বার্সেলোনার হরিষ আর্জেন্টিনার বিষাদ
বার্সেলোনার জার্সিতে তিনি যতটা উজ্জ্বল, আর্জেন্টিনার জার্সিতে ততটা নন। ‘দ্বৈত সত্ত্বার’ মেসিকে নিয়ে লিখেছেনরুবেল আবিদসময়ের ডানায় চড়ে সামান্যই পেছনে যেতে হবে। এই তো, এ বছর থেকে গত বছরে। ফুটবলের গত বছরটা কাদের? ফুটবল ঐতিহাসিক কেন, আপনি যদি সাধারণ ফুটবল-অনুসারীদেরও জিজ্ঞেস করেন, চোখ বুজে উত্তর দিয়ে দেবে, বার্সেলোনার। এক বছরে যে কয়টি টুর্নামেন্টে অংশ নিয়েছে, এর সব কটিতেই জিতেছে স্পেনের এই ক্লাবটি। এক বছরে ছয়টি শিরোপা জয়ের পর শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য আর কিছু কি বাকি থাকে!সাফল্য বরমাল্য দেয়। গত বছরের সোনায় মোড়ানো সাফল্য বার্সেলোনাকে মহান করে তুলেছে। অনেকেই বলতে শুরু করেছেন, বার্সেলোনার এই দলটি তাদের ইতিহাসে সর্বকালের সেরা। সেটা হবে না-ই বা কেন? আন্দ্রেস ইনিয়েস্তা, জাভি হার্নান্দেজ, দানি আলভেজ, জেরার্ড পিকে, কার্লোস পুয়োল... যেকোনো পজিশনে এ মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়দের নিয়েই যে গড়া এই দলটি।তবে একজন এঁদের সবাইকে ছাপিয়ে। রাতের আকাশে হাজারো তারার মধ্যেও ধ্রুবতারা যেমন আলাদা করে উজ্জ্বল, তিনি ঠিক সে রকমই। বার্সেলোনার আকাশের এই ধ্রুবতারা লিওনেল মেসি। স্প্যানিশ লিগ থেকে শুরু করে চ্যাম্পিয়নস লিগ, স্প্যানিশ কাপ কিংবা ক্লাব বিশ্বকাপ—বার্সেলোনার সব সাফল্যে জড়িয়ে তাঁর নাম। সব অর্জনের মূল রেসিপি তিনি।ব্যক্তিগত নৈপুণ্যের অনুপম নিদর্শন রেখে বার্সেলোনাকে একের পর এক শিরোপা জিতিয়েছেন মেসি। বছরের শেষে গিয়ে পেয়েছেন নিজের পুরস্কার। ইউরোপের সেরা খেলোয়াড়ের পুরস্কার ব্যালন ডি’অর জয়ের পর পেয়েছেন ফিফার বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি। ছোট-বড় মিলিয়ে জিতেছেন আরও প্রায় ১৫টি ব্যক্তিগত পুরস্কার। এক বছরে ফুটবলের যত পুরস্কার জেতা যায়, প্রায় সবই জিতেছেন আর্জেন্টিনার ছোট্ট জাদুকর।বার্সা সমর্থকেরা মেসিকে আদর করে ডাকে ‘লা পালগা’। সোজা কথায় ছোট মিয়া! একসময় আর্জেন্টাইনরাও মেসিকে ঠিক এমন নামেই ডাকত। আসলে আদর করে মেসিকে এর চেয়েও বড় উপাধি দিয়ে দিয়েছিল তারা—নতুন ম্যারাডোনা। কিন্তু ম্যারাডোনা বারবার যেমন আর্জেন্টিনার সাফল্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছিলেন, ক্লাব দল নাপোলির মতো আর্জেন্টিনারও সাফল্যের রূপকার হয়েছিলেন; মেসি সে রকম হতে পারেননি। এ যুগের ম্যারাডোনা বার্সেলোনার আকাশে উজ্জ্বল নক্ষত্র, আর্জেন্টিনার আকাশে উজ্জ্বলতা হারানো উল্কাপিণ্ড। আর্জেন্টাইনদের যত আক্ষেপ, যত হতাশা আর অভিমান এ নিয়েই।বার্সেলোনার ‘লা পালগা’, বার্সেলোনার হরিষ বা আনন্দকে তারা দেখতে চায় নিজেদের ছোট্ট জাদুকররূপে। দেখতে চায় আর্জেন্টিনার হরিষরূপে। কিন্তু বার্সেলোনার মেসি কেবলই আর্জেন্টিনার বিষাদ। বার্সেলোনার জার্সি গায়ে তিনি যতটা উজ্জ্বল, আর্জেন্টিনার জার্সি গায়ে ততটা নন। বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল-আর্জেন্টিনা একটি ম্যাচের আগে ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট লুলা ডা সিলভা ও ডিয়া রেডিওকে বলেছিলেন, ‘ঈশ্বরকে ধন্যবাদ যে, লিওনেল মেসি বার্সেলোনার জার্সি গায়ে যতটা ভালো খেলে, এর শতকরা ১০ ভাগও আর্জেন্টিনার জার্সি গায়ে খেলে না। আর এটা আমাদের, ব্রাজিলীয়দের আনন্দের ব্যাপার।’আসলে তা-ই। আর্জেন্টিনার বড় প্রয়োজনের দিন বিশ্বকাপ বাছাইপর্বের বাঁচামরার লড়াইয়েও কেমন নিষপ্রভ হয়ে ছিলেন তিনি। আর ক্লাব বিশ্বকাপের ফাইনালে বার্সেলোনার প্রয়োজনে ঠিকই ঔজ্জ্বল্য ছড়ালেন। ব্যাপারটিতে আর্জেন্টাইনরা এতই শোকাহত হয়েছে যে, প্রিয় নতুন ম্যারাডোনাকে অপবাদ দিতে ছাড়েনি তারা। ফুটবলপাগল আর্জেন্টিনার সমর্থকদের একটা অংশ তাঁকে তো ‘পেচো ফ্রিও’ অর্থাত্ নিরাবেগই বলে দিল নির্দ্বিধায়। তাদের কথা, আর্জেন্টিনার জার্সিতে কোনো টানই অনুভব করেন না মেসি।আর্জেন্টাইনরা নিজেদের মতো করে এর একটা ব্যাখ্যাও দাঁড় করিয়েছে। মেসির বয়স যখন বারো, স্পেন-প্রবাসী হয়েছেন তিনি। সেই ছোট্ট বেলা মেসি যখন আর্জেন্টিনার ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজে খেলতেন, দুরারোগ্য এক ব্যাধি বাসা বাঁধে তাঁর শরীরে—দেখা দেয় দেহবর্ধক হরমোনের অভাব। এটা জানার পরও মেসির প্রতিভায় মুগ্ধ বার্সেলোনার তখনকার সভাপতি তাঁকে নিয়ে যান স্পেনে। মেসির চিকিত্সার ভার নেয় বার্সা। আর্জেন্টাইন সমর্থকদের একটা অংশের কথা, মেসি অত অল্প বয়সে স্পেন-প্রবাসী হওয়ায় এবং বার্সা তাঁকে চিকিত্সা দিয়ে সুস্থ করার কারণেই বার্সার প্রতি আবেগটা তাঁর উথলে পড়া। আর্জেন্টিনায় থাকেন না বলে দেশের জার্সিটার প্রতি অত টানও অনুভব করেন না বলে ধারণা তাদের!কিন্তু ভূগোল-জ্ঞান যাঁদের আছে, যাঁরা ইতিহাস নিয়ে ঘাঁটাঘাঁটি করেন, নৃতাত্ত্বিক ব্যাপার-স্যাপারে যাঁদের দখল আছে; তাঁদের কাছে এই ব্যাখ্যাটা একটু বেখাপ্পাই লাগবে। কারণ, জাতি হিসেবে আর্জেন্টাইনরা একটু বেশিই স্বদেশপ্রেমী। দেশমাতৃকার জন্য নিজেকে উত্সর্গ করে দিতে জুড়ি নেই তাদের। মেসিও এর বাইরে নন। আর্জেন্টিনা সমর্থকদের ওই অংশের ব্যাখ্যাটা তাই বিরক্ত করে তাঁকে, ‘ওরা যখন বলে, আমি আলবিসেলেস্তিকে (জার্সি) অনুভব করি না, তখন খুব বিরক্ত হই। জীবন আমাকে বার্সেলোনায় নিয়ে এসেছে। আমি সারা জীবনই আর্জেন্টিনার প্রথম বিভাগে খেলার স্বপ্ন দেখেছি। আর্জেন্টিনার জার্সি গায়ে তোলার মতো প্রেরণা আমি আর কিছুতেই পাই না। কিন্তু তারা যখন আমার আবেগ নিয়ে প্রশ্ন তোলে, আমি খুব বিরক্ত হই।’ মেসির কথা মানলে, আর্জেন্টিনার জার্সি গায়ে মেসির ঔজ্জ্বল্য ছড়াতে না পারার কারণ আবেগ নয়। আসল কারণটা তাহলে কী?বার্সেলোনা আর আর্জেন্টিনা দলের দিকে তাকালে, আর এ দুটি দলকে আলাদা করে ভাবলেই পাওয়া যাবে আসল কারণ। মেসির আজকের মেসি হয়ে ওঠার পেছনে তাঁর বার্সেলোনা-সতীর্থদের অবদান অনেক। মেসির ব্যক্তিগত নৈপুণ্যে পূর্ণ শ্রদ্ধা রেখেই বলতে হয়, বার্সেলোনায় একজন ইনিয়েস্তা না থাকলে, একজন জাভি না থাকলে কিংবা একজন আলভেজ না থাকলে মেসি কি আর মেসি হয়ে উঠতেন! মেসির সঙ্গে তাল মিলিয়ে খেলতে পারা খেলোয়াড়ও তো চাই। ইনিয়েস্তা, জাভি, আলভেজরা তা পারেন।বার্সার রক্ষণের দিকে তাকান। সেখানে একজন আলভেজ আছেন, যিনি শুধু বার্সার রক্ষণই সামলান না, ডান প্রান্ত দিয়ে বার্সার অনেক সফল আক্রমণ রচনার ভিত্তিও হন। ইনিয়েস্তা আর জাভিরা সেতুবন্ধ রচনা করেন মাঝমাঠ আর আক্রমণভাগে। মেসিকে শুধু নিজের কাজটুকু নিয়ে ভাবলেই হয়। মাঝমাঠে এমন বিন্যাসের কারণেই আক্রমণে অনেক স্বাধীনতা নিয়েও খেলতে পারেন মেসি।আর আর্জেন্টিনা দলে? মাঝমাঠের প্রাণভোমরা হিসেবে আছেন হুয়ান ভেরন। এ কথা সবাই স্বীকার করবেন, ৩৪ বছর বয়সী ভেরন নামেই মাঝমাঠের প্রাণভোমরা বা প্লেমেকার। সত্যিকার অর্থে মাঠের ‘প্রাণ’ অংশটুকুর প্রাণ তিনি এ বয়সে আর হতে পারছেন না। তাই স্বাধীনভাবে খেলা হয় না মেসির। মাঝমাঠে এসে খেলা তৈরি এবং আক্রমণের নেতৃত্ব দেওয়ার কাজ—দুদিকেই নজর রাখতে হয় তাঁকে। শ্যাম রাখি না কুল রাখি—ভাবতে গিয়ে কোনোটিই আর রাখা হয়ে ওঠে না!তবে হ্যাঁ, বার্সেলোনার মেসিকে আর্জেন্টিনায় পাওয়ার একটা পথ আছে। আছে ২০১০ বিশ্বকাপটা মেসির নিজের করে নেওয়ার একটা পথ বাতলে দেওয়ার। সেটা আর্জেন্টিনা কোচ ডিয়েগো ম্যারাডোনার হাতে। রাগ, ক্ষোভ, অভিমান ভুলে তিনি যদি হুয়ান রোমান রিকেলমেকে আবার দলে ফিরিয়ে আনেন, মেসি তাহলে মাঝমাঠের কথা না ভেবে খেলতে পারেন নিজের মতো করে। আর তাহলেই যে মেসির আসল জাদুটা দেখা যাবে।ম্যারাডোনা কি মানবেন এ প্রস্তাব? আর্জেন্টিনা দলে মেসিকে ফিরিয়ে দেবেন বার্সেলোনার মেসি রূপে?