বারভিডা: হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ
বাংলাদেশ রিকন্ডিশন ভেহিক্যালস ইমপোর্টারস অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের (বারভিডা) কমিটি বাতিল ও প্রশাসক নিয়োগের স্থগিতের আদেশ স্থগিত করেছেন চেম্বার বিচারপতি। আট সপ্তাহের জন্য এ স্থগিতাদেশ দেওয়া হয়েছে। হাইকোর্টের আদেশের স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. শামসুল হুদা এ আদেশ দেন। গতকাল সোমবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ বারভিডা কমিটি বাতিল ও প্রশাসক নিয়োগের আদেশের কার্যকারিতা স্থগিত করেন। এই আদেশের ওপর স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষ আজ একটি আবেদন করে এবং এর ওপর শুনানি হয়। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান। রিটকারীর পক্ষে ছিলেন আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদ। চেম্বার বিচারপতির আদেশের ব্যাপারে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলো ডটকমকে বলেন, হাইকোর্টের আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। এতে প্রশাসক কাজ চালিয়ে যেতে পারবেন।বারভিডা কমিটি বাতিল ও প্রশাসক নিয়োগের আদেশের কার্যকারিতা গতকাল স্থগিত করেন হাইকোর্ট। ওই দিন বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানি নিয়ে রুল জারির পাশাপাশি এ আদেশ দেন। রুলে বাণিজ্য সংগঠনের পরিচালকের ওই আদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। ১৮ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনের পরিচালক নাজমুল আহসান মজুমদার এক আদেশে বারভিডার কার্যকরী কমিটি বাতিল করেন ও প্রশাসক নিয়োগ দেন। এ আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে বাতিল ঘোষিত কমিটির সভাপতি আবদুল মান্নান চৌধুরী ২০ অক্টোবর হাইকোর্টে রিট আবেদন করেন। দুই দিন শুনানি নিয়ে গতকাল আদালত এ বিষয়ে আদেশ দেন।২০১০ সালের ২৭ ডিসেম্বর বারভিডার সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। দুই বছরের ওই কমিটির মেয়াদ আগামী বছরের ১৫ জানুয়ারি শেষ হওয়ার কথা। এর আগেই ১৮ অক্টোবর কমিটি বাতিল করে সরকার বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোকাব্বার হোসেনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়।