ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ফাইরুজ মালিহার নাম যখন মাইকে ঘোষণা করা হয় মালিহার চোখে তখন আনন্দ-অশ্রু। বিদ্যালয়ের সেরা ছাত্রী হিসেবে তার হাতে তুলে দেওয়া হয় স্বর্ণপদক। মেয়েকে ভালোভাবে লেখাপড়া করার উত্সাহ দেওয়ার জন্য মা জান্নাতুন ফেরদৌস লিপির হাতে দেওয়া হয় শাড়ি, আর বাবা মুশফিকুর রহমান পানগাছের চারা। সেরা ছাত্রী হওয়ার পর প্রতিক্রিয়ায় মালিহা যখন বলে, ‘আজকের এ পুরস্কার আমাকে আগামী সময়ে পথ চলতে আরও উত্সাহ-অনুপ্রেরণা জোগাবে’, তখন মাঠজুড়ে অভিভাবক আর সহপাঠীদের করতালি। এক অন্য রকম পরিবেশ। ৩০ ডিসেম্বর বগুড়ার শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের বার্ষিক ফলাফল ঘোষণা উপলক্ষে এমনই এক ব্যতিক্রমী প্রাণবন্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুধু মালিহাই নয়, ভালো ফলাফল করার জন্য বিদ্যালয়ের মোট ২১ জন ছাত্রী ও তাদের মা-বাবাকে পুরস্কৃত করা হয়।বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ভালো করতে এবং শিক্ষার্থীদের উত্সাহ দিতে বিদ্যালয় পরিচালনা কমিটি এ অনুষ্ঠনের আয়োজন করে। ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রী-অভিভাবক ও এলাকার গুণীজনেরা উপস্থিত ছিলেন। এ উপলক্ষে এক অভিভাক ও সুধীসমাবেশ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি তৌহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা লুত্ফর রহমান, প্রধান শিক্ষিকা আনোয়ারা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজার রহমান, বিউটি বেগম, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এ বি এম জাহিদুল ইসলাম, রতন রায়, আব্দুর রউফ, শিক্ষক মোস্তাফিজার রহমান রাজা, নজরুল ইসলাম, আব্দুল লতিফ, এস এম তাজুল ইসলাম, ইউসুফ আলী, রেজা চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক আজিজার রহমান।