বার্সেলোনার হয়ে খেলার স্বপ্নে বিভোর আরশাভিন
বার্সেলোনার হয়ে খেলার স্বপ্নে বিভোর আর্সেনালের রাশিয়ান ফরোয়ার্ড আন্দ্রে আরশাভিন। বার্সেলোনায় খেলার স্বপ্ন তাঁকে এতটাই পেয়ে বসেছে যে, দলটির হয়ে মৌসুমে কেবল একটি ম্যাচ খেলার সুযোগ পেলেই তিনি সেটাকে তাঁর ক্যারিয়ারের সেরা প্রাপ্তি হিসেবে মনে করবেন। ‘স্প্যানিশ জায়ান্ট’ বার্সার বহুদিনের সমর্থক আরশাভিনের বিশ্বাস, একদিন না একদিন তিনি তাঁর প্রিয় ক্লাবের হয়ে খেলার সুযোগ পাবেনই।এ মাসের শুরুতেই চ্যাম্পিয়নস লিগে আরশাভিনের বর্তমান দল ইংলিশ জায়ান্ট আর্সেনাল ৬-৩ ব্যবধানে হেরে গেছে বার্সেলোনার কাছে। প্রিয় দলের কাছে নিজের দল আর্সেনালের এ হারটি অবশ্য একদমই মেনে নিতে পারছেন না আরশাভিন। আঘাতের কারণে সেই ম্যাচটি মিস করা আরশাভিনের জন্য অবশ্য মাঠের বাইরে বসে নিজ দলের হারটা মেনে নেওয়া একটু কঠিনই ছিল। তিনি বলেন, ‘বার্সেলোনা বিশ্বের সেরা দল। কিন্তু আর্সেনালের বিপক্ষে ম্যাচটি দেখে আমার সব আনন্দ মুহূর্তেই কষ্টে পরিণত হয়েছে। আমি বার্সেলোনার খেলার ধরন দারুণ উপভোগ করি। এই মুহূর্তে যেকোনো দলের চেয়ে বার্সা ভালো ফুটবল খেলছে।’