বার্ড ফ্লুর সংক্রমণ রোধে বাজার বন্ধ করল চীন
চীনের সাংহাই কর্তৃপক্ষ বার্ড ফ্লু ভাইরাসের সংক্রমণ ঠেকাতে (এইচ৭এন৯) আগামীকাল শনিবার থেকে সব পোলট্রি খামার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সিনহুয়া জানায়, ভাইরাসটির ছড়িয়ে পড়া রোধে ২০ হাজারের বেশি মুরগি মেরে ফেলা হয়েছে। এ পর্যন্ত ভাইরাসটির সংক্রমণে ছয় চীনা নাগরিক মারা গেছেন। আজ শুক্রবার চীনের সিনহুয়ার বরাত দিয়ে ‘টাইমস অব ইন্ডিয়া’ জানায়, বার্ড ফ্লু ভাইরাসের সর্বশেষ শিকার জেজিয়াং প্রদেশের ৬৪ বছর বয়সী এক কৃষক। এর আগে যে ১৪ ব্যক্তির দেহে ভাইরাসটির অস্তিত্ব ধরা পড়েছিল, তিনি ছিলেন তাঁদের অন্যতম। জেজিয়াং প্রদেশে ভাইরাসটির সংক্রমণে মৃতদের মধ্যে তিনি দ্বিতীয়। বাকি চারজন মারা গেছেন সাংহাই নগরে। ‘টাইমস অব ইন্ডিয়া’ জানায়, সাংহাইয়ে লোকসংখ্যা প্রায় দুই কোটি ৩০ লাখ। সরকারের মুখপাত্র জু ওয়েই এ বিষয়ে বলেন, পোলট্রি খামারগুলো ‘জনগণের’ নিরাপত্তার খাতিরে সাময়িকভাবে বন্ধ রাখা হবে। এ ছাড়া জীবিত মুরগি বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলেও জানান তিনি। সাংহাইয়ের হুহুয়াই বাজারে ঘুঘু-জাতীয় পাখির মধ্যে ভাইরাসটির অস্তিত্ব আবিষ্কার হওয়ার পর পোলট্রি খামার বন্ধের এই ঘোষণা দেওয়া হলো। সিনহুয়া জানায়, ২০ হাজার ৫৩৬টি মুরগি, পাতিহাঁস, রাজহাঁস ও ঘুঘু মেরে ফেলা হয়েছে। শিনা ওয়েইবু নামের ব্লগে স্থানীয় টেলিভিশন সাংবাদিকের পোস্ট করা ছবিতে দেখা যায়, সুরক্ষিত পোশাক ও মুখোশ পরা ব্যক্তিরা রাতে ওই বাজারে ঢুকছেন এবং তাঁদের হাতে ছিল মুরগি রাখার অনেকগুলো শূন্য খাঁচা। আজ বাজারটির পোলট্রি খামারের অংশটি কাঠ ও প্লাস্টিকের ফিতা দিয়ে সিলগালা করে দেওয়া হয়েছে।এইচ৭এন৯ ভাইরাস ছড়িয়ে পড়ার বিষয়ে বিশ্বস্বাস্থ্য সংস্থার (হু) পক্ষ থেকে তেমন কোনো হুঁশিয়ারি উচ্চারণ করা হয়নি। ‘হু’ বলেছে, ভাইরাসটির মানুষ থেকে মানুষে ছড়ানোর বিষয়ে কোনো ধরনের প্রমাণ পাওয়া যায়নি। তবে ভাইরাসটি কী উপায়ে মানবদেহে ছড়িয়ে পড়ছে, সে বিষয়টি নিশ্চিত করা জটিল। সাংহাইয়ের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা হু ফেন আজ এক সংবাদ সম্মেলনে বলেছেন, ভাইরাসটি মানুষ থেকে মানুষে ছড়ানোর বিষয়ে এখনো পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। মারা যাওয়া এক ব্যক্তির সান্নিধ্যে থাকা একজনের শরীরে ফ্লু-এর লক্ষণ ধরা পড়েছিল। তবে পরীক্ষার পর ভাইরাসটির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। তিনি আরও বলেন, ‘দেশের বাইরে ভাইরাসটির ছড়িয়ে পড়ার কোনো আশঙ্কা নেই।’