বার্মিংহামে দাঙ্গার সময় তিন পাকিস্তানি বংশোদ্ভূত নিহত
ইংল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম নগর বার্মিংহামে গতকাল বুধবার দাঙ্গার সময় গাড়িচাপায় পাকিস্তানি বংশোদ্ভূত তিন ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ৩৫ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন, তাঁদের মৃত্যু সত্যিকার অর্থে বেদনাদায়ক।ধারণা করা হচ্ছে, হারুন জাহান (২১), শাহজাদ (৩০) ও আবদুল মুসাভির (৩১) নামে ওই তিন পাকিস্তানি বংশোদ্ভূতকে দাঙ্গাকারীরা ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে’ হত্যা করেছে। বার্মিংহাম মেইল পত্রিকা জানায়, গতকাল ওই তিন ব্যক্তি দাঙ্গাকারীদের কবল থেকে একটি মসজিদকে রক্ষা করার সময় গাড়ির নিচে চাপা পড়েন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে তাঁদের মৃত্যু হয়। পুলিশের একজন মুখপাত্র বলেন, ‘ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর চাপা দেওয়া গাড়িটি উদ্ধার করা হয়েছে। গাড়িটি ফরেনসিক বিশেষজ্ঞরা পরীক্ষা করে দেখবেন।’লন্ডনের টটেনহামে কৃষ্ণাঙ্গ যুবক মার্ক ডুগান পুলিশের গুলিতে নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে গত শনিবার থেকে লন্ডনসহ বেশ কয়েকটি শহরে দাঙ্গা ছড়িয়ে পড়ে। গতকাল চতুর্থ দিনের মতো সহিংসতা অব্যাহত ছিল। তবে লন্ডনের পরিস্থিতি এখন শান্ত হয়ে এলেও ম্যানচেস্টার শহর ও ইংল্যান্ডের মধ্যাঞ্চলে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ছে। সহিংসতার অভিযোগে গতকাল পর্যন্ত প্রায় এক হাজার ২০০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিবিসি ও টাইমস অব ইন্ডিয়া।