বার্লিনে নতুন দায়িত্বে ইফতেখারুজ্জামান
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রাতিষ্ঠানিক উন্নয়নবিষয়ক গ্রুপ পরিচালকের দায়িত্ব পেতে যাচ্ছেন। ২০১২ সালের জানুয়ারি মাস থেকে তাঁর এই নিয়োগ কার্যকর হবে।৮ সেপ্টেম্বর টিআইবির বোর্ড অব ট্রাস্টিজের সভায় তাঁর এই নিয়োগ অনুমোদন করা হয়। ট্রাস্টিজ একই সঙ্গে যথাযথ প্রক্রিয়ায় টিআইবির নতুন নির্বাহী পরিচালক নিয়োগের প্রক্রিয়া দ্রুত শুরু করার সিদ্ধান্ত নেয়। নতুন দায়িত্ব গ্রহণের জন্য ডিসেম্বর মাসের শেষ দিকে বার্লিনে যাওয়ার আগে ইফতেখারুজ্জামান যেন টিআইবির নতুন নির্বাহী পরিচালকের সঙ্গে কিছু সময় একত্রে কাজ করতে পারেন, সে লক্ষ্যে ট্রাস্টি বোর্ড উদ্যোগ নেবে।এ ছাড়া নেতৃত্বে পরিবর্তন আসায় টিআইবির কার্যক্রমের গতি অব্যাহত রাখতে এবং ধারাবাহিকতা নিশ্চিত করতে ইফতেখারুজ্জামান ২০১২ সালে পাঁচবার বাংলাদেশে এসে মোট নয় সপ্তাহ টিআইবির কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকবেন।২০০৪ সালের ১ সেপ্টেম্বর ইফতেখারুজ্জামান টিআইবিতে যোগ দেন। এর আগে তিনি দেশে-বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন।