরের কাচিয়া ও ধনিয়া, দৌলতখানের ভবানীপুর ও সৈয়দপুর, বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া, বড় মানিকা ও হাসাননগর, তজুমদ্দিনের সোনাপুর এবং লালমোহনের ধলীগৌর নগর, চরফ্যাশনের চরমাদ্রাজ ও মনপুরায়। মে-জুনে নির্মিত নতুন রিং বাঁধে আবার জোয়ার আঘাত হানলে জরুরি ভিত্তিতে বাঁধ সংস্কার করার জন্য সাত উপজেলায় প্রায় সাড়ে তিন কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। এ কাজের মেয়াদ শেষ হলেও দুর্যোগের কারণে কাজ এখনো শেষ হয়নি।ভোলা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শেখ ফরিদ প্রথম আলোকে বলেন, আগে বাঁধ নির্মাণ হতো আরও প্রশস্ত (প্রস্থ থাকত ১৪ ফুট, নদীর পাশে ঢাল থাকত ১ দশমিক ৭ ফুট)। বর্তমানে হচ্ছে রিং বাঁধ। এ বাঁধের সাইজ অনেক ছোট (প্রস্থ আট ফুট, নদী ও দেশ-পাশের ঢাল ১ দশমিক ২ ফুট)। বেড়েছে দুর্যোগে হার। এখন বাঁধের উচ্চতা ও প্রশস্ততা বাড়ানো উচিত। তা হচ্ছেই না। বরং বর্ষা মৌসুমে বাঁধ নির্মাণের বরাদ্দ আসছে। বর্ষাকালে বাঁধ নির্মিত হলে মাটির সংকট পড়ে; বাঁধ হয় দুর্বল। শীত মৌসুমে বাঁধ নির্মাণ হলে বাঁধ শক্ত হয়।তিনি আরও বলেন, ‘গত বর্ষায় যে বাঁধ নির্মিত হয়েছে, সে বাঁধের বাজেট এসেছে জুনে। তার পরও কার্যাদেশ আমরা আগে দিয়েছি। সম্প্রতি দুর্যোগে বাঁধের যে ক্ষতি হয়েছে, তা সংস্কারের জন্য দ্রুত বাজেট এলে শীতের শুরুতেই নির্মাণ আরম্ভ করতে পারি।’