চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনালে অপারেটর নিয়োগ নিয়ে জটিলতা
বারবার সিদ্ধান্ত বদল, দরপত্র আহ্বানে দেরি
বারবার নতুন সিদ্ধান্ত নেওয়ার কারণে সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) আওতায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনালে অপারেটর নিয়োগ করা যাচ্ছে না। টার্মিনালে বেসরকারি অপারেটর নিয়োগের জন্য দুই দফায় ছয়টি প্রতিষ্ঠানকে বাছাই করা হয়। কিন্তু এই প্রক্রিয়া শেষ হওয়ার পর গত ছয় মাসেও মূল দরপত্র আহ্বান করা হয়নি। এ সময়ে তিন দফায় বন্দর থেকে সংশোধিত দরপত্র দলিল অনুমোদনের জন্য নৌপরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হয়। কিন্তু মন্ত্রণালয় বারবার নতুন সিদ্ধান্ত দিচ্ছে বলে জানা গেছে।পিপিপির নিয়ম অনুসরণ করে এই টার্মিনালে বেসরকারি অপারেটর নিয়োগের দরপত্র কার্যক্রম গ্রহণ করার জন্য অর্থমন্ত্রী, পিপিপি সেল এবং পরামর্শক প্রতিষ্ঠান মতামত দিয়েছে। তবে মন্ত্রণালয় এই প্রকল্পের অপারেটর নিয়োগের দরপত্র গণখাতে ক্রয়বিধি-২০০৮ অনুসারে প্রণয়ন করার সিদ্ধান্ত দেওয়ায় নতুন করে জটিলতা তৈরি হয়েছে।জানতে চাইলে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান প্রথম আলোকে বলেন, পদ্ধতি নিয়ে কিছু জটিলতা তৈরি হওয়ায় দরপত্র আহ্বানে সময় লাগছে। দরপত্র পিপিআর অনুসারে প্রস্তুত করতে হয়। দরপত্র প্রণয়নে কিছু ব্যাখ্যা জানতে সংশ্লিষ্ট পক্ষকে চিঠি দেওয়া হয়েছে। তাদের মতামত পাওয়া গেলে শিগগির দরপত্র আহ্বান করা হবে বলে তিনি জানান।নথিপত্র অনুযায়ী, ২০০৭ সালের ডিসেম্বরে শেষ হওয়া এই টার্মিনাল নির্মাণে বন্দরের খরচ হয়েছে ৪৬৮ কোটি টাকা। পশ্চাৎসুবিধাসহ এই টার্মিনালে বন্দরের বিনিয়োগ ৫৮২ কোটি টাকা। নিয়োগ পাওয়া বেসরকারি প্রতিষ্ঠানকে এই টার্মিনালে যন্ত্রপাতি কেনাবাবদ বিনিয়োগ করতে হবে সম্ভাব্য এক হাজার ১০০ কোটি টাকা (১৩৬ মিলিয়ন ডলার)।প্রকল্পের খসড়া দরপত্র দলিলের শর্তানুযায়ী, নিয়োগ পাওয়া বেসরকারি অপারেটর বিনিয়োগ করে টার্মিনালটি পরিচালনা ও মাশুল আদায় করবে। বিপরীতে প্রতিবছর বন্দরকে একটি নির্দিষ্ট অর্থ রয়্যালটি দেবে। বন্দরকে কত টাকা দেওয়া হবে তা ঠিক হবে মূল দরপত্রের মাধ্যমে। বেসরকারি প্রতিষ্ঠান টার্মিনাল পরিচালনার ২০ বছর পর যন্ত্রপাতিসহ সব অবকাঠামো বন্দরকে ভালো অবস্থায় বুঝিয়ে দেবে।নৌ-মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত: ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি চারটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে এই টার্মিনাল পরিচালনার দরপত্রে অংশ নেওয়ার যোগ্য বলে নির্বাচন করা হয়। কিন্তু দেশীয় প্রতিষ্ঠানকে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য দরপত্র-প্রক্রিয়া বাতিল করা হয়। এরপর আরও দুটি প্রতিষ্ঠানকে দরপত্রে অংশ নেওয়ার যোগ্য হিসেবে নির্বাচন করা হয়। কিন্তু এসব প্রক্রিয়ায় নানা অনিয়মের অভিযোগে অর্থমন্ত্রী দরপত্রে কারিগরি ও আর্থিক যোগ্যতা যাচাইয়ের ব্যবস্থা রাখতে নির্দেশ দেন।অর্থমন্ত্রীর নির্দেশনা অনুসরণ করে গত ২৪ মে প্রথম দফায় দরপত্র দলিল অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠায় বন্দর কর্তৃপক্ষ। এরপর গত ১৫ জুন নৌপরিবহনমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত দরপত্র সংশোধনীবিষয়ক সভার নির্দেশনা অনুসারে ২৭ জুলাই আবারও বন্দর থেকে মন্ত্রণালয়ে দরপত্র দলিল অনুমোদনের জন্য পাঠানো হয়। এবারও অনুমোদন না দিয়ে গত ৮ সেপ্টেম্বর নৌপরিবহন সচিব আবদুল মান্নান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত একটি কমিটি নতুন করে নির্দেশনা দেয়। এই নির্দেশনা অনুসারে গত ১৩ অক্টোবর তৃতীয় দফায় দরপত্র দলিল অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠায় বন্দর কর্তৃপক্ষ।তৃতীয় দফায়ও অনুমোদন না দিয়ে সচিবের সভাপতিত্বে গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত আরেকটি সভায় আবার নতুন করে সিদ্ধান্ত দেওয়া হয়। এতে বলা হয়, গণখাতে ক্রয়বিধি-২০০৮ অনুযায়ী এই টার্মিনালে বেসরকারি অপারেটর নিয়োগের দরপত্র দলিল প্রণয়ন করতে হবে। ক্রয়বিধি অনুসারে দরপত্র আহ্বান করা হলে দরপত্র দলিলে বেসরকারি অপারেটরদের কারিগরি যোগ্যতা যাচাইয়ের ব্যবস্থা না রাখার পক্ষে মতামত তুলে ধরেন নৌপরিবহনসচিব।জানতে চাইলে চট্টগ্রাম বন্দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের বিষয়ে তিনটি সংস্থার মতামত জানতে চেয়ে বন্দর থেকে চিঠি দেওয়া হয়েছে। এর মধ্যে পিপিপি কার্যালয় এবং পরামর্শক প্রতিষ্ঠান পিপিপি-২০১০ অনুসরণ করে দরপত্র দলিল প্রণয়নের জন্য মতামত দিয়েছে। এখন সিপিটিইউর মতামত পাওয়ার পর মন্ত্রণালয়ে বিষয়টি চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হবে।বন্দরের সাবেক সদস্য হাদী হোসেন মনে করেন, মূল দরপত্রে কারিগরি যোগ্যতা যাচাইয়ের ব্যবস্থা রাখতে হবে। না হলে বেসরকারি অপারেটরদের কাছ থেকে সম্ভাব্য এক হাজার ১০০ কোটি টাকার বিনিয়োগের অঙ্গীকার আদায় করা যাবে না।