ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চতুর্থ শ্রেনীর কিছু অনিয়মিত কর্মচারি আজ বুধবার দ্বায়িত্বরত প্রকল্প পরিচালকের পদত্যাগের দাবিতে বার্ন ইউনিটের সামনে অবস্থান নেয়। পরে তাদের চাকরি স্থায়ী করা হবে এমন আশ্বাসে বেলা একটার দিকে তারা কাজে যোগ দেয়। এই অবস্থান কর্মসূচীতে ইউনিটটিতে চিকিত্সা কাজ ব্যাহত এবং রোগীদের দুর্ভোগ পোহাতে হয়। প্রকল্প পরিচালক মো. শহীদুল বারী জানান, চাকরি নিয়মিত হওয়ার আশায় ৩৭ জন কর্মী অনেকদিন ধরেই কাজ করে আসছে। আজ সকালে তিনি সবাইকে হাজিরা খাতায় সই করতে বলেন। এতে তারা দ্বিমত পোষণ করে চাকরি নিয়মিত করার দাবি জানান। এক পর্যায়ে তারা বেলা ১২টার দিকে কর্মবিরতি দিয়ে ইউনিটের সামনে অবস্থাণ নেয়। এমনকি তারা জরুরী বিভাগে আসা রোগীদের চিকিত্সা কাজে বাধা দেয়। শহীদুল বারী আরও জানান, তাদের নিয়মিত করার জন্য মন্ত্রণালয়ের দ্বারে দ্বারে ঘুরছেন তিনি।অনিয়মিত কর্মীরা বলেন, তারা বার্ন ইউনিটে বিভিন্ন চিকিত্সক ও সেবিকাদের পরিচিত হিসেবে এখানে ছয়-সাত বছর ধরে কাজ করছে। প্রথম দুই বছর তারা বেতন পেতেন এখন তাও পাননা। তাই তারা ওয়ার্ডের প্রধান শহীদুল বারীর পদত্যাগ চান। পরে খবর পেয়ে ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল হক মল্লিক ও বার্ন ইউনিটের প্রকল্প পরিচালক (ছুটিতে থাকা) সামন্ত লাল সেন হাসপাতালে আসেন। সেখানে তাঁরা অনিয়মিত কর্মচারিদের সঙ্গে আলোচনা করে চাকরি স্থায়ী করার আশ্বাস দিলে তারা পুনরায় কাজে যোগ দেয়।