আইসল্যান্ডের বরফখণ্ডে অগ্ন্যুত্পাতের ছাইয়ের কারণে আকাশপথে না এসে ১৪ ঘন্টার বাস ভ্রমণের পর সান সিরো পৌঁছেছিলো বার্সেলোনা। আর তাতেই মুখ থুবড়ে পড়ে গেলো এ মৌসুমের অদম্য দলটি। ইন্টার মিলানকে উড়িয়ে দেওয়ার প্রত্যয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের অ্যাওয়ে পর্ব খেলতে গিয়ে বার্সেলোনা নিজেরাই এখন পরাজয়ের ভারি এক বোঝা কাঁধে বয়ে বেড়াচ্ছে। গতকাল মঙ্গলবার সান সিরোতে ইন্টারের কাছে ৩-১ গোলোর মোটামুটি বড় ব্যবধানেই হেরে গেছে তাঁরা। আগামী বুধবার ন্যু ক্যাম্পে বাঁচা-মরার লড়াই গোল গড়ের মার প্যাঁচে পড়ে বড় এক চ্যালেঞ্জ হয়েই দেখা দেবে ক্যাটালানদের সামনে।ওয়েসলি স্নাইডার, মাইকন ও ডিয়েগো মিলিত্তোর গোল ইন্টার মিলানকে এনে দিয়েছে এক রাজকীয় জয়। ১৯৬৫ সালে শেষবারের মতো ইউরোপীয় কোনো শিরোপা ঘরে তুলেছিলো এই ইতালীয় ক্লাবটি। ২০০৩ এ শেষবারের মতো খেলেছিলো চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে। হালের ম্যান ইউ, বার্সেলোনা, চেলসি, রিয়ালের দাপটে দাপটের কক্ষপথ থেকে হারিয়ে যেতে বসা নীল-কালো জার্সির ইন্টারই ২০১০ এর চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলার পথে। শিরোপাটাও একেবারে দুরে মনে হচ্ছে না কোচ হোসে মারিনহোর। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দুর্দান্ত এক জয়ের আনন্দেই কীনা অনেক কিছুই বলে ফেললেন,‘বার্সেলোনার বিপক্ষে প্রথম পর্বের এই জয়টা হঠাত্ করেই আসেনি। ছেলেরা নিজেদের সামর্থের শেষবিন্দু উজার করে দিয়েছে। দ্বিতীয় পর্বে যেকোনো কিছু ঘটে যেতে পারে। ন্যু ক্যাম্পে আমরা জিততেই যাবো। জিতলে তো ভালোই, হারলে দলও বিদায় নেবে এবং সেই সঙ্গে আমিও।’ প্রথম পর্বে ৩-১ গোলে জিতেও দলকে ফাইনালে না তুলতে পারলে স্বপদে নিজের বহাল থাকা না থাকাকে সমানই মনে করছেন এই তারকা কোচ।বার্সেলোনা অবশ্য খেলার ১৯ মিনিটেই গোল করে এগিয়ে গিয়েছিলো। ইন্টারের সাবেক লেফট ব্যাক ম্যাক্সওয়েল ওভারল্যাপিং করে উঠে এসে গোলমুখে বল ফেললে ২২ বছর বয়সী স্ট্রাইকার পেদ্রো বার্সেলোনাকে এগিয়ে নেন। ফরাসি স্ট্রাইকার , অভিজ্ঞ থিয়েরি হেনরিকে বসিয়ে বার্সা কোচ গার্দিওলা কেন পেদ্রোকে প্রথম পছন্দ মানছেন , তা আবার প্রমাণ করলেন তিনি। সেইসঙ্গে স্পেনের বিশ্বকাপ স্কোয়াডে নিজের অবস্থানের দাবিকে আরও সুদৃঢ় করলেন পেদ্রো। এক গোলে পিছিয়ে পড়ে বার্সেলোনাকে যেন চেপে ধরে ইন্টার। কিছুক্ষণের মধ্যেই একটি গোল পরিশোধ করে দেন স্নাইডার। স্নাইডারের সুযোগ সন্ধানী গোলে আত্মবিশ্বাসী ইন্টার এগিয়ে যায় খেলার দ্বিতীয়ার্ধের শুরুতেই, মাইকনের গোলে। খেলার ৬১ মিনিটে বার্সেলোনার কফিনে শেষ পেরেকটি ঠুঁকে দেন আর্জেন্টাইন স্ট্রাইকার ডিয়েগো মিলিত্তো। এই মওসুমে হাওয়ায় উড়তে থাকা বার্সেলোনার এই হঠাত্ পতনে স্তব্ধ কোচ গার্দিওলা জয়ের জন্য অভিনন্দনই জানিয়েছেন ইন্টার মিলানকে। তিনি ইন্টার মিলানকে একটি অভিজ্ঞ দল হিসেবেই অভিহিত করেছেন। তিনি বলেন, ‘বার্সেলোনা সেমিতে একটি গ্রেট ক্লাবের বিপক্ষেই খেলেছে। তাঁদের সঙ্গে খেলতে নামলে কখনও এমনটা হতেই পারে। তবে আমরাও ছাড়ার পাত্র নই। ন্যু ক্যাম্পেই আবার তাদের সঙ্গে দেখা হবে।’একটি ক্লাসিক পারফরম্যান্সই পারে আগামী বুধবার ন্যু ক্যাস্পের দ্বিতীয় পর্বে বার্সেলোনাকে উের দিতে। আগ্নেয়গিরির অগ্ন্যুত্পাতে ব্যতিব্যস্ত ইউরোপ এখন আগামী বুধবারের অগ্নিস্ফুলিঙ্গের অপেক্ষায়। রয়টার্স