বার্ড ফ্লুর বিস্তার রোধে মুরগিকে টিকা দেওয়ার সিদ্ধান্ত
এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লুর বিস্তার রোধে মুরগিকে টিকা (ভ্যাকসিন) দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্ত অনুযায়ী, দেশের এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস স্ট্রেইনের সঙ্গে সামঞ্জস্য রেখে বিশেষ সংক্রমিত এলাকা নির্ধারণ করে কয়েকটি খামারে নিয়ন্ত্রিত ও পরীক্ষামূলকভাবে টিকা দেওয়া হবে।এ লক্ষ্যে শিগগিরই বিদেশ থেকে টিকা আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে টিকা দেওয়ার অনুমতি না থাকলেও অনেক খামারি অবৈধ পথে টিকা এনে অবৈজ্ঞানিকভাবে এর ব্যবহার করছে বলে অভিযোগ রয়েছে।মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, টিকা দেওয়ার পদ্ধতি কেমন হবে তা জানতে প্রধান ভেটেরিনারি কর্মকর্তা (সিভিও) মোসাদ্দেক হোসেনকে সভাপতি করে বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আজ বুধবার এ বিষয়ে প্রতিবেদন জমা দেবে।জানা গেছে, বিশেষজ্ঞ কমিটি মুরগিকে দেওয়ার জন্য একটি উপযুক্ত টিকা নির্বাচন করবে। কমিটি নির্বাচিত টিকার কার্যকারিতা বাংলাদেশে পরীক্ষামূলকভাবে যাচাইয়ের জন্য গবেষণা প্রটোকল তৈরি করবে। পরীক্ষার জন্য নির্ধারিত খামারের চারদিকে এক কিলোমিটার বা প্রয়োজনে আরও বড় নিয়ন্ত্রণ জোন তৈরি করা হবে, এ বিষয়ে খামারিরা সহায়তা করবে।জানতে চাইলে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস প্রথম আলোকে বলেন, বার্ড ফ্লুর সংক্রমণ রোধে মুরগিকে টিকা দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে টিকা দেওয়ার আগে পরিবেশ ও পরিস্থিতি বিবেচনা করা হবে, বিশেষজ্ঞ কমিটি প্রয়োগ-পদ্ধতি নির্ধারণ করবে। এরপর সংক্রমিত এলাকা চিহ্নিত করে পরীক্ষামূলকভাবে এসব টিকা দেওয়া হবে।জানা গেছে, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধে দুটি ব্যবস্থা রয়েছে। একটি জৈব-নিরাপত্তা রক্ষা করা, আরেকটি জৈব-নিরাপত্তার সঙ্গে অতিরিক্ত ব্যবস্থা হিসেবে টিকা দেওয়া।সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন দেশের অভিজ্ঞতায় দেখা গেছে, টিকা দিয়ে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ রোধ করা সম্ভব নয়। মিসর, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম প্রভৃতি দেশ এর উদাহরণ। অন্যদিকে থাইল্যান্ড, নাইজেরিয়াসহ অনেক দেশ টিকা দেওয়া ছাড়াই জৈব-নিরাপত্তা, নজরদারি, রিপোর্টিং, প্রশিক্ষণ, জনসচেতনতা বাড়িয়ে এ রোগ থেকে মুক্ত হয়েছে।বার্ড ফ্লুতে আক্রান্ত ৩৪টি দেশের তথ্য থেকে জানা যায়, মাত্র পাঁচটি দেশে সম্পূর্ণভাবে টিকা দেওয়া হচ্ছে। এগুলো হলো: চীন, মিসর, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও পাকিস্তান।সূত্রমতে, গত বছরের ২৩ মে টিকা দেওয়ার বিষয়ে বৈঠক করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) বে-নজির আহমেদ প্রথম আলোকে বলেন, যেহেতু বিষয়টি জনস্বাস্থ্য-সম্পর্কিত, সেহেতু তাঁরা কোনোভাবেই টিকা দেওয়ার পক্ষে নন। বিদেশ থেকে পুরাতন টিকা এনে কখনোই এভিয়ান ইনফ্লুয়েঞ্জা দূর করা সম্ভব নয়। আমদানি করা টিকা বাংলাদেশের জন্য উপযোগী না-ও হতে পারে।এ বিষয়ে পোলট্রি ব্রিডার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সীমিত আকারে হলেও এভিয়ান ইনফ্লুয়েঞ্জা রোধের জন্য টিকা দেওয়ার সুপারিশ করেন। তিনি বলেন, যে খামারে টিকা দেওয়া হবে তার এক কিলোমিটারের মধ্যে টিকা দেওয়া ও জৈব-নিরাপত্তা উন্নয়নের দায়িত্ব ওই খামারের মালিক নেবেন।সূত্রমতে, ২০০৭ সালে সাভারে বিমানের পোলট্রি খামারে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা দেখা দেয়। এরপর দেশে এ পর্যন্ত ৩৬১টি বার্ড ফ্লু সংক্রমণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ২০০৭ সালে ৬৯টি, ২০০৮ সালে ২২৬টি, ২০০৯ সালে ৩২টি, ২০১০ সালে ৩১টি ও ২০১১ সালে আটটি।বার্ড ফ্লু নিয়ে সরকার একাধিক প্রকল্প বাস্তবায়ন করছে। ‘এভিয়ান ইনফ্লুয়েঞ্জা প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেসপন্স প্রজেক্ট’ নামের প্রকল্পটি ২০০৭ সালে শুরু হয়। এটি শেষ হবে চলতি জুন মাসে। এই প্রকল্প থেকে এ পর্যন্ত ১৪ কোটি ৬১ টাকা ক্ষতিগ্রস্ত খামারিদের দেওয়া হয়েছে। বর্তমানে প্রাণিসম্পদ অধিদপ্তর ছাড়াও ৩০৬টি উপজেলায় এক হাজার ৩৭ জন কর্মকর্তা-কর্মচারী বার্ড ফ্লুর ওপর নিবিড় নজরদারি করছেন।