বার্মিংহাম থেকে কলম্বো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়াকে থামাবে কে? গ্রুপ পর্বে শ্রীলঙ্কা বা পাকিস্তান? অথবা শেষ আট, সেমিফাইনাল বা ফাইনালে ভারত কিংবা দক্ষিণ আফ্রিকা? অস্ট্রেলিয়ার অপরাজেয় দৌড়ের লাগামে টান পড়বে কোথায়? উপমহাদেশের বিশ্বকাপ শ্রেষ্ঠত্বের মুকুট উঠবে কার মাথায়, এই প্রশ্নের সমান্তরালেই চলেছে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার অপরাজেয় রূপ নিয়ে আলোচনা।এই আলোচনা পরশু থেমেছে। অস্ট্রেলিয়ার জয়রথ থেমে গেছে। তবে শ্রীলঙ্কা থামাতে পারেনি, অস্ট্রেলিয়ার জয়যাত্রা থামিয়েছে বৃষ্টি। অস্ট্রেলিয়ার এমন অবধ্য আর সর্বগ্রাসী রূপ মনে হয় সহ্য হয়নি প্রকৃতির। কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি হতেই দিল না। ৩৩তম ওভারের শেষ বলটি হতেই শুরু হয় প্রবল বৃষ্টি। সেই বৃষ্টি আর থামলই না।কলম্বোর এই বৃষ্টি ক্রিকেট-দেবতার আরেকটি খেয়ালের কথা মনে করিয়ে দেয়। ১৯৯৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বার্মিংহামে টাই করেছিল অস্ট্রেলিয়া। সেই টাই ম্যাচের আগে টানা পাঁচটি ম্যাচ জেতা ছিল অস্ট্রেলিয়ার। টাই ম্যাচের পরও বিশ্বকাপে খেলা সবকটি ম্যাচই জিতেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। অঙ্কের হিসাবে সংখ্যাটা ২৫। এবার হয়তো আরও অনেক ম্যাচ জিতবে অস্ট্রেলিয়া। কিন্তু টানা জয়ের হিসাবটা ২৫-এর বেশি যেতে পারল না। তবে অস্ট্রেলিয়া টানা জয়ের যে রেকর্ড গড়েছে, সেটাও কি সহজে কেউ ভাঙতে পারবে?ওয়ানডে ক্রিকেটে অপরাজিত থাকার রেকর্ডের কথা বলা যেন একটু কেমন ব্যাপারই। হয় জয়, নয় হার—ওয়ানডে ক্রিকেটে এই তো হয় ফল। তবে কখনো কখনো প্রকৃতি বাগড়া দিয়ে কাউকেই বিজয়ীর মালা দেয় না। ১৯৯৯ বিশ্বকাপে বার্মিংহামে যেমন দক্ষিণ আফ্রিকার সঙ্গে করেছিল টাই, এবার কলম্বোতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচটাকে করে দিল পরিত্যক্ত। তবে বিশ্বকাপে টানা জয়ের রেকর্ডটা আরও এগিয়ে নিয়ে যেতে না পারলেও অপরাজিত থাকার রেকর্ডটা তো টেনে নিয়ে যেতে পারবে পন্টিংয়ের দল। পরশু কলম্বোর ম্যাচ নিয়ে বিশ্বকাপে অস্ট্রেলিয়া সর্বশেষ ৩২ ম্যাচে অপরাজিত।