বারো মাসই পানির অপচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) অব্যবস্থাপনার একটি নমুনা পথের ধারে পানির অপচয়। এগুলো দেখভালে ঢাকা ওয়াসার নেই কোনো জনবল। সড়কনলের পানি তলিয়ে সড়কগুলো ‘ডোবা’ হয়ে গেলেও কর্তৃপক্ষ নলে কল বসানোর দায়িত্বটুকু নেয় না। ফলে কলের অভাবে অপচয় হচ্ছে ওয়াসার সরবরাহ করা পানির একটি বড় অংশ।কল নেই নলেপুরান ঢাকার কাজী আলাউদ্দিন রোডেই মিলবে তিন-তিনটি সড়কনল। এগুলোর কোনোটিতেই নেই চালু কল বন্ধ করার ব্যবস্থা। নাজিরাবাজার বালিকা উচ্চবিদ্যালয়ের ফটকে রয়েছে একটি সরবরাহ নল। তাতে দিনরাত পানি গড়িয়ে পড়ছে।এদিকে জনসন রোডের আদালতপাড়ায় মিলবে আরেকটি সড়কনলের। চারদিকে সিমেন্টে বাঁধাই করা সড়কনলটি বেশির ভাগ সময় ডুবে থাকে পানির নিচে। পানি গড়িয়ে পড়ে খোদ নলটিই ডুবে গেছে এখানে। খানিক বাদে বাদে বুদ্বুদসহ পানি বেরোচ্ছে নলটি থেকে।গোয়ালনগরের বাসিন্দা সীমানা রায় বলেন, ‘গোয়ালনগরে পানি সংগ্রহে সড়কনলে মুখ দিয়ে খানিকক্ষণ বাতাস টেনে আনতে হয়। টেনে বাতাসটুকু বের করতে পারলে নলে পানি আসে তিড়তিড়িয়ে। সেই পানিতে কাজ সারতে হয়। অথচ জনসন রোডে দিন-রাত পানি পড়ছে।’টিপু সুলতান রোডের চামু ডেন্টাল ক্লিনিকের সামনে রয়েছে একটি সড়কনল। এখানে কলের বদলে বসানো হয়েছে কাঠের ছিপি। ধোলাইখালের লেদ মেশিনের দোকানের মালিক আবদুর রশিদ জানান, টিপু সুলতান রোডের এই নলে কখনোই কল ছিল না। দিনরাত পানি গড়িয়ে পড়ত। কিছু দিন আগে কাঠের ছিপিটি বসিয়েছেন এক দোকানমালিক। এখন পানি গড়িয়ে পড়ে না। কিন্তু অনেকে পানি নেওয়া শেষে কাঠের ছিপিটি লাগাতে ভুলে যান। এতে পানির অপচয় হয়।গাড়ি ধোয়ায় বাড়াবাড়িঢাকা ওয়াসার অব্যবস্থাপনার পাশাপাশি গ্রাহক পর্যায়েও রয়েছে অবহেলার চিত্র। আলুবাজার পুকুরের পাশেই একটি বাড়িতে রয়েছে বেশ কিছু গাড়ি। এসব গাড়ি ধোয়ামোছা চলে সকালবেলা। ওয়াসার নলে রাবারের একটি পাইপ জুড়ে দিয়ে চলে গাড়ি ধোয়ার পর্ব। সে সময় অকারণে গড়িয়ে পড়তে থাকে পানি। গাড়ি ধোয়ার সময় পানির এই অপচয়ের চিত্র মিলবে গুলশান, বনানী, ধানমন্ডি আর উত্তরার মতো অভিজাত এলাকাগুলোয়।ট্যাংক উপচানোএদিকে ছাদের ট্যাংক উপচে পানি গড়িয়ে পড়ার ঘটনাটি বেশ পুরোনো। এখন ছাদের পানি উপচে পড়ার সঙ্গে যোগ হয়েছে রিজার্ভার উপচে পানি আসা। ঢাকার বেশির ভাগ বাড়িতে টানা পাইপ ব্যবহারের ফলে ঘটনাটি নিয়মিতই ঘটছে। পুরান ঢাকার ফ্রেন্স রোডের ৩৪ নম্বর বাড়ির কাছে রিজার্ভারের পানি উপচে পড়ে প্রায়ই। বাড়িটির তদারককারী (কেয়ারটেকার) শামসুদ্দিন বলেন, ‘ভোরবেলায় টানা পাম্প দিয়ে রিজার্ভারে পানি ভর্তি করে ফেলি। ফলে দুপুরের পরে মূল লাইনে পানি এলে পানি উপচে পড়ে।’ঢাকা ওয়াসা সূত্রে জানা গেছে, গ্রাহক পর্যায়ে পানির অপচয় রোধে বিভিন্ন সময় প্রচার-প্রচারণা চালানো হয়। এ জন্য গ্রাহকদের সচেতন হওয়ার প্রতি জোর দেন ঢাকা ওয়াসার সংশ্লিষ্ট কর্মকর্তারা।ঘরে ঘরে অপচয়সাতসকালে ঘুম থেকে উঠে দাঁত মাজার সময় অনেক গ্রাহকই কল খোলা রেখে দাঁত মাজার কাজ চালিয়ে যান। এতে স্বাভাবিকের তুলনায় বেশি পানি অপচয় হয়ে থাকে। এ ক্ষেত্রে প্রয়োজনমাফিক কল ছেড়ে পানি ব্যবহারের অভ্যাস করে এড়ানো যায় অপচয়।ঢাকা ওয়াসার একটি জরিপে জানা যায়, পাঁচ সদস্যের একটি পরিবারে দৈনিক ২০০ লিটার পানি খরচ হওয়ার কথা থাকলেও সরবরাহ স্বাভাবিক থাকলে খরচ করা হয় দুই হাজার লিটার। এ ক্ষেত্রে অপচয় হচ্ছে এক হাজার ৮০০ লিটার। এর অন্যতম কারণ হিসেবে বলা যায়, কল ছেড়ে বন্ধ না করা, ত্রুটিপূর্ণ কল ব্যবহার। বেসিনের কল না ছেড়ে রেখে, মগে করে পানি নিয়ে হাতমুখ ধোয়ার কাজ সারলে অনেক পানি সাশ্রয় হবে বলে সংশ্লিষ্টরা জানান।