বার্তাটা দিয়ে দিল পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট যদি ‘ফানি গেম’ হয়, টি-টোয়েন্টি ‘ফানিয়েস্ট’।‘ফানি গেম’-এর বাংলা ‘মজার খেলা’ করলে ব্যাপারটা ঠিক বোঝানো যায় না। এখানে ‘ফানি’র ব্যবহার ক্রিকেটের অনিশ্চিত চরিত্র বোঝাতে। কখন কী হয়, ঠিক নেই।তবে টি-টোয়েন্টি আসলেই ফান। জন্মরহস্যটা এ রকমই ছিল। এখনো কি তা-ই আছে? মনে হয় না। টি-টোয়েন্টি এখন সিরিয়াস ক্রিকেট। আপাত ‘যা ইচ্ছা খেলো’ চরিত্রের মধ্যে অনেক হিসাব-নিকাশ ঢুকে গেছে। আর সবকিছুর পরও খেলাটা তো ক্রিকেটই। ব্যাটিং আর বোলিংয়ে স্কিলের লড়াই। কালকের ম্যাচে বাংলাদেশের ৫০ রানের পরাজয়ে দুই দলের স্কিলের পার্থক্যই প্রতিফলিত হয়ে থাকল।তবে টি-টোয়েন্টি মজার খেলাও বটে। এই ম্যাচটার কথাই ধরুন। মোহাম্মদ হাফিজ ম্যান অব দ্য ম্যাচ। পারফরম্যান্স কী? ২৫ রান ও ২ উইকেটের ‘দুর্দান্ত’ অলরাউন্ড পারফরম্যান্স! ম্যাচে সর্বোচ্চ রান ৩৫, কোনো বোলারই ২ উইকেটের বেশি পাননি। এমন টি-টোয়েন্টিও দর্শক মনোরঞ্জক হতে পারে, তবে সে জন্য ম্যাচের শেষ পর্যন্ত ফলাফল নিয়ে অনিশ্চয়তা থাকতে হয়। এখানে তো সেটি বাংলাদেশের ইনিংসের নবম ওভারের শুরুতেই শেষ!অনেকে হয়তো নবম ওভার পর্যন্ত যেতে চাইবেন না। সপ্তম ওভারে সাকিবকে হারিয়ে বাংলাদেশ যখন ৪ উইকেটে ১৭, ম্যাচ কি আসলে তখনই শেষ নয়! নবম ওভারের প্রথম বলে মাহমুদউল্লাহর বিদায়ে স্কোর ৫ উইকেটে ২৩। টি-টোয়েন্টির চরিত্র অনুযায়ী যেমন, তেমনি বাংলাদেশের ব্যাটিংয়ের ধরন চিন্তা করলেও এই তথ্যটা অবিশ্বাস্য মনে হবে যে, তখনো পর্যন্ত কোনো ইনিংসে কোনো বাউন্ডারি নেই!বাংলাদেশের ইনিংসে চারই তো মাত্র ৩টি; যার প্রথমটি নবম ওভারের পঞ্চম বলে, শেষ দুটি ১৫ ও ১৬ নম্বর ওভারে। সঙ্গে একটি ছক্কা। এটি টি-টোয়েন্টির ব্যাটিং নয়। তবে কাল যে উইকেটে খেলা হলো, তাতে টি-টোয়েন্টির ব্যাটিং একটু বেশি চাওয়াই।নবম ওভারটি দুই ইনিংসেই তা ৎপর্যপূর্ণ হয়ে থাকল ম্যাচে। বাংলাদেশের ইনিংসে ম্যাচের ফলাফল নিয়ে অনিশ্চয়তা ঘুচিয়ে দিয়ে। আর পাকিস্তানের ইনিংসে উইকেটের চরিত্র খুব ভালোমতো বুঝিয়ে দিয়ে। সাকিব আল হাসান ওভারের প্রথম পাঁচ বলে মোহাম্মদ হাফিজকে নাচিয়ে ছাড়লেন। শেষ বলে করে দিলেন বোল্ড।সাকিবকে এত বড় বড় টার্ন করাতে দেখেই বাংলাদেশের ব্যাটসম্যানদের মনে অশনিসংকেত বেজে ওঠার কথা। টি-টোয়েন্টির সেরা বোলিং আক্রমণ এই পাকিস্তানের। দেশের উইকেটে বাংলাদেশের মূল শক্তি স্পিন। কিন্তু পাকিস্তানও তো তাতে পিছিয়ে নেই, সম্ভবত একটু এগিয়েই। হাফিজ-আফ্রিদি-আজমল-মালিক—পাকিস্তানের চার স্পিনার মিলে ১৪ ওভারে রান দিলেন মাত্র ৫২। ওভারপ্রতি মাত্র ৩.৭১। টেস্টেও যা কিপটে বোলিংয়ের উদাহরণ হিসেবে বিবেচিত হবে। উইকেটও নিলেন ৫টি।দুই ইনিংসের নবম ওভারের মিলের কথা হচ্ছিল। এবার বড় অমিলটার কথা বলি। নবম ওভারের শুরুতে পাকিস্তানের স্কোর ১ উইকেটে ৬১। বাংলাদেশের ৪ উইকেটে ২৩। পাকিস্তানের প্রথম পাঁচ ব্যাটসম্যানেরই দুই অঙ্কের রান, তিনজনের বিশের কোটায়। বাংলাদেশের প্রথম ছয় ব্যাটসম্যানের মধ্যে মাত্র একজনই ছুঁয়েছেন দুই অঙ্ক। সেটিও ঠিক ১০।যিনি তা করলেন, মাস দেড়েক আগে এই মাঠে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচটির কথা ভেবে দর্শকদের কেউ কেউ হয়তো তাঁকে ‘অন্ধের যষ্টি’ ভেবেছিলেন। মিড উইকেট দিয়ে ওয়েস্ট ইন্ডিজকে হারানো মুশফিকুরের ওই ছক্কার ছবিটা ধূসর হয়ে যেতে অবশ্য বেশি সময় লাগল না। আফ্রিদিকে মারা রিভার্স সুইপ গালিতে ক্যাচ হতে হতে হয়নি। তবে প্রায় মাঝ উইকেটে চলে যাওয়া মুশফিকুর রান আউট হয়ে গেলেন।এর আগের বলেই লং অফে সহজতম এক ক্যাচ ফেলেছেন উমর গুল। সেটি অবশ্য নাসির হোসেনের। তখন ৯ রানে থাকা নাসির শেষ পর্যন্ত ম্যাচের সর্বোচ্চ ৩৫ রান করে অপরাজিত। বাংলাদেশ ইনিংসে দ্বিতীয় দুই অঙ্কের ইনিংস। মুশফিক ও নাসির মিলে ৪৫ রান, বাকি নয় ব্যাটসম্যানের মিলিত সংগ্রহ ২৯। ও হ্যাঁ, বাংলাদেশের ইনিংসে দুই অঙ্কের রান আরেকটি আছে। মিস্টার এক্সট্রা করেছেন ১১।হাতে আসা বলটা গুল অমন অবিশ্বাস্যভাবে ফেলে না দিলে নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টনে ৭৮ রানের রেকর্ডটা অতীতই হয়ে যেত। শেষ পর্যন্ত টি-টোয়েন্টিতে নিজেদের দ্বিতীয় সর্বনিম্ন রানও (২০০৭ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ৮৩) টপকে যাওয়া গেছে। তবে এই ৮৫-এর তা ৎপর্য অন্য। সিরিজটা যে অগ্নিপরীক্ষার অন্য নাম, বাংলাদেশের ব্যাটসম্যানদের তা খুব ভালোই বোঝা হয়ে গেল!পাকিস্তান: ২০ ওভারে ১৩৫/৭বাংলাদেশ: ২০ ওভারে ৮৫/৯ফল: পাকিস্তান ৫০ রানে জয়ী