সাড়ে সাত বছর আগে চট্টগ্রামে অপহরণের পর খুন করা হয় জাহাজ ব্যবসায়ী রেজাউর রহমান জাকিরকে। শুরুতেই হত্যার ঘটনায় জড়িত হিসেবে আলোচনায় আসে একাধিক ধনাঢ্য ব্যবসায়ীর নাম। কিন্তু বিএনপি-জামায়াত জোট সরকার আমলে তদন্তে তা উপেক্ষা করা হয়। উপরন্তু সাজানো তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আড়াল করার তৎপরতার অভিযোগ রয়েছে। একই ধারা অব্যাহত থাকে তত্ত্বাবধায়ক সরকার আমলেও।আলোচিত এই ব্যবসায়ী হত্যা মামলাটির বারবার ‘সাজানো’ তদন্তের বিরুদ্ধে আপত্তি করেছিলেন তৎকালীন সরকারি কৌঁসুলিও (পিপি)। বাদীর পক্ষ থেকেও বারবার তদন্তকারী সংস্থা সিআইডির কাছে ধরনা দিয়ে, সন্দেহভাজন আসামিদের সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছিল। কিন্তু ছয় দফা তদন্ত কর্মকর্তা বদল হলেও বদলায়নি তদন্তের গতি।কোথাও প্রতিকার না পেয়ে মামলার বাদী নিহত জাকিরের ভাই মিজানুর রহমান তদন্তের বিরুদ্ধে অনাস্থা জানান এবং অধিকতর তদন্তের দাবিতে আদালতে রিভিশন (তদন্ত পুনর্বিবেচনার) মামলা করেছেন। ২৯ মার্চ চট্টগ্রামের অতিরিক্ত তৃতীয় জেলা ও দায়রা জজ আদালতে এই রিভিশন আবেদনের শুনানির দিন ধার্য আছে।মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, সিআইডির তদন্ত কর্মকর্তাকে ভাইয়ের হত্যাকারীদের নামধাম দিয়েছি। কিন্তু তাঁদের তদন্তের আওতায় আনা হয়নি। তাঁর অভিযোগ, ‘তাঁরা আমার ভাইকে হত্যার পর তিনটি জাহাজ আত্মসাৎ করেছে। যার দাম শত কোটি টাকারও বেশি।’২০০৩ সালের ১১ আগস্ট সকালে চট্টগ্রাম শহরে অপহূত হন ব্যবসায়ী জাকির। পরদিন সকালে চট্টগ্রামের বোয়ালখালী থেকে হাত-পা বাঁধা অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়। আদালত সূত্র জানায়, ২০০৮ সালের ৩১ ডিসেম্বর নয়জনকে আসামি করে জাকির হত্যা মামলার অভিযোগপত্র দেয় সিআইডি। অভিযোগপত্রের প্রতি অনাস্থা জানিয়ে ওই বছরের ৫ জুলাই বাদী মিজানুর রহমান চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে রিভিশন মামলা করেন। ২০ মাস পর রিভিশনটির শুনানির কথা রয়েছে ২৯ মার্চ। রিভিশন মামলার আরজিতে বলা হয়, অভিযোগপত্রে যে নয়জনকে আসামি করা হয়েছে, তাঁরা জাকিরকে খুন করেননি। খুনীরা পর্দার আড়ালে আছেন। তাঁরা সমাজের পরিচিত ব্যক্তি। তাঁরা মৃত জাকিরকে জীবিত দেখিয়ে বিবাদী করে হাইকোর্টে এডমিরালিটি আবেদন করেন এবং পরবর্তীতে জাকিরের আমদানি করা তিনটি জাহাজ আত্মসাৎ করেছেন। সঠিকভাবে তদন্ত করলে খুনি কে, তা বের হবে।উল্লেখ্য, জাকিরের লাশ উদ্ধারের এক দিন পর ২০০৩ সালের ১৩ আগস্ট চট্টগ্রামের একজন জাহাজ ব্যবসায়ী হাইকোর্টে একটি আবেদন (এডমিরালিটি সংক্রান্ত) করেন। তাতে জীবিত দেখিয়ে জাকিরকে ৫ নম্বর বিবাদী করা হয়।মামলাটির নথিপত্র পর্যালোচনা করে চট্টগ্রাম মহানগর আদালতের সাবেক পিপি আহসানুল হক বলেন, ‘উল্টো পথে তদন্ত করে নতুন গল্প সাজিয়েছে সিআইডি।’ তাঁর মতে, জাকিরের আমদানিকৃত জাহাজ যাঁরা দখলে নিয়েছেন, তাঁদের আইনের আওতায় আনলেই হত্যায় জড়িতদের নাম বেরিয়ে যাবে। জানতে চাইলে সিআইডির চট্টগ্রাম অঞ্চলের বিশেষ সুপার মোহাম্মদ মুসলিম প্রথম আলোকে বলেন, ‘অনেক আগেই আদালতে অভিযোগপত্র দাখিল হয়েছে। আর সর্বশেষ তদন্ত কর্মকর্তা অবসর প্রস্তুতিকালীন ছুটিতে আছেন। তাই নথিপত্র না দেখে মন্তব্য করতে চাই না।’আত্মহত্যা তত্ত্ব: চারদলীয় জোট সরকার আমলে জাকির হত্যার তদন্ত ভিন্ন খাতে নেওয়ার অভিযোগ ওঠে মামলাটির দ্বিতীয় তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার (এএসপি) এ কে এম কবির উদ্দীনের বিরুদ্ধে। তিনি ২০০৪ সালের ১৪ জুলাই অভিযোগপত্র প্রস্তুতির অংশ হিসেবে সাক্ষ্য স্মারক দাখিল করেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের তৎকালীন পিপি কফিল উদ্দিনের কাছে। কফিল উদ্দিন ওই তদন্তের সঙ্গে ভিন্নমত পোষণ করে নথি ফেরত পাঠান। নথিতে পিপি মন্তব্য করেন, জাকির হত্যাকাণ্ডে তাঁর ব্যবসায়িক অংশীদারদের মধ্যে যাঁরা লাভবান হয়েছেন, তাঁদের বিষয়ে কোনো তদন্ত হয়নি। তদন্তে প্রকৃত আসামিদের আড়াল করা হয়েছে। পরে ওই তদন্ত কর্মকর্তাকে বদল করে সিআইডির এএসপি খালেকুজ্জামানকে তদন্ত কর্মকর্তা নিযুক্ত করা হয়। খালেকুজ্জামান এই খুনের ঘটনাকে ‘আত্মহত্যাজনিত মৃত্যু’ বলে উল্লেখ করে চূড়ান্ত প্রতিবেদন দিতে ২০০৫ সালের ১৫ জুন পিপির কাছে সাক্ষ্য স্মারক (এমই) পাঠান। তখন পিপি কফিল উদ্দিন এর পক্ষে-বিপক্ষে কোনো মতামত না দিয়ে মামলাটি স্থগিত রাখার প্রস্তাব দেন। কফিল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে ব্যবসায়ী জাকির খুন হন। হাইকোর্টে কারা জাকিরকে জীবিত দেখিয়ে তাঁর জাহাজ আত্মসাৎ করেছেন, তা পুলিশ বের করার চেষ্টা করেনি। তদন্তকারী সংস্থাকে এ বিষয়ে আমি ক্লু দিয়েছিলাম। অথচ পুলিশ ভিন্ন দিকে নিয়ে গেছে তদন্তকে। অর্থের কাছে চাপা পড়ে গেছে জাকির হত্যা মামলার প্রকৃত তদন্ত।’অবশ্য পরে ‘আত্মহত্যার তত্ত্বের উপস্থাপক’ খালেকুজ্জামানকে সাময়িক বরখাস্ত করে ২০০৫ সালের ২০ জুলাই তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয় সিআইডির ঢাকা অঞ্চলের এএসপি মুন্সি আতিকুর রহমানকে। মুন্সি আতিক ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলাসহ স্পর্শকাতর বিভিন্ন মামলা ভিন্ন খাতে নেওয়ার অভিযোগে ব্যাপক সমালোচিত। তিনি প্রায় দেড় বছর এ মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন। এরপর আরও তিনজন সিআইডি কর্মকর্তা মামলাটির তদন্ত করেন। তদন্তের গতি আর পাল্টায়নি।