বারে বারে আসি ফিরে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ছেড়ে চলে গেলে বোঝা যায় এর টানটা কেমন। আর সে টানটাই হাড়ে হাড়ে টের পেয়েছিলেন মেহেদী হাসান। ২০০২ সালে ভিনদেশে পাড়ি জমিয়েছিলেন তিনি। একে একে কেটে যায় আট বছর। আট বছর পর মেহেদী ফিরে এলেন এখানে। কিন্তু কোথায় কী! তত দিনে ঢাকার অনেক কিছুই পাল্টে গেছে। সেই পুরোনো মহল্লা আর নেই, নেই সেই পরিচিত মানুষ। আফসোস করে মেহেদী হাসান বলছিলেন, ‘আমাদের মহল্লাটা আগে অনেক সুন্দর ছিল। মানুষে মানুষে আন্তরিকতা ছিল। সবাই সবাইকে চিনত। এখন এখানে দেখি প্রচুর লোক। বেশির ভাগই বহিরাগত। এখন নিজেকেও কেমন যেন বহিরাগত বলে মনে হয়।’শীতের মৌসুমে প্রবাসী বাংলাদেশিদের অনেকেই ফিরে আসেন ঢাকায়।বছরের এ সময়টায় প্রবাসীদের দেশে আসাটা বেড়ে যায় বেশ। তার একটা কারণ হলো, পশ্চিমের দেশগুলোতে ব্যবসা-বাণিজ্য কমে যায় বলে চাইলেই এ সময় বেশ লম্বা ছুটি মেলে। তা ছাড়া এখন দেশের আবহাওয়াটাও প্রবাসীদের বেশ আরামপ্রদ। ফলে সব মিলিয়ে এ সময়টাকেই প্রবাসী বাঙালিরা বেছে নেন দেশে ফেরার সবচেয়ে উপযোগী সময় হিসেবে। নাগরিক জীবনের দুর্ভোগ আর গৌরব, দুই-ই তাঁদের ছুঁয়ে যায়।ঢাকার যানজটটা বড় ভোগায় মেহেদী হাসানকে। যানজট নিয়ে তার মতোই মহাবিরক্ত অস্ট্রেলিয়া-ফেরত সাবরিনা ইকবাল। তিনি বলছিলেন, ‘দেড় বছর পর ঢাকায় এসে দেখি, যানজটের জন্য রাস্তায় নামার উপায় নেই। আর ট্যাক্সি, সিএনজিওয়ালারা তো কোথাও যেতে চাইলে যাবে না; গেলেও মিটারে যাবে না।’তাঁর ছোট বোন সাদিয়া ইকবাল ফিরেছেন নিউইয়র্ক থেকে। বোনের দেখাদেখি যানজটের পাশাপাশি আরও একটা অভিযোগ করলেন তিনি, ‘এখানকার পানি এখন আমার আর একদমই সহ্য হয় না। আসার পর থেকে মিনারেল ওয়াটার কিনে খেতে হচ্ছে। ঢাকায় মশা বেড়েছে। এসব দেখলে খুব খারাপ লাগে। আমরা তো দুই দিন পর ফিরে যাব, কিন্তু ঢাকার জন্য, ঢাকার মানুষের জন্য খারাপ লাগে।’অবশ্য কিছু কিছু জিনিস নিয়ে আফসোসও করতে হলো তাঁদের। দুই বোনই স্বীকার করলেন, পয়লা বৈশাখে ঢাকার মতো অমন জমজমাট উৎসব আর কোথাও হয় না।ওবায়েদুল্লাহ মামুন থাকেন যুক্তরাষ্ট্রে। নেশায় ও পেশায় আলোকচিত্রশিল্পী। কাজ করেন নিউইয়র্কের ডুগাল ভিজ্যুয়াল সল্যুশনে, ব্যবস্থাপক হিসেবে। দেশে আসেন দুই বছর পর পর লম্বা ছুটি নিয়ে। তারপর ঢাকা শহরের এখানে-ওখানে ঘুরে ছবি তুলে বেড়ান। তারপর সেই ছবি নিয়েই প্রদর্শনী করেন যুক্তরাষ্ট্রে। আলোকচিত্রশিল্পী বলেই হয়তো তাঁর দেখার দৃষ্টিটা বেশ প্রখর। দেখা থেকেই তিনি বলছিলেন, ‘ঢাকা শহরটা অনেক বদলে গেছে। তবে মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি সুশৃঙ্খল। লাইন ধরে বাসে ওঠে, টিকিট কাটে। সাংস্কৃতিক দিক থেকেও নগরবাসী আগের চেয়ে অনেক বেশি সক্রিয়। পয়লা বৈশাখ, পয়লা ফাল্গুন, নবান্ন উৎসব, পৌষমেলা নিয়মিত পালন করে ঢাকার মানুষ। গ্যালারিগুলোতেও প্রচুর প্রদর্শনী হয় ছবি আর আলোকচিত্রের। গানবাজনার আয়োজন হয় নিয়মিত। সব মিলিয়ে আমার কাছে আগের চেয়ে ঢাকাবাসীকে অনেক বেশি সংস্কৃতিমনা মনে হয়।’এস এম ওয়ালী উল্লাহর আফসোসটা আবার ভিন্ন রকম। প্রায় ২৭ বছর হয়ে গেছে নিউইয়র্কে আছেন তিনি। পেটের তাগিদেই গিয়েছিলেন ওখানে, তারপর ঢাকার সঙ্গে কেবল সময়ে সময়ে আসা-যাওয়ার সম্পর্কটা রয়ে গেছে। মধ্যবয়সী এ মানুষটা এই দীর্ঘ সময়ে দেখেছেন অনেক কিছুই। খুইয়েছেনও অনেক। তিনি বলছিলেন, ‘কোরবানির সময় গাবতলীর গরুর হাট থেকে লুঙ্গি হাঁটু পর্যন্ত তুলে গরুর দড়ি ধরে হাঁটতে হাঁটতে আসা কিংবা বুড়িগঙ্গার পারে দাঁড়ানো লঞ্চ থেকে ‘‘মাদারীপুর, মাদারীপুর’’ ডাক শোনা, বিদেশ থাকলে এগুলোর কথা খুব মনে হয়।’তারপর একটা বিষণ্ন্নতার সুর চলে আসে তাঁর কণ্ঠে। অনেকটা স্মৃতিকাতর হয়েই বলতে শুরু করেন, ‘চারপাশটা অনেক পাল্টে গেছে। শহরের মানুষও আর আগের মতো নেই। মাঝেমধ্যে একধরনের শূন্যতা বোধ করি বুকের মধ্যে। মনে হয়, আমার পর আমার সন্তানেরা তো এখানে থাকতে চাইবে না। যে শেকড়ের ওপর ভর করে আমার বংশের আদি বৃক্ষটা দাঁড়িয়ে ছিল, তার শেকড় এ দেশের মাটিতে আর বাড়বে না। এ কথাটা মনে পড়লে মনে হয়, বিদেশে গিয়ে একটা আরামের জীবন হয়তো পেয়েছি, কিন্তু তার চেয়েও অনেক বেশি কিছু হারিয়ে ফেললাম।’