বার্ন ইউনিট থেকে বাড়ি ফেরা হলো না ফারুকের
গত রোববার বিএনপির ডাকা হরতালের আগের রাতে ঢাকার মগবাজারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে মারাত্মক অগ্নিদগ্ধ ফারুক হোসেন (৩২) মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন ফারুক গতকাল বুধবার রাত দেড়টার দিকে মারা যান। সেখানে অন্য অগ্নিদগ্ধ সুমন (২৬) চিকিৎসাধীন আছেন। বার্ন ইউনিটে কর্তব্যরত চিকিৎসকেরা জানান, ফারুকের শরীরের ৬০ শতাংশ পুড়ে যায়।ঘটনার পর পরই বার্ন ইউনিটে চিকিৎসাধীন সুমন জানান, গত শনিবার রাতে একটি প্রাইভেটকারে ধোলাইখাল যাওয়ার সময় কয়েক যুবক তাঁদের গাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। সুমন আরও বলেন, ফারুক ও তিনি ধোলাইখালে গাড়ির পুরনো যন্ত্রাংশের একটি দোকান ও গাড়ি মেরামতের একটি গ্যারেজের মালিক। কিছু দিন আগে এক গ্রাহক সিএনজিচালিত গাড়িটি তাঁদের গ্যারেজে মেরামত করতে দেন। গাড়িটির কিছু অংশ মেরামতের জন্য তাঁরা সেটি মিরপুরে একটি গ্যারেজে দেন। শনিবার রাতে সেখান থেকে গাড়িটি নিয়ে তাঁরা ধোলাইখাল যাচ্ছিলেন। পথে মগবাজার রেললাইন পার হয়ে তাঁরা তালতলা গলির মুখে চা খেতে গাড়ি থামান। ঠিক যে মুহূর্তে তাঁরা গাড়ির দরজা খুলে বের হতে যাচ্ছিলেন তখনই কয়েক যুবক একটি কনটেইনার থেকে গাড়িতে পেট্রল ঢেলে দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে তার ওপর ছুড়ে মারে। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে এবং তাঁদের শরীরে আগুন ধরে যায়। পরে আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ফারুক ও সুমন দুজনেই পুরান ঢাকার ১৩৩/১ ডিস্টিলারি রোডের বাসিন্দা। ফারুকের বাবার নাম মকবুল হোসেন। অন্যদিকে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শিবলী নোমান জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে গাড়িতে আগুন লাগে এবং ফারুক ও সুমন অগ্নিদগ্ধ হন।