বার্সার জয়, রিয়াল মাদ্রিদের ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেসিবিহীন টানা দ্বিতীয় ম্যাচে জয় পেল বার্সেলোনা। অ্যাথলেটিক বিলবাও থেকে ৩-১ গোলের জয় নিয়ে ফিরেছেন স্প্যানিশ লিগ শিরোপা জয়ীরা। অপর দিকে লিগের দুর্বল দল লাভেন্তের কাছে হোঁচট খেয়েছে রিয়াল মাদ্রিদ। গোল-শূন্য ড্র করে মাঠ ছাড়তে হয়েছে গতবারের রানারআপদের।পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেললেও গোলের দেখা পেতে বার্সেলোনাকে অপেক্ষা করতে হয়েছে ৫৫ মিনিট পর্যন্ত। ডেভিড ভিয়ার পাস থেকে বার্সাকে প্রথম গোল এনে দেন মিডফিল্ডার সেইডু কেইটা। ১৯ মিনিট পরে পেনাল্টি বক্সের বাইরে থেকে জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন জাভি। খেলার শেষ মুহূর্তে বিলবাও মিডফিল্ডার ইগোর গাবিলোন্দো একটি গোল শোধ করেন। কিন্তু কয়েক মুহূর্ত পরেই আবারও দুই গোলের ব্যবধান গড়ে দেন বার্সা মিডফিল্ডার সার্জিও বুসকেটস। ৩-১ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় অ্যাথলেটিক বিলবাওকে।অন্যদিকে একের পর এক সুযোগ সৃষ্টি করেও শেষ পর্যন্ত গোল না পাওয়ার হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে। অবশ্য এর পেছনে কিছুটা কৃতিত্ব দেওয়া উচিত লাভেন্তে গোলরক্ষক ম্যানুয়েল রেইনাকে। হিগুয়েইন, ডি মারিয়া ও রোনালদোর কিছু গোল প্রচেষ্টা অসাধারণভাবে রুখে দিয়েছেন ম্যানুয়েল।—সকারনেট