বাল থাকরে মহারাষ্ট্রে অনুপ্রবেশকারী
ভারতের রাষ্ট্রীয় জনতা দলের সভাপতি লালু প্রসাদ যাদব আজ রোববার এক ভাষণে বলেছেন, শিবসেনার নেতা বাল থাকরে, উদ্ধভ থাকরে ও রাজ থাকরের পূর্বপুরুষেরা ছিলেন বিহারের অধিবাসী এবং এ কারণে মুম্বাইয়ে তাঁরা অনুপ্রবেশকারী।মুম্বাই শহরে অবৈধভাবে বসতি স্থাপনকারী বিহারিদের তাড়িয়ে দেওয়া উচিত বলে রাজ থাকরে যে মন্তব্য করেছিলেন, তার জবাবে লালু প্রসাদ সাংবাদিকদের বলেন, ‘থাকরেদের পরিবার বিহার থেকে মহারাষ্ট্রে গিয়ে ঠাঁই নিয়েছে। মুম্বাইয়ে তারা অবৈধ অভিবাসী। তাদের উচিত যত তাড়াতাড়ি সম্ভব মহারাষ্ট্র ছেড়ে দেওয়া।’সাবেক মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় সরকারের মন্ত্রী লালু প্রসাদ আরও বলেন, ভারত সবার। এ দেশের যে কেউ চাইলে যেকোনো জায়গায় যেতে পারে; তা সে মুম্বাই, দিল্লি, চেন্নাই বা বেঙ্গালুরু—যেখানে খুশি।লালু বলেন, ‘মহারাষ্ট্রকে গড়ে তুলতে বিহারিরা কঠোর পরিশ্রম করেছে। তারা রাজ্যটির কোনো ক্ষতিও করছে না; সেখানে কোনো সমস্যাও তৈরি করছে না। ওই জায়গায় বিহারিদের বাস করার পূর্ণ অধিকার রয়েছে।’লালু অভিযোগ করেন, থাকরেরা সব সময় উত্তর ভারতীয়, বিশেষত, বিহারিদের পেছনে লেগে থাকে। তিনি বলেন, বিহারের মুখ্যমন্ত্রী থাকরেদের দাঁতভাঙা জবাব দিতে ব্যর্থ হয়েছেন। মুখ্যমন্ত্রীকে খোঁচা দিতে তিনি বলেন, ‘নীতিশ কুমার হলেন থাকরে পরিবারের পোষা তোতা।’কংগ্রেসের নেতা দিগ্বিজয় সিং গত সপ্তাহে থাকরেদের একচোট নিয়েছেন। রাজ থাকরের পিতামহ প্রবোধাঙ্কর থাকরের লেখা একটি বই উদ্ধৃত করে তিনি বলেন, থাকরেরা এসেছে বিহারের মগধ থেকে। এরপর তারা জীবিকার তাগিদে আর সব ভারতীয়ের মতো বিভিন্ন শহরে ঘুরে বেড়িয়েছে।মহারাষ্ট্র নবনির্মাণ সেনার সভাপতি রাজ থাকরে গত সপ্তাহে এক সাক্ষাত্কারে বলেছিলেন, মহারাষ্ট্রে বিভিন্ন অপরাধের মাত্রা ও সংখ্যা বৃদ্ধির জন্য কেবল পুলিশ দায়ী নয়, বরং বিহার, ঝাড়খন্ড ও উত্তর প্রদেশ থেকে আসা লোকজনই দায়ী। এদের অধিকাংশই বড় ধরনের অপরাধী বলে তিনি মন্তব্য করেন। একই সঙ্গে তিনি এসব লোকজনকে তাড়িয়ে দেওয়ার দাবি জানান।