বারাক ওবামার ভারত সফর শুরু আজ
আজ শনিবার ভারত থেকে শুরু হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার এশিয়া সফর। আজ সকালে তাঁর ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে পৌঁছানোর কথা রয়েছে।ভারতে এটাই ওবামার প্রথম রাষ্ট্রীয় সফর। তাঁর সফরসঙ্গীদের মধ্যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা টম ডোনিলন, অর্থমন্ত্রী টিমোথি, বাণিজ্যমন্ত্রী গ্রে লক, কৃষিমন্ত্রী টমাস ভিলস্যাক এবং এউএসএআইডির কর্মকর্তা রাজীব শাহ থাকতে পারেন বলে জানা গেছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও সাংবাদিকদের একটি বড় দল থাকছে ওবামার সঙ্গে।ওবামার এই ভারত সফরের সময় একাধিক বাণিজ্যিক চুক্তি হতে পারে। এ ছাড়া অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে দুই দেশ এ সময় পরিবেশবান্ধব জ্বালানি উন্নয়নের যৌথ উদ্যোগের ঘোষণা দিতে পারে। পাশাপাশি ভারতের কাছে অস্ত্র বিক্রির বিষয়েও আলোচনা হতে পারে।সফরসূচি: প্রায় ২০০ সফরসঙ্গী নিয়ে গতকাল শুক্রবার ওবামা ভারতের উদ্দেশে রওনা হন ওয়াশিংটন থেকে। মাঝে জার্মানিতে যাত্রাবিরতি করে আজ শনিবার সকালে এসে পৌঁছাবেন মুম্বাইয়ে। উঠবেন তাঁজ হোটেলে। ২০০৮ সালের ২৬ নভেম্বর ওই হোটেলে সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমেই শুরু হবে তাঁর সফর। আজ তিনি মার্কিন-ভারত অর্থনৈতিক উন্নয়ন বিষয়ে ইউএস-ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের একটি সম্মেলনে যোগ দেবেন।কাল রোববার টাউন হলে একটি অনুষ্ঠানে ভাষণ, সেন্টজেভিয়ারস কলেজে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় এবং একটি বিদ্যালয়ে হিন্দু সম্প্রদায়ের দীপাবলি উৎসবে যোগ দেবেন ওবামা।কাল দুপুরে মুম্বাই থেকে ভারতের রাজধানী নয়াদিল্লি যাবেন ওবামা। সেখানে তিনি ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আমন্ত্রণে এক ভোজে অংশ নেবেন এবং মোগল সম্রাট হুমায়ুনের সমাধিতে যাবেন। সোমবার ওবামা যাবেন রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে। এর আগে মনমোহন সিংয়ের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা এবং যৌথ সংবাদ সম্মেলনে যোগ দেবেন তিনি। পরে ভারতের পার্লামেন্টে বক্তব্য দেবেন মার্কিন প্রেসিডেন্ট।ওবামা-মনমোহন বৈঠক: প্রধানমন্ত্রী মনমোহনের সঙ্গে ওবামার বৈঠকে দুই দেশের পারস্পরিক, আঞ্চলিক এবং বৈশ্বিক স্বার্থ ও উন্নয়নের বিষয়ে আলোচনা হতে পারে। এ ছাড়া দুই দেশের ‘যৌথ আদর্শ ও স্বার্থের’ ভিত্তিতে পারস্পরিক সম্পর্কের কৌশলগত কাঠামোর আওতা বাড়ানোর বিষয়েও আলোচনা হতে পারে।নিরাপত্তা: কলকাতা প্রতিনিধি জানান, ওবামা মুম্বাইয়ে থাকবেন তাজ হোটেলে এবং দিল্লিতে মৌর্য্য হোটেলে। দুই দিন আগে থেকেই তাজ ও মৌর্য্য হোটেলে বাইরের অতিথিদের থাকা নিষিদ্ধ করা হয়েছে। জঙ্গিরা যাতে কোনো রকম নাশকতা চালাতে না পারে, সে জন্য সব রাজ্যের পুলিশকে সতর্ক করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। ওবামার চারদিকে আট পর্যায়ের নিরাপত্তা বেষ্টনী থাকবে। আর এই আট পর্যায়ের মধ্যে ভেতরের তিন পর্যায়ে নিরাপত্তার সব দায়িত্ব পালন করবে মার্কিন গোয়েন্দারা।বামপন্থীদের অবস্থান: বামপন্থীরা জানিয়েছে, আগামী সোমবার সংসদের যৌথ অধিবেশনে যোগ দিয়ে তারা ওবামার ভাষণ শুনবে। আবার ওবামার সফরের প্রতিবাদে সংসদের বাইরে এবং বিভিন্ন রাজ্যে বিক্ষোভও করবে সিপিএম, সিপিআই। এ ছাড়া ওবামার সফরের প্রতিবাদে ৮ নভেম্বর ভারতজুড়ে ২৪ ঘণ্টার বন্ধ্ ডেকেছে মাওবাদীরা। কলকাতার ২৬টি জায়গায় বিক্ষোভ করবে বামফ্রন্ট।৮ নভেম্বর সোমবার ওবামা ইন্দোনেশিয়ার উদ্দেশে ভারত ছাড়বেন। সেখান থেকে তিনি যাবেন দক্ষিণ কোরিয়ায়। দ্য হিন্দু, এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া।